ভালোবাসার তালা ঝোলানো নিষিদ্ধ হচ্ছে প্যারিসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাভ লক’ বা ভালোবাসার তালা ঝোলানোর পর প্যারিসের একটি সেতুতে দুই তরুণ-তরুণী। ছবি: দ্য গার্ডিয়ান
‘লাভ লক’ বা ভালোবাসার তালা ঝোলানোর পর প্যারিসের একটি সেতুতে দুই তরুণ-তরুণী। ছবি: দ্য গার্ডিয়ান

ভালোবাসায় তালা মেরে চাবিটা ছুড়ে ফেলুন শ্যেন নদীতে। আর ভাঙবে না প্রেম! আলাদা হবে না প্রেমের জুটি! এমন সরলপ্রাণ বিশ্বাসেই প্যারিসের সেতুগুলোতে ‘লাভ লকস’ বা ‘ভালোবাসার তালা’ ঝুলিয়ে দিয়েছে প্রায় সাত লাখ জুটি। তরুণ কপোত-কপোতীদের জন্য এটা অনেকটা যেন ‘শিল্প আর প্রেমের রাজধানী’তে নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া, নিজেদের জন্য এক স্মৃতির জানালা খুলে রেখে যাওয়া। ফরাসি ও বিদেশি পর্যটকদের মধ্যেও এটা তুমুল জনপ্রিয়। কিন্তু কেউ কেউ বলছেন, এটা যেমন নান্দনিক নয়, তেমনি প্যারিসের স্থাপত্যগুলোর জন্যও তা ঝুঁকিপূর্ণ। তাই প্যারিসে এই ভালোবাসার তালা নিষিদ্ধের জন্য তাঁরা শুরু করেছেন ‘নো লাভ লকস’ প্রচারাভিযান।

প্রথমে একটি দুটি সেতুতে এই ভালোবাসার তালা মারা শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়ছে নগরের নানা জায়গায়। সবচেয়ে বেশি জনপ্রিয় নটরডেম গির্জায় যাওয়ার জন্য শ্যেন নদীর ওপর বানানো সেতুগুলোর একটি ‘পুঁন দে লা আর্শসিভিশে’। আগে কেবল মুখে মুখেই ডাকা হলেও এখন গুগল মানচিত্রেও একে ‘লাভ লক ব্রিজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরই সবচেয়ে বেশি ভালোবাসার তালা ঝোলানো হয় লোভ্যর জাদুঘর থেকে ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টস এর দিকে যেতে ‘পুঁন দেস আ’ নামের সেতুটি। এই ‘লাভ লকস’ এখন ছড়িয়ে পড়ছে প্যারিসের কেন্দ্রভাগের অন্যান্য ছোট ছোট পায়ে হাঁটা সেতুতেও।

ভালোবাসার তালা নিষিদ্ধের দাবিতে ‘নো লাভ লকস’ প্রচারাভিযান শুরু করেছেন দীর্ঘদিন ধরে প্যারিসে বসবাসরত দুই মার্কিন নারী। লিসা আনসেলমো এবং লিসা টেইলর হাফ নামের এ দুই নারী প্যারিসের মেয়র এবং প্যারিসের সিটি কাউন্সিল বরাবর লেখা এক আবেদনের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানেও নেমেছেন। ‘প্যারিসে ভালোবাসার তালা এখনই নিষিদ্ধ করো! আমাদের ঐতিহ্যের স্থানগুলো রক্ষা করো!’ শিরোনামে এই প্রচারাভিযানে আরও বলা হয়েছে ‘ভালোবাসা মুক্ত করো। আমাদের সেতুগুলো রক্ষা করো’। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই প্রচারাভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জন স্বাক্ষর করেছেন।

ভালোবাসায় তালা মেরে চাবি ছুড়ে ফেলা হয়েছে শ্যেন নদীতে। প্যারিসের নটরডেম গির্জার কাছে একটি সেতুতে লাভ লক। ছবি: দ্য গার্ডিয়ান
ভালোবাসায় তালা মেরে চাবি ছুড়ে ফেলা হয়েছে শ্যেন নদীতে। প্যারিসের নটরডেম গির্জার কাছে একটি সেতুতে লাভ লক। ছবি: দ্য গার্ডিয়ান


