ভালোবাসার একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাস ছেড়েছি তা-ও দুই বছর। তামান্না ক্যাম্পাসে এসেছে আমাদের ব্যাচ বেরোনোর ছয় মাস পর। ফেসবুকেই প্রথম পরিচয়। আড্ডাবাজ তকমা গায়ে থাকায় অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও সহজেই তামান্নার সঙ্গে খুব ভালো সম্পর্ক হলো। ফেসবুকে অবশ্য আমাদের কথাগুলো ছিল খুবই ছকবাঁধা। এই যেমন তামান্না জানতে চাইত, জব সেক্টর কেমন? কখনো-বা পড়াশোনার টিপস। আমি তার কাছে শুনতাম ক্যাম্পাসের বর্তমান হালচাল।
আমার আপু-দুলাভাই সিলেটে থাকেন বলে ছুটি পেলেই চলে যেতাম সেখানে। সেই অছিলায় ঘুরে আসতাম আমার প্রিয় ক্যাম্পাস। ক্যাম্পাসে গেলে ওর সঙ্গে দেখা করা ছিল বাধ্যতামূলক। তামান্নার ছিল ছবি তোলার শখ। আমিও ছবি তুলতে ভালোবাসি। কিন্তু এই ছবি তোলা, পড়াশোনার টিপস, সমাজ-সংস্কৃতি নিয়ে গল্পগুজবের মধ্যে একসময় চলে আসে আরও কিছু বিষয়। যা একান্তই নিজস্ব। অফিস থেকে বাসায় ফিরে প্রতিদিন নিয়ম করে চ্যাটিং হতো, ফোনে কথাও বলতাম কখনো। তামান্না সরাসরি কিছু বলত না, তবে হাবভাবে বোঝা যেত, আমি বললেই সে এককথায় রাজি।
এর মধ্যেই এল আমাদের কলেজের দশম বর্ষপূর্তির অনুষ্ঠান। দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসবে আমি গেলাম ক্যাম্পাসে। তামান্না দেখলাম একটা শাড়ি পরেছে। নীল জমিনে কালো পাড়। আমিও পাঞ্জাবি পরেছি। তামান্নাকে সামনে দেখে বললাম, আমাদের দুজনের পোশাক মানিয়েছে বেশ, চলো একটা ছবি তুলি। তামান্না হাসতে হাসতে পাশে এল। সেলফি তুলতে গিয়ে তামান্না আস্তে করে বলল, এবার নীল শাড়িতে ছবি তুললাম, পরে যদি লাল শাড়িতে ছবি তুলতে চাই তখন? কী উত্তর দেব খুঁজে পাচ্ছিলাম না। একটা হাসি দিয়ে বললাম, ছবি তুলতে আমিও রাজি, তবে আমার মাথায় তখন একটা পাগড়ি থাকবে।
ফজলে রাব্বি
ঢাকা