
২০১১ সালের কথা। নরওয়েতে গিয়েছিলেন কাজী মনিরুল কবীর। পেশায় মার্কেটিং প্রফেশনাল, বর্তমানে বাংলাদেশে গুগলের কান্ট্রি কনসালটেন্ট। নরওয়ের রাস্তায় তিনি একদিন দেখতে পেলেন একজন দুস্থ বৃদ্ধকে পুলিশ ঘিরে রেখেছে। কাছে গিয়ে জানতে পারলেন, সেই বৃদ্ধ আত্মহত্যা করতে চেয়েছিলেন। সেদিনই কাজী মনিরুল কবীরের মনে হয়েছিল, দুস্থ বয়স্ক মানুষদের জন্য কিছু একটা করতে হবে।
দুস্থ বয়স্কদের জন্য কিছু করার বিষয়টা নিয়ে ভাবতে থাকেন মনিরুল। শুরুটা কীভাবে করা যায়, তা নিয়ে কথা বলা শুরু করলেন বন্ধুদের সঙ্গে। একসময় তিনি এবং তাঁর বন্ধুরা মিলে গড়ে তুললেন কেয়ার ফাউন্টেন নামের একটি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান বন্যার্তদের বিশুদ্ধ পানি সরবরাহ, রামুর ঘটনায় পুড়ে যাওয়া একটি স্কুলে সাহায্য করেছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজ ১২ ফেব্রুয়ারি থেকে ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হচ্ছে ‘কোড লাভ’ নামে ভিন্ন ধরনের এক প্রদর্শনী। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।এখানে ভালোবাসার ১৪টি বিখ্যাত উদ্ধৃতিকে ভিত্তি করে স্থাপনাশিল্প (ইনস্টলেশন) তৈরি করা হয়েছে। আবার সেই উদ্ধৃতিগুলোকে সাংকেতিকভাবে কিউআর (কুইক রেসপন্স) কোডে রূপান্তর করা হয়েছে।

অভিনব এই প্রদর্শনী নিয়ে কাজী মনিরুল কবীর বলেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশের ধরন দিনে দিনে বদলে যাচ্ছে। কীভাবে সেই পরিবর্তন ঘটছে। সেটিই আমরা দেখিয়েছি এই প্রদর্শনীতে। যাতে মানুষের ভাবনা ও মনে নাড়া দেয়। এটি দেখে তারাও যেন উদ্যোগী হয়। তাহলেই আমরা সার্থক। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাঁর আরও যত্ন আরও ভালোবাসা প্রয়োজন। বাস্তবতায় দেখা যায়, তাঁরা অন্যের বোঝা হয়ে যাচ্ছেন। তাই ছোট পরিসরে তাঁদের জন্য কিছু করার উদ্যোগ নিতে চেয়েছি আমরা। তখন মনে হলো এবারের ভালোবাসা দিবস থেকেই তো আমরা শুরু করতে পারি। এমন ভাবনা থেকে এই আয়োজন। আমাদের এই কাজ থেমে থাকবে না, সারা পৃথিবীতে এটি ছড়িয়ে দিতে চাই আমরা।’
এই প্রদর্শনীতে আরও থাকবে নানা আয়োজন। স্থাপনাশিল্পের শিল্পকর্ম কেনার সুযোগ থাকবে। বিক্রির অর্থ দুস্থ বয়োজ্যেষ্ঠদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এ ছাড়া এই প্রদর্শনীতে গিয়ে দর্শকেরা অকপটে জানাতে পারবেন নিজেদের ভালোবাসার কথা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে ভালোবাসার গান, কবিতা, চিঠি ও না বলা কথা জানানোর ব্যবস্থা। এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিশিষ্টজনদের সঙ্গে দর্শকেরাও সমানভাবে অংশ নিতে পারবেন।