ভালোবাসার দিনে ভালোবাসার ছবি
ভালোবাসার দিনে ভালোবাসার ছবি দেখাবে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র। দুদিনব্যাপী বিশেষ চলচ্চিত্র অধিবেশন আজ শহীদ মিনার সড়কের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হচ্ছে। বীর ছবির মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায় শুরু হবে অধিবেশন। ঐতিহাসিক পটভূমি নিয়ে গড়ে ওঠা চিরন্তন প্রেমের এই ছবিতে দেখা যাবে ব্রিটিশ রাজের বিরুদ্ধে এক ভারতীয় প্রেমিক বীরের সংগ্রাম। দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস। বড় আকর্ষণ হলিউডের সর্বকালের রেকর্ড সৃষ্টি করা চলচ্চিত্র অ্যাভেটার। আবহমান গ্রামবাংলার প্রেমের ছবি মনপুরা প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অমিতাভ বচ্চন অভিনীত মানবিক প্রেমের ছবি পা দেখানো হবে আগামীকাল দুপুর সাড়ে ১২টায়। সকাল সাড়ে নয়টায় দুলহা মিলগ্যায়া। বিকেল সাড়ে তিনটায় চান্স পে ডান্স এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় অ্যাভেটার। প্রদর্শনীর আগে মিলনায়তন কাউন্টারে প্রবেশপত্র পাওয়া যাবে।