ভালোবাসা ডট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার। সারা দিন ক্লাস শেষে ক্লান্ত দুপুরের ঘুমটা আজ দেওয়া হবে না। নতুন জামাটা ড্রয়ার থেকে নামালাম, আয়নায় নিজেকে দেখব। হোস্টেলের আয়না, ফুলস্ক্রিন দেখা যায় না, তবু সই! কী যায় আসে, পা পর্যন্ত কেমন দেখাল! আমার সাজগোজ...সেই হালকা একটু কাজল আর কালো টিপ। লিপস্টিক দেওয়া তার একদম পছন্দ না! আমার গুনগুন গান শুনে কাঁথার ভেতর থেকে মাথা বের করে মিতু। ‘কই যাও? ওহ্, আজ তো রোববার!’ মণি বাথরুমে, ওকে তাড়া দিলাম...‘তিনটা বেজে গেল তো! আমার দেরি হয়ে যাচ্ছে! কখন শেষ হবে গোসল?’...‘এই যে আসছি...।’ রোববার, আমার মন ভালোর দিন। হোস্টেল গেটে আইভি দাঁড়িয়ে। ওর বয়ফ্রেন্ড এসেছে। ‘একা একা কই যাও এই দুপুরে? ওহ্! ডেটিং?!’ জবাবে আমিও মুচকি হেসে দ্রুত রিকশায় উঠলাম। বললাম, ‘একাই ডেটিংয়ে যাই, তোদের মতো কপাল তো আর নেই!’ চকবাজার, দুই বছর ধরে আমার রোববারের গন্তব্য। পৌনে তিনটা! ‘উফ্ফ মামা! তাড়াতাড়ি!’ মেডিকেল থেকে চকবাজার পাঁচ মিনিটের রাস্তা, রোববার সেটা কেন হয়ে যায় পঞ্চাশ মিনিট!?২সারা দিন কোনো কাজ নেই। সাপ্তাহিক বন্ধ। ল্যাবের কাজপাগল বুড়োগুলো কেউ কেউ আসে, কিন্তু বাবুকে আজ কেউ ল্যাবে নিতে পারবে না! বাসার অবস্থা খারাপ। রাজ্যের এলোমেলো কাপড়, এঁটো প্লেট-বাসন। শাম্মা অসম্ভব গোছানো একটা মেয়ে, এই অবস্থা দেখলে রাগ করতে পারে। তাড়াতাড়ি যতটা পারলাম গুছিয়ে রাখি, সব নিয়ে রেখে এলাম পাশের ঘরে। ব্যস! এবার আর ও দেখতেই পারবে না! বাইরে আজ প্রচণ্ড ঠান্ডা। শার্টের ওপর জ্যাকেটটা পরে চুলটা হাত দিয়ে একটু ঠিকঠাক করি। চিরুনিটা যে কই?! গত রোববারেই মনে হয় শেষ মাথা আঁচড়ানো! অপেক্ষা এখন ছয়টা বাজার।এই ফাঁকে অ্যাসাইনমেন্টের কপিটা আবার দেখতে বসলাম। বুয়েটের লাইফে কোনো দিন এত সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন বিদেশে এসে মাস্টার্সটা আমাকে ২০০৭ নাগাদ শেষ করতেই হবে, আর ভালো লাগে না এখানে, একদম না। ৩চকবাজার ইলেকট্রনিকস মার্কেট। তিন তলা। ক্যাশে বসা রফিক আমাকে দেখেই বলে, ‘আপু, ইন্টারনেট কানেকশন তো নাই। সকাল থেকেই লাইনে ডিস্টার্ব।’... ‘মানে? কী বলতেছ?...‘জিইসিতে চলে যান, সেখানে লাইন পেলেও পেতে পারেন। তবে আশা কম।’ সারাটা দিন ধরে অপেক্ষা আর এখন শুনি লাইনে ঝামেলা! তিনটা বেজে গেছে। সিঁড়িতে ধপাধপ নেমে রিকশায় বসে হাঁপাতে হাঁপাতে বললাম, ‘জিইসি মোড়...’। ততক্ষণে চোখ ভিজে আসছে, যদি জিইসিতেও কানেকশন না থাকে!রিকশা ছুটছে, আর কাঁদছি আমি অপার হয়ে!৪৬.৩০ মিনিট, জাপান সময়। কী যে হলো আজ?! কোনো দিন তো এত দেরি হয় না! ফোনটা নিয়ে কল দিলাম ...জাপান বাংলাদেশ লং ডিসটান্স কল!...রিং হতেই প্রাইভেট নাম্বার ভেসে ওঠে শাম্মার ফোনে। বাবুর ফোন!...‘হ্যালো!...আজকে ব্রডব্যান্ড ডিস্টার্ব করছে। এখানে কোথাও নেট কানেকশন নাই। আমি জিইসি যাচ্ছি, যদি সেখানে পাই তাহলে...’ এক নিঃশ্বাসে বলে শাম্মা, কান্নাভেজা গলা ধরে আসে। ‘ওরে আমার পুতুল, চিন্তা কোরো না। আমি অপেক্ষা করছি তো। দেরি হলে প্রবলেম নেই। সাবধানে যেয়ো...’ আমি এপাশ থেকে বলি, ওপাশ থেকে শাম্মা কেঁদেই যায়।আজ রোববার, আমাদের ‘ডেটিং’ দিন! ভিডিও চ্যাটের দিন। সারা সপ্তাহ যেন এই দিনটার জন্যই পৃথিবীর দুই প্রান্তে বেঁচে আছি দুজন। কম্পিউটার স্ক্রিনের এপাশ-ওপাশে, তবু যেন কাছাকাছি থাকা, ভালোবাসায় থাকা! একে অন্যের জন্য অপেক্ষায় থাকা। জানি না কোথা থেকে আসে এই ভালোবাসা!ঘুমটা ভেঙে গেল স্বপ্নটা শেষ না হতেই। সেই রোববারগুলোর এই স্বপ্ন আমি এখনো প্রায়ই দেখি, জানি না বাবু দেখে কি না! প্রচণ্ড ঠান্ডা পড়ছে। ২১ ডিসেম্বর। আজ নাকি পৃথিবী ধ্বংস হবে! ধ্বংস হবে, কিন্তু এই ঠান্ডার জন্য! ঘড়িতে আড়াইটা। বাবু যথারীতি লেপ সরিয়ে গুটিসুটি দিয়ে ঘুমোচ্ছে... এই লেপ ফেলে দেওয়ার অভ্যাসটা ওর আর গেল না! উঠে টানাটানি করে লেপটা ঠিক করে দিলাম। যন্ত্রণা! একটা সময় হালকা একটু ডিস্টার্ব হলেও আর ঘুমোতে পারতাম না, এখন এই ডিস্টার্ব আজ পাঁচ বছরের অভ্যাস আমার! নিজের মনেই হেসে ফেললাম। দূরে থাকা দিনগুলো পার হয়ে এখন সঙ্গে থাকা দিন, ভালোবাসায় থাকার দিন। জানি না কোথা থেকে আসে এই ভালোবাসা!  তাহসিনাকলাবাগান, ঢাকা।