ভালোবাসার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার অনুভূতি কত রকম হতে পারে? সে যা-ই হোক, সব অশ্রু মুছে ফেলি/সব দুঃখ ভুলে যাই/শুধু এই প্রেমের গৌরবে। মহাদেব সাহার কবিতার এ প্রতিশ্রুতির পূর্ণতা দিতে পারে শুধু ভালোবাসার মানুষই। সে হতে পারে বিশেষ একজন, পরিবারের কেউ বা বন্ধু। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আবার ঠিক তার আগের দিনটাই তো বসন্তের প্রথম দিন। এমন উপলক্ষে প্রিয়জনকে একটি ছোট্ট উপহার, শুভেচ্ছা কার্ড অথবা ফুল দিয়ে যদি বলা হয়, ‘ভালোবাসি তোমাকে’, তাহলে কেমন হয়? পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে উপহারসামগ্রী পাওয়া যাচ্ছে শপিং মল ও ফ্যাশন হাউসগুলোতে। পাওয়া যাচ্ছে ভালোবাসার বাণী লেখা মগ, কার্ড, টি-শার্ট। ঢাকার ইন্দিরা রোডের সিজন পয়েন্টের বেশ কিছু দোকান ভালোবাসা দিবসের বর্ণিল সব উপহারে সজ্জিত হয়েছে। নিচতলায়ই পাবেন নানা রকম শোপিস, কার্ড, ছবির ফ্রেম, অ্যালবাম, ফুল, গাছ, লতা আরও কত কী। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের ভার্টিকেলে পাবেন দেশীয় সব উপহারসামগ্রী। তাদের স্বত্বাধিকারী মাসুদুর রহমান জানান, ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড় রেখে উপহারসামগ্রীর দাম নির্ধারণ করা হয়েছে। সিঁড়ি ভেঙে ওপরে গেলে ‘বিসর্গ’তে পাবেন পাখির পালকের দুল, মাটি ও ধাতুর তৈরি গয়না।নিজেই নকশা করে উপহার দিতে পারেন প্রিয়জনকে। সে জন্য চলে আসুন কাঁটাবন রোডে। এখানকার নানা দোকান থেকে পছন্দমতো মগে নকশা করিয়ে নিতে পারেন। এখানে টোটাল প্লাস লিমিটেড থেকে জানা গেল, মগে পছন্দের দু-একটি লাইন, নিজেদের ছবি প্রিন্ট করানো যাবে। প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন গানের অ্যালবাম বা তার পছন্দের সিনেমার ডিভিডি। ভালোবাসা দিবসে ফ্যাশন হাউস বিবিয়ানার আয়োজনে থাকছে যুগল পোশাক। বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার জানান, ফাল্গুন এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পোশাকে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। বন্ধুদের জন্য ছোট গয়না আর শোপিস নিতে পারেন। সিজান পয়েন্টে বিভিন্ন কার্ডের দাম পড়বে ৮০ থেকে ৫০০ টাকা, শোপিস ১০০ থেকে দুই হাজার টাকা, ছবির ফ্রেম ১০০ থেকে এক হাজার টাকা। নিউমার্কেট থেকে হাতে বাঁধা ব্যান্ড পাবেন ৫০ থেকে ৫০০ টাকায়। ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী একুশে বইমেলা। ভালোবাসা দিবসে প্রিয়জনকে দিতে পারেন বই।আর ফুল তো থাকছেই।