ভালোবাসার টানে ইতামি থেকে কোনাবাড়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রমহিলার মুখ হাসি হাসি। মাথায় বয়-কাট চুল। চোখে সোনালি ফ্রেমের চশমা। দুই পাশে দুই হাতে ধরে রেখেছেন দুটো ছেলেমেয়েকে। বাচ্চা দুটোর মুখেও হাসি।কেউ বলে দেয়নি। কিন্তু এক দেখাতেই আমরা বুঝতে পারি, ইনিই সেই মহীয়সী জাপানি নারী, যার কারণে আমরা হাজির গাজীপুরের কোনাবাড়ীতে।‘ইউরিকো কাওয়ামুরা’ পেছন থেকে সঠিক উচ্চারণে তাঁর নামটা জানিয়ে দেন আজিজুল বারী। অ্যানজেল অ্যাসোসিয়েশন প্রশাসনিক ভবনের অতিথিকক্ষে ঝোলানো দেয়ালের ছবি থেকে আমরা দৃষ্টি ফেরাই বাইরে। সবুজ আর শান্তি যেন হাত ধরাধরি করে আছে পুরো জায়গাটায়। গাছগাছালি ছায়া মেলে আছে।রাস্তাগুলো ঝকঝকে, তকতকে। কোথাও হইহল্লা নেই। সবদিক নিরিবিলি সুনসান।অথচ পুরোদমে কাজ চলছে সব কটি ভবনে।হস্তশিল্প প্রশিক্ষণকেন্দ্রে কাজ করছেন মেয়েরা। কেউ বানাচ্ছেন নকশিকাঁথা। কেউ বানাচ্ছেন ব্যাগ। স্বাস্থ্যসেবাকেন্দ্রে পুরোদমে রোগী দেখা চলছে। প্রায় ৪৬ বিঘা এলাকার সব জায়গাই যেন আশ্চর্যভাবে কোনাবাড়ী এলাকার অন্য সবকিছু থেকে আলাদা। এখান থেকেই পরিচালিত হয় জাপানি স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানজেল অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যক্রম।ইতামি থেকে কোনাবাড়ীইন্টারন্যাশনাল অ্যানজেল অ্যাসোসিয়েশনের শুরুর গল্পটা জানতে আমাদের চলে যেতে হবে অনেক দূরে। সূর্যোদয়ের দেশ জাপান। সময় ১৯৮২। জাপানের হিয়োগো জেলার ইতামি শহর থেকে গল্পের শুরু। সেখানে আমরা খুঁজে পাব ইউরিকো নামের এক মমতাময়ী মাকে। তার দ্বিতীয় কন্যা নাওকো প্যারালাইসিসে আক্রান্ত।মা ইউরিকো মেয়ের কষ্ট দেখেন আর ভাবেন, পৃথিবীর আরও কত মানুষ এর চেয়ে অনেক বেশি কষ্টে আছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আক্রান্ত জাপানের মানুষের কষ্ট খুব কাছ থেকেই দেখেছিলেন ইউরিকো।‘বিশ্বজুড়ে ভালোবাসা’ এই ভাবনা নিয়ে ইউরিকো শুরু করেন অ্যানজেল অ্যাসোসিয়েশনের কাজ। সাধারণত এসব কাজে শুরুতে কেউ বেশি উৎসাহ দেখাতে চায় না। তাঁর বেলায় তেমনটি ঘটল না। তাঁর বন্ধুবান্ধব ও কাছের মানুষজন এগিয়ে এল উৎসাহ নিয়ে।তাদের সবার স্বেচ্ছাশ্রমে ইতামি শহরে যাত্রা শুরু হয় অ্যানজেল অ্যাসোসিয়েশনের। শুরুর দিকে পুরোনো কাপড়চোপড় জোগাড় করে সেগুলো বিক্রি করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন ইউরিকো।