ভালোবাসার নকশায় একদিন
ত্রয়োদশ বর্ষপূর্তি উপলক্ষে ১৫ নভেম্বর প্রথম আলোর প্রদর্শনীতে নকশার স্টলে যাঁরা আসতে পারেননি, তাঁদের বলি, আপনার চিরচেনা নকশা পাতাই হুবহু উঠে এসেছিল নকশার স্টলে। পাতায় যেমন, বাস্তবেও তেমন।ফ্যাশন হাউস রঙ ও কুমুদিনীর সহায়তায় নকশার স্টলে শোভা পাচ্ছিল প্রাকৃতিক রঙে রাঙানো শাড়ি, ওড়না, গজ কাপড় আর সুতার সারি। ডালায় সাজানো নানা ধরনের মসলা, আর রঙ করার প্রাকৃতিক উপাদান নজর কাড়ছিল অনেকেরই। দেয়ালে ঝোলানো ছিল নান্দনিক ওয়ালম্যাট। রঙের পরিচালক ও ডিজাইনার বিপ্লব সাহা বলছিলেন, ‘প্রথম আলোর নকশার স্টল দেখে বারবার মনে হচ্ছিল, কোন ফাঁকে এত বড় হয়ে গেল নকশাটা? দেখেও যেন আশা মেটে না।’ তবে অনেকেই চোখের সাধ মিটিয়েছেন হাতে-তুলিতে। ফ্যাশন হাউস তারামার্কার পরিচালক ও শিল্পী অভিজিৎ চৌধুরী হাজির হয়েছিলেন টি-শার্ট, রং আর তুলি-ইজেল নিয়ে। দর্শকেরা নিজের ইচ্ছেমতো এঁকেছেন টি-শার্টে। তাঁর ছেলে আদিত্য নকশায় এঁকেছে—ন-তে নদী ও নারী, ক-তে কলসি আর শা-তে শালবন! টি-শার্টে আরও নকশা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও রফিকুন নবী। পাশেই আনন্দ পাতার স্টলে আসা তারকারাও এতে অংশ নেন। এসব টি-শার্ট সাজিয়ে রাখা হয় স্টলের একপাশে। নয়ার হাট থেকে মৃৎশিল্পী পিন্টু পাল নিয়ে এসেছিলেন মাটির ব্যাংক, ফুলদানি। সেসব মনের মতো রঙে রাঙিয়েছেন দর্শকেরা। দিনের শেষে এগুলো উপহার দেওয়া হয় তাঁদের।কুমুদিনী থেকে এসেছিল নানা নকশা করা পার্স, শোপিস। সেসব কিনতে আগ্রহ দেখিয়েছেন অনেক দর্শক। তবে তা শুধু সাজিয়ে রাখা হয়েছিল আমাদের দেশের ফ্যাশন ও জীবনধারা তুলে ধরার জন্য।এদিন এসেছিলেন রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন, আফরোজা কামাল, রান্নাবিদ নাজমা হুদা প্রমুখ। স্পিকিং রোজেস-এর প্রধান পরিচালন কর্মকর্তা কুমকুম হাসান এসেছিলেন শুভকামনার তোড়া হাতে। নকশার স্টলে অবশ্য অগণিত পাঠক ও দর্শনার্থীর জন্য শুধু ভালোবাসাই ছিল না, আরও কিছু বেশি ছিল। সায়মা ফেইরুজ এসেছিলেন বিনা মূল্যে মেহেদি লাগাতে। মেহেদি বাই শঙ্খ নামে তাঁর মেহেদি লাগানোর উদ্যোগটি এর মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। মেহেদি লাগাতে সেকি ধুম মানুষের! ছিল মুখচিত্র আঁকার ব্যবস্থাও। মুখচিত্র এঁকে দিতে এসেছিলেন সিফাত আরা আজিম, হাবিবা ও সজল। সিফাত বলছিলেন, ‘শিশুদের মতোই স্বতঃস্ফূর্ত ছিল সব বয়সের মানুষ।’সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনের পক্ষ থেকে হাজির হয় দারুণ মজাদার এক কেক। প্যাকেট খোলার বাকি শুধু, পর মুহূর্তেই কেক উধাও, শুধু ক্রিমের পরশ লেগে ছিল সবার নাকে-মুখে। প্রথমা প্রকাশিত নকশার রান্নার বইগুলো বিক্রি হচ্ছিল বিশেষ ছাড়ে। মগবাজার থেকে আসা সৈয়দা রাবেয়া বলছিলেন, নকশার কয়েক শ রেসিপি আমার কাছে আছে। তবু বইটা নিচ্ছি, নকশা বলে কথা।স্টলে আরও এসেছিলেন কানিজ আলমাস খান, সামিনা চৌধুরী, শখ, জয়া আহসান ও বিন্দুর মতো তারকারা। নকশার পাঠকের উকিল বিভাগের পরামর্শদাতা নাহিদ মাহতাবও এসেছিলেন। আর লেখক-প্রদায়কেরা তো ছিলেনই সব সময়।আর ছিলেন আপনারা, অগণিত পাঠকেরা। যাঁদের ভালোবাসায় নকশার আজ নকশা হয়ে ওঠা। সব আয়োজন ছিল শুধু এটুকু বলতেই যে ধন্যবাদ ও অনেক ভালোবাসা নকশার অগণিত পাঠককে।