ভালোবাসার কলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলমের কালি শেষ হয়ে গেলে সেটা আপনি কী করেন? নানা ধরনের উত্তর আসতে পারে। তবে চট করে বেশির ভাগ মানুষ হয়তো বলবেন, ফেলে দিই। তবে লক্ষ্মী এন মেনন যে বিশেষ ধরনের কলম উদ্ভাবন করেছেন, সেটা কিন্তু ফেলে দেওয়া হয় না। তাহলে? তা ব্যবহৃত হয় পরিবেশ রক্ষায়। কলম কীভাবে পরিবেশ রক্ষায় ব্যবহৃত হয়? ভারতের কেরালার এই মেয়ে যে কলম বানিয়েছেন, সেটার শেষ ভাগে থাকে বকফুল গাছের বীজ। বকফুল ঔষধি ও উপকারী গাছ।

তাই সে কলমের কালি শেষ হয়ে গেলে ফেলে দেওয়া হয় না। সেটা মাটিতে রোপণ করা হয়। উদ্যোক্তারা বলছেন, রোপণের পর একটু যত্ন-আত্তিতেই বেড়ে ওঠে বকফুল গাছের চারা। এই কলমকে আকর্ষণীয় করতে সুন্দর একটি নামও দেওয়া হয়েছে—লাভ পেন বা ভালোবাসার কলম। ২০১৬ সালে বিশ্ব পরিবেশ দিবসে এই কলমগুলো বিনা মূল্যে কেরালার একটি স্কুলের ৫০০ শিক্ষার্থীর হাতে দেওয়া হয়। উদ্যোক্তারা বলেছেন, বাচ্চাদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতেও সাহায্য করবে এই কলম। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া