বছর দুয়েক পর বন্ধুবান্ধবের একটা দল নিয়ে ইউরিকো বেড়াতে এলেন বাংলাদেশে।প্রথম দেখাতেই সবুজ-শ্যামল এই দেশটাকে ভালো লেগে গেল তাঁর। কিন্তু ভাষা অজানা। ভৌগোলিক দিক থেকেও দুটো দেশ খুব কাছে নয়। কীভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন ইউরিকো? সমাধান মিলল আজিজুল বারী নামের এক বাংলাদেশি তরুণের সঙ্গে সাক্ষাতের পর।বারী ঢাকার গোপীবাগের ছেলে। তাঁর ছিল বিদেশি ভাষা শেখার আগ্রহ আর সমাজকর্মের দিকে ঝোঁক। জাপানি ভাষা শিখতে গিয়েই পরিচয় ইউরিকোর সঙ্গে।‘আমি তরুণ সংঘ নামের একটি সংগঠনের সঙ্গে কাজ করতাম। রাশিয়ান লেখক আন্তন মাকারেঙ্কোর লেখা বাঁচতে শেখা নামের একটি বই আমাকে দারুণভাবে আন্দোলিত করে। ইউরিকোর সঙ্গে পরিচয়ের কারণে মানুষের জন্য কাজ করাটা আরও বেশি সহজ হয়ে গেল।’ বলছিলেন আজিজুল বারী।ইউরিকোর সঙ্গে তাঁর ভাবনাচিন্তা মিলে গেল। এর মধ্যে ভাষা শিক্ষার ক্লাসে প্রথম হলেন বারী। তাঁর মাস্টার্স করার সুযোগ ঘটল জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ে। এভাবে জাপানের মানুষজনের সঙ্গে সখ্য বাড়ল। দুজন মিলে শুরু করলেন স্বপ্ন সম্ভব করার কাজ। ১৯৮৬ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অ্যানজেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার কার্যক্রম।‘মিরপুর ১২ নম্বরের দিকে ছোট একটা দোতলা বাড়ি ভাড়া করি আমরা। তখন চারদিকে ছিল ধানখেত। সেখানে মোট ১২ জন অনাথ বাচ্চার দেখাশোনা করতাম। কিন্তু শুধু এই অল্প কাজে মন ভরছিল না। নিজেদের কাজের পরিধি বাড়ানোর জন্য জায়গা খুঁজতে থাকি। ১৯৮৮ সালে গাজীপুরের কোনাবাড়ীতে পছন্দসই জায়গা পেয়ে যাই। সেখানেই তৈরি করলাম নতুন শিশু সদন।’ আজিজুল বারী বলছিলেন অ্যানজেল অ্যাসোসিয়েশনের শুরুর গল্প।মিরপুর থেকে শুরু হয়েছিল বাংলাদেশে অ্যানজেল অ্যাসোসিয়েশনের অভিযাত্রা। কোনাবাড়ীতে গিয়ে তাদের কাজকর্মের পরিধি বেড়েছে বছর বছর। গরিব ও মেধাবীদের জন্য চালু হয়েছে ছাত্রকল্যাণ বৃত্তি। যোগ হয়েছে হস্তশিল্প প্রশিক্ষণকেন্দ্র, পাঠাগার, নারীশিক্ষা কার্যক্রম, কৃষি প্রশিক্ষণকেন্দ্র ও আরও অনেক কার্যক্রম।বেড়েছে কোনাবাড়ী শিশু সদনে প্রতিপালিত শিশুদের সংখ্যাও। এ পর্যন্ত প্রায় ১৫০ জনের মতো অনাথ-অসহায় ছেলেমেয়েকে নতুন জীবনের দিশা দিয়েছে এই শিশু সদন। এখানকার বাসিন্দাদের থাকা-খাওয়া, পড়ালেখা—সবকিছু ফ্রি।