ভালোবাসা নাও হারিয়ে যেয়ো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই বলে, তুই নাকি মাদকাসক্ত। তুই আমাকে মিথ্যে বলিস, একদিন নাকি তোর জন্য আমাকে অন্ধকারের জালে জড়িয়ে পড়তে হবে। কিন্তু আমি তো জানি, তুই আমার বন্ধু। আমার বিশ্বাস, ফুলের সবটুকু সৌরভ আমি তোকে দিয়েছি। তোর প্রতিটা মিথ্যাও আমার কাছে জ্বলজ্বলে সত্য। আমি আমার বন্ধুটাকে প্রাণভরে ভালোবাসি। তাকে আমি কেমন করে অবিশ্বাস করব? তুই আমার কাছে প্রতিজ্ঞা করেছিলি, কখনো মাদক স্পর্শ করবি না। আমি জানি, তুই আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করবি না। তুই আমার সেই বন্ধু, যে একটা দিনও আমার ওপর রাগ করে থাকতে পারিস না। প্রতিদিন আমার সঙ্গে কথা বলা চাই-ই চাই। তুই আর আমি রিকশায় করে খুব ঘুরতাম। একদিন আমাকে ঢাকা মেডিকেল কলেজ দেখিয়ে বললি, তোকে ডাক্তার হতে হবে। প্রতিদিন সাদা একটা অ্যাপ্রন গায়ে জড়িয়ে এখানে আসবি। আর আমি তোর রোগী হয়ে আসব। সবাইকে নিয়েই তোর স্বপ্নের ছড়াছড়ি। এত সব রঙিন স্বপ্নের মধ্যেও কেন এমন দুঃস্বপ্নের হাতছানি? তোকে একদিন প্রশ্ন করেছিলাম, তুই কি সত্যি মাদকাসক্ত? সেদিন তুই নির্দ্বিধায় স্বীকার করেছিলি, বন্ধুদের সঙ্গে কৌতূহলবশত একবার প্যাথিডিন নিয়েছিলি। কিন্তু তা নাকি আমাকে প্রতিজ্ঞা করার আগে। সেদিন আবারও তুই আমার হাতটা ধরে বলেছিলি, ‘আর কখনো স্পর্শ করব না।’ তবে এখন কেন? তুই তো আমার সেই বন্ধু, যে অন্যের বিপদে চুপ থাকতি না, প্রাণপণে মানুষকে সাহায্য করতি। তোর মধ্যে ছিল এক অনন্যপ্রতিভার হাতছানি। তুই ভালো গান গাইতি, ছবি আঁকতি। তবে তুই কেন মাদকের মরণজালে জড়িয়ে নিজের জীবনকে ক্ষতবিক্ষত করছিস? কেন তুই অন্ধকারে ডুবে যাবি? কোথায় তোর অপূর্ণতা? কেন এই আত্মধ্বংসের ভয়ংকর খেলায় মেতে উঠেছিস? আমি আমার বন্ধুকে ফিরে পেতে চাই। তোর মধ্যে ওই সূর্যের তীক্ষতা চাই। তোর মনের দ্যুতিতে তোর চারপাশ আলোকিত করবি, এই আমার চাওয়া। অন্ধকার নয়, তোকে আলোর পথের যাত্রী হতে হবে। আমি তোকে পথ দেখাব, তোকে হাত ধরে নিয়ে যাব এক শুভ্র জগতে। আমি তোকে বলছি, একবার শুধু আমার দিকে হাতটা বাড়িয়ে দে, ছুড়ে ফেলে দে ওই সব মারণ বিষ। আমি তোর হাতে তুলে দেব অনেক জোনাকি পোকা। নিকষ আঁধারে যে সারাক্ষণ শুধু বলে বেড়ায়, ‘ভয় পেয়ো না। দেখো, এই তো আলো, এই তো জীবন।’ তোকে বাঁচতে হবে নতুন করে, নতুনভাবে, নতুন সব স্বপ্ন নিয়ে। সবাই তোর পাশে থাকবে। তুই ফিরে আয় ওই অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে। তাকিয়ে দেখ, সামনে তোর জন্য অপেক্ষা করছে স্বপ্নিল এক রঙিন পৃথিবী। শুধু তোরই জন্য আজ আমার এই খোলা চিঠি...।নাম প্রকাশে অনিচ্ছুকদনিয়া, ঢাকা।