ভালোবাসা দিবস স্পেশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে ডি কে ল র স

তোমার প্রেমে আমি পাগল হয়ে যাচ্ছি।
আপনি মানসিক রোগের ডাক্তার দেখান। আমি সার্জারি বিভাগে আছি।

মেডিকেলে প্রেম হয় দু ভাবে। প্রথমত পড়া বুঝতে গিয়ে, দ্বিতীয়ত পড়া বোঝাতে গিয়ে।
কেন, পড়াশোনা ছাড়া আর কোনোভাবেই কি মেডিকেলে প্রেম হয় না?
হুম্, হয়। নতুন আরও কিছু পড়ার আছে কি না, সেটা জানতে গিয়ে।
‘আমার বুকের মধ্যিখানে মন যেখানে হূদয় সেখানে’—এটা কার গান? ভদ্রলোক অ্যানাটমির ‘অ্যা’-ও জানেন না। গ্রের অ্যানাটমিতে হূদয় বুকের মধ্যে থাকে না, হূদয় থাকে বুকের ঠিক বাঁ পাশে। যত সব অবৈজ্ঞানিক গান।

ক্যা ডে ট র স
বিশ্ব ভালোবাসা দিবসে ক্যাডেটদের তেমন কিছু করার থাকে না। তার পরও কিছু অত্যুৎসাহী ক্যাডেট আমার এক বন্ধুর রুমে হালকা নাচ-গানের আসর বসাল।
কীভাবে যেন সেটা হাউস মাস্টারের কানে গেল। তিনি আমাদের ডেকে পাঠালেন তাঁর অফিসে। বললেন, ‘এ দিবসটিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ২০-২৫ বছর আগেও এই দিবস ছিল না, অতএব এটা মোটেও গুরুত্বপূর্ণ কোনো দিবস নয়। বুঝেছ?’
আমার এক বন্ধু বলল, ‘জি স্যার, বুঝেছি। তবে তারও ২০-২৫ বছর আগে কিন্তু আপনিও ছিলেন না!’

ক্যাডেট কলেজে ক্যাডেটদের কাছে আসা চিঠিগুলো স্যাররা আগে পড়তেন। তারপর ক্যাডেটদের দিতেন। অবশ্য প্রেমপত্রগুলোর দেখা ক্যাডেটরা কখনো পেত না। সামরিক মহাবিদ্যালয়ে বেসামরিক প্রেমের কোনো স্থান ছিল না।
সে জন্যই ক্যাডেটদের জীবনের বড় একটা ট্র্যাজেডি হলো, তাদের কাছে আসা প্রথম প্রেমপত্রটি তারা নয়, তাদের শিক্ষকেরা পড়েন।
আমার অবশ্য এ রকম একটা চিঠি পড়ার সৌভাগ্য হয়েছিল; তবে এক হাতে চিঠি আর অন্য হাতে কান ধরে উঠবস করতে করতে। আমার ক্ষেত্রে ট্র্যাজেডি হলো, লজ্জায়-অপমানে আমি ‘পত্র প্রেরিকার’ নামটাই মনে রাখতে পারিনি!
চিঠি এলে যে শুধু পড়ে দেওয়া হতো তা নয়, চিঠি এলে সেগুলোও পড়ে ছাড়া হতো কলেজে। তো সেই পরিস্থিতিতে আমার এক রোমান্টিক বন্ধুর চিঠিটা ছিল এ রকম—
প্রিয় বাবা, সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আমার পরীক্ষা ভালো হয়েছে। আম্মা কেমন আছেন?
লক্ষ্মীটি কিছু মনে কোরো না, স্যাররা চিঠির প্রথম আর শেষ দিকটা পড়েন তো, তাই শুরু আর শেষে উল্টাপাল্টা বকেছি। তুমি তো জানোই, আমি তোমাকে কত ভালোবাসি...।
বাবা, নিজের ও মায়ের যত্ন নেবেন। ঠিকমতো ওষুধ-পথ্য খাবেন কিন্তু। আর একটা হাজারী নাগের রসায়ন বই কিনে কুরিয়ার করে পাঠাবেন। ভালো থাকবেন।
ইতি আপনার
সৌরভ