আমরা যখন শিশু সদন দেখতে যাই, তখন চারদিক চুপচাপ। দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। বাচ্চারা স্কুল থেকে ফিরে আসবে একটু পরেই। হামিদুল হকের সঙ্গে দেখা হয়ে গেল করিডরে। তাঁর বাড়ি পাশের গ্রামেই। এই শিশু সদনে থেকে পড়ালেখা করেছেন। এখন কাজ করছেন এই শিশু সদনেই। এই তরুণ একা নন। শিশু সদনে বেড়ে ওঠা অনেকেরই কাজের সুযোগ হয়েছে অ্যানজেল অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায়। বিদেশে বৃত্তি নিয়ে পড়াশোনাও করতে গেছে কেউ কেউ।ইউরিকোর ভালোবাসায় গড়া অ্যানজেল অ্যাসোসিয়েশন এ পর্যন্ত অর্ধশর বেশি স্কুল তৈরি করেছে গোটা বাংলাদেশে। তাদের গড়া পাঠাগারগুলো উন্মুক্ত এলাকার সব রকম মানুষের জন্য। স্থাপন করেছে শ খানেক নলকূপ ও দেড় শতাধিক টয়লেট। এভাবেই নানামুখী কাজে মমতা আর ভালোবাসা ছড়াচ্ছে অ্যানজেল অ্যাসোসিয়েশন।যে ভিনদেশি নারীর স্নেহছায়ায় শ্যামল-সুন্দর হয়ে উঠেছে কোনাবাড়ীর ৪৬ বিঘা এলাকা, তিনি এখন শুধুই দেয়ালে ঝোলানো ছবি। ২০০৪ সালে ইউরিকো চলে গেছেন অন্য ভুবনে। ফেরার পথে অফিস ভবনের সামনের স্মৃতিসৌধটি ক্ষণিকের জন্য মনে করিয়ে দেবে ইউরিকো কাওয়ামুরা নামের সেই মমতাময়ীকে। স্মৃতিসৌধের গায়ের লেখাটিও নজরে পড়ে যেতে পারে আপনার। যেখানে পাশাপাশি জাপানি ও বাংলা ভাষায় লেখা—শান্তির পৃথিবী প্রার্থনায় সমুদ্র পাড়ি দেয় মানুষভালোবাসা পাড়ি দেয় দেশ থেকে দেশে। ইউরিকোর ইশকুলসামনে বিশাল সবুজ মাঠ। মাঠের ধারে ঝকমকে সাদা ভবনটা মাথা উঁচু করে দাঁড়িয়ে। আশপাশের নোংরা কাদা আর শিল্পবর্জ্যে পয়মাল রাস্তাঘাটকে উপহাস করছে যেন পাঁচতলা ভবনটা। সামনের সাইনবোর্ড দেখে বিশ্বাস করে নিতে হয়, এটা শুধুই একটা স্কুল। এখানে পড়ালেখা হয় দশম শ্রেণী পর্যন্ত। আজিজুল বারী জানালেন, এখানে শুধু নার্সারিতেই ছেলেমেয়ে ভর্তি করানো হয়। কারণ, সৎ মানুষ হওয়ার শিক্ষাটা একদম গোড়া থেকেই দেওয়া উচিত বলে মনে করেন তাঁরা।বারান্দা, সিঁড়ি মানেই পানের পিক, আধ খাওয়া সিগারেট—এ তো মেনেই নিয়েছি আমরা। কিন্তু এখানে পুরোপুরি ভিন্ন চিত্র। ঝকমকে সাদা পাঁচতলা স্কুল ভবনটার কোথাও ময়লা-আবর্জনার চিহ্ন বলতে নেই। একটা ছেঁড়া কাগজের টুকরাও চোখে পড়ল না ৪৫০-এর বেশি শিক্ষার্থীর এই স্কুলের খেলার মাঠের কোথাও। শিক্ষার্থীরা নিজেরাই পরিচ্ছন্ন রাখে তাদের বিদ্যালয় ভবন। ইউরিকো অন্য ভুবনে পাড়ি জমানোর পর ২০০৫ সালে তাঁর স্মৃতিতে তৈরি হয় ইউরিকো অ্যানজেল স্কুল।