লিসা আনসেলমো বলেন, ‘এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষজন ল্যাম্পপোস্ট বেয়ে উঠে রেলিংয়ের ওপারে নেমে তালা ঝোলাচ্ছেন। একটা তালা বাঁধার জন্য তাঁরা জীবনের ঝুঁকি নিচ্ছেন। এটা একটা হুজুগে পরিণত হয়েছে। এখন এতে আর কোনো রোমান্স নেই। আমি বা আমরা এটা করেছি, এটুকু বলতে পারার জন্যই এখন এটা করা হয়।’

‘লাভ লকস’ নিষিদ্ধের এ দাবিতে বিস্মিত হয়েছেন অনেক প্যারিসবাসীই, অনেকেরই এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই নেই, আর কেউ কেউ এটা নিষিদ্ধের দাবি তোলায় ক্ষুব্ধ। তবে, প্যারিসের ষষ্ঠ প্রশাসনিক অঞ্চলের মেয়র জ্যঁ-পিয়েরে লেসোক এই দুই মার্কিন নারীর চিন্তাকে সমর্থন করে এই ভালোবাসার তালা ঝোলানোটাকে একটা ‘পাগলামি’ হিসেবেই আখ্যায়িত করেছেন।

সেতুগুলোতে এই তালা ঝোলানো স্থাপত্যের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি মানুষের জন্যও বিপজ্জনক বলে উল্লেখ করে তিনি বলেন, ‘শ্যেন নদীর ওপরে বানানো এই হাঁটাপথগুলোর নিচ দিয়ে পর্যটক বহনকারী অনেক নৌকা চলাচল করে। আর উঁচু থেকে পড়লে একটু ভারী যেকোনো জিনিসই মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে।’

লিসা আনসেলমো বলেন, ‘তালার ওজনের সঙ্গে অবশ্যই নিরাপত্তার প্রশ্নটি যুক্ত। আর্টস স্কুলের সেতুটি একটা ছোট্ট হাঁটাপথের সেতু। কিন্তু এতে ঝোলানো তালাগুলোর মোট ওজন প্রায় ৯৩ মেট্রিক টন! আর এর রেলিংয়ের গ্রিল নষ্ট হয়ে যায়। নগর কর্তৃপক্ষ নতুন গ্রিল লাগিয়ে দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই তা তালায় পূর্ণ হয়ে যায়। ফলে নিষিদ্ধ করাটাই একমাত্র সমাধান বলে মনে হচ্ছে।’

‘লাভ লক’ ঝোলানো শুরু হওয়ার আগে ২০০৫ সালে প্যারিসের ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টসের কাছে সেতু। ছবি: দ্য গার্ডিয়ান
‘লাভ লক’ ঝোলানো শুরু হওয়ার আগে ২০০৫ সালে প্যারিসের ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টসের কাছে সেতু। ছবি: দ্য গার্ডিয়ান

কিন্তু, যাঁরা প্যারিসের সেতুগুলোতে এই ভালোবাসার তালা লাগাচ্ছেন, তাঁরা কী বলছেন? ফেব্রুয়ারি মাসেই ছেলেবন্ধুর সঙ্গে প্যারিসে ঘুরতে গিয়ে একটি সেতুতে ‘লাভ লক’ ঝুলিয়েছেন বেন লিফটন। বেন বলেন, ‘আমরা পরিকল্পনা করে এটা করিনি। সেতুর কাছেই একজন তালা-চাবি আর তালার ওপর নাম লেখার জন্য মার্কারপেন বিক্রি করছিল। আমরা চিন্তা করলাম, মাত্র তো কয়টা ইউরো, কোথাও কিছু একটা রেখে যাওয়ার দারুণ সুযোগ এটা। বহুদিন পর যদি আবার ফিরে আসি বা না আসি ভাবতে পারব যে, আমাদের নাম নিয়ে এটা সেখানে রয়ে গেছে।’

প্যারিসের সেতুগুলোর মতোই জার্মানির কোলন শহরের হোহেনসোলার্ন সেতু এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের হা পেনি সেতুটিও এই ভালোবাসার তালা বা ‘লাভ লক’ ঝোলানোর জন্য বিখ্যাত। ২০১২ সালে ডাবলিনের সিটি কাউন্সিল সেতুতে ভালোবাসার তালা ঝোলানো নিষিদ্ধ করে এবং শহরের যে কোনো সেতুতে এমন তালা দেখা গেলেই তা সরিয়ে ফেলার ঘোষণা দেয়। তবে, জনগণের তোপের মুখে কোলনের সেতুতে ‘লাভ লক’ নিষিদ্ধের চেষ্টা থেকে বিরত হয় নগর কর্তৃপক্ষ।