রোগ হিসেবে সবচেয়ে আতঙ্ক ছড়ানো রোগটির নাম বোধ হয় ক্যানসার। রোগী তো বটেই, যাঁরা তাঁর সঙ্গে থাকেন, কী যে অপরিসীম শারীরিক-মানসিক যন্ত্রণার সঙ্গে তাঁদের অহর্নিশ যুদ্ধ করতে হয়! দোভাষীর মাধ্যমে জানাচ্ছিলেন চীনের বোয়াই মেডিকেল গ্রুপের মডার্ন ক্যানসার হাসপাতালের ক্যানসারবিশেষজ্ঞ ফং শিয়াও ছ্রি। ‘আমাদের ক্যানসার চিকিৎসাপদ্ধতির মূল লক্ষ্য রোগীর রোগ নিরাময় ও পার্শ্বপ্রতিক্রিয়ার কষ্ট লাঘবের পাশাপাশি রোগীর স্বজনদের আশ্বস্ত করা।’চীনের দক্ষিণের শহর গুয়াংঝুতে অবস্থিত এ হাসপাতালের একটি সম্মেলনকক্ষে বসে কথা হচ্ছিল। ইন্দোনেশিয়ার একজন ক্যানসারে আক্রান্ত রোগীর টিউমারে অস্ত্রোপচারের সরাসরি ভিডিওচিত্র দেখানোর ফাঁকে ফাঁকে এসব বলছিলেন ফং। বোঝানোর চেষ্টা করছিলেন, কীভাবে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ক্রায়োথেরাপির মাধ্যমে ক্যানসার নির্মূল করা সম্ভব। ফং জানান, ক্যানসার নিরাময়ের লক্ষ্যে তাঁদের হাসপাতালে রয়েছে ক্রায়োথেরাপিসহ মোট ১৩ রকমের আধুনিক চিকিৎসাব্যবস্থা। চীনের নিজস্ব চিকিৎসাপদ্ধতির সঙ্গে পাশ্চাত্যের আধুনিক ক্যানসার চিকিৎসার মেল বন্ধন ঘটিয়েছেন বোয়াই মেডিকেল গ্রুপের ক্যানসারবিশেষজ্ঞরা। সুস্থ কোষের ক্ষতি না করে শুধু ক্যানসার কোষ ধ্বংস আর রোগীর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সফল হয়েছেন তাঁরা।ক্রায়োথেরাপি, ইমিউনোথেরাপি ও গ্রিন কেমোথেরাপি থেকে শুরু করে ইন্দো-পার্টিকেল নাইফসহ সব মিলিয়ে ক্যানসার চিকিৎসার ১৩টি পদ্ধতি ব্যবহারের দক্ষতা রয়েছে এ হাসপাতালের চিকিৎসকদের। ক্যানসারের ধরন, প্রকৃতি আর রোগীর সার্বিক অবস্থা বুঝে এ পদ্ধতিগুলো ব্যবহার করেন তাঁরা।চীনের শহরগুলোর মধ্যে ১৯৭৮ সালে গৃহীত পুনর্গঠন নীতিমালার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বোধ হয় অধুনা নাম বদলে যাওয়া ক্যানটন, যার বর্তমান নাম গুয়াংঝু। চীনের দক্ষিণের প্রদেশ গুয়াংডংয়ের রাজধানী গুয়াংঝুর এয়ারপোর্ট থেকে শুরু করে এ শহরের বাড়িঘর, চারপাশ, মানুষ মায় সংস্কৃতিও বদলেছে সময়কে হার মানিয়ে, দ্রুততম গতিতে। ঠিক যেন এ গতির সঙ্গেই তাল মিলিয়েছে এর চিকিৎসাসেবার মানও।বোয়াই মেডিকেল গ্রুপের কার্যালয়ে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে গ্রুপটির প্রেসিডেন্ট লিন ঝি ছেং জানান চিকিৎসাক্ষেত্রে তাঁদের এগিয়ে যাওয়ার কথা। লিন ঝি ছেং বলছিলেন, ‘আজ আমরা দেশের মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিশ্বমানের সেবাদানের নিশ্চয়তা দিচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে, বিশেষ করে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে।’ ১৯৯৮ সালে সাংহাইয়ে একটি হাসপাতাল নির্মাণ করে বোয়াই মেডিকেল গ্রুপ। ২০০০ সালে আইএসও সনদ পায় বোয়াই। গুয়াংঝুতে ২০০৫ সালে স্থাপন করা হয় মডার্ন ক্যানসার হাসপাতাল। ২০১২ সালে এটি সম্পর্কযুক্ত হয় ইউআইসিসি বা ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোলের সঙ্গে। বোয়াই প্রেসিডেন্ট লিন ঝি ছেং কথা প্রসঙ্গে জানান, মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানও স্থাপন করছেন তাঁরা, ভবিষ্যতে যাতে বোয়াইয়ের দক্ষ চিকিৎসকেরা আরও উন্নত সেবা দিতে পারেন।হাসপাতালে দেখা হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসা হাফেজ আহমেদ ভূঁইয়ার সঙ্গে। তিনি জানালেন তাঁর চিকিৎসাসেবার বিষয়টি—হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ, দোভাষী, সার্বক্ষণিক সহায়তার কথা।এর আগে হাসপাতালে ঢোকার সময়ই একতলায় চোখ পড়েছিল অভ্যর্থনার ছোট কিন্তু সুন্দর করে সাজানো ডেস্কগুলোর দিকে। এর একটি ডেস্কে বাংলায় লেখা: ‘ভালোবাসা সীমানাবিহীন’! ভাষার যৎসামান্য সীমাবদ্ধতা ছাড়া যে আধুনিক আয়োজন আর সেবা নিয়ে মডার্ন ক্যানসার হাসপাতাল অপেক্ষা করছে, সেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশের ক্যানসারে আক্রান্ত রোগীরাও ইদানীং চিকিৎসা নিতে যাচ্ছেন।মডার্ন ক্যানসার হাসপাতালের প্রধান নির্বাহী ওয়াং হুয়াই জং জানান, তাঁদের হাসপাতালের উন্নত চিকিৎসার বিবেচনায় এর চিকিৎসাব্যয়ের তুলনা করলে তা সিঙ্গাপুর বা থাইল্যান্ডের চেয়ে সাশ্রয়ী। ক্যানসার চিকিৎসায় বাংলাদেশের অধিকাংশ রোগীর বড় সমস্যা সঠিক সময়ে রোগ নির্ণয় আর চিকিৎসাব্যয়। চীনে চিকিৎসাব্যয় সার্বিক বিচারে কম হলে স্বল্প খরচে উন্নত চিকিৎসা নিতে এ দেশের মানুষ চীনে যাবে বৈকি।জেনে নিন বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য ঢাকায় হাসপাতালের একটি স্থানীয় কার্যালয় রয়েছে। সেখানে একজন চিকিৎসকও আছেন। রোগীর পূর্ব ইতিহাসের কাগজপত্র নিয়ে গেলে ক্যানসার চিকিৎসাসংক্রান্ত পরামর্শ বা চিকিৎসকের নির্দেশনার পাশাপাশি চিকিৎসা পরিকল্পনার বিষয়টিও যেখানে বিনা পয়সায়ই মিলবে। বাংলাদেশ কার্যালয়ের ঠিকানা: নাভানা টাওয়ার, নয়তলা, স্যুট সি, গুলশান ১, ফোন: ০১৭৭৫১০৫৫৫৫। রোগী ও তার সঙ্গীর পাসপোর্ট, এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। রোগী চাইলে ব্যক্তিগত উদ্যোগেও ভিসার জন্য চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারে। গুয়াংঝু পৌঁছানোর পর বাইয়ুন বিমানবন্দরে অপেক্ষারত হাসপাতালের গাড়িতেই হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। হাসপাতালে রোগীর সঙ্গীর থাকার সুব্যবস্থা রয়েছে। আছেন সার্বক্ষণিক দোভাষী ও নার্স। এ ছাড়া রুম সার্ভিস, বিনামূল্যে লন্ড্রি সার্ভিস, আলাদা রান্না করে খাওয়ার সুবিধা দিতে রান্নাঘর, নিজ পছন্দের খাবারসহ নিরামিষ খাবারের সুবিধা আছে। হাসপাতালের ভেতরই রয়েছে ধর্মীয় আচার পালনের ব্যবস্থা, বিনামূল্যে ইন্টারনেট, ফটোকপি, ফ্যাক্স, মেইল সুবিধা। শহর ভ্রমণের সহায়তাও মিলবে।