ভালোবাসার নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ট্রেনটা বিরামহীন ছুটছে। শহর পেরিয়ে অনেক দূরে, আমি অবাক হয়ে ট্রেনের স্বচ্ছ কাচের জানালা দিয়ে দেখি অদ্ভুত সুন্দর প্রকৃতি। ঠিক যেমনটা দেখতাম দেয়ালে টাঙানো ছবিতে। মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। চিন্তা করতে করতে ক্লান্ত আমি কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না! ঘুম ভাঙল এক সহযাত্রীর ডাকে। সোনালি চুল আর নীল চোখের ওই মেয়েটা আমাকে কী বলছে তা ঠিকমতো বুঝতে পারলাম না। শুধু বুঝলাম, এটাই শেষ স্টেশন। আমি ফ্রাঙ্কফুর্ট অডারে পৌঁছে গেছি!
ফ্রাঙ্কফুর্ট বলতেই সবাই জার্মানির যে শহরটার কথা ভাবে এটা ওই আলো ঝলমলে ফ্রাঙ্কফুর্ট নয়। জার্মানিরই আরেকটা শহর ‘ফ্রাঙ্কফুর্ট অডার’। পোল্যান্ডের সীমান্তঘেঁষা একটা শান্ত শহর। শহরের সীমান্তে যে নদীটা জার্মানি আর পোল্যান্ডকে ভাগ করেছে, ওই নদীটার নাম অডার নদী। একটানা দীর্ঘ বিমানযাত্রার পর বার্লিন থেকে আমার ফ্রাঙ্কফুর্ট অডার যাত্রা ট্রেনে করে।
বাংলাদেশ থেকে ইন্টারনেট ঘেঁটে কীভাবে কী করতে হবে তার একটা আইডিয়া নিয়ে রাখলেও সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। আমার দিশেহারা ভাব দেখেই হয়তো সহযাত্রী এবার জিজ্ঞেস করল, ‘তুমি কি আজই প্রথম এই শহরে?’ উত্তর দিলাম, ‘এই শহরেই শুধু না, আজই প্রথম জার্মানি এসেছি!’
এরপর কথা হলো অনেক। জানতে পারলাম, আমি শহরের যে বিশ্ববিদ্যালয়ে বিজনেস ইনফরমেশনে মাস্টার্সে পড়তে এসেছি, সে–ও ওই ‘ইউরোপিয়ান ইউনিভার্সিটি ভিয়াদ্রিয়ানায়’ সমাজ ও সংস্কৃতি বিষয়ে পড়ছে। নাম ডিআনা। বাবা জার্মান আর মা ইউক্রেনের। শেষ পর্যন্ত ডিআনার সহযোগিতায় আমার জন্য বরাদ্দ রুমের খোঁজও পেয়ে গেলাম ঝামেলা ছাড়াই। যাওয়ার সময় ওর ফোন নম্বর আর ই–মেইল অ্যাড্রেস দিয়ে গেল।
ভিসা নিয়ে জার্মানি পৌঁছাতে একটু সময় লেগেছিল। ক্লাসে গিয়ে দেখি প্রোগ্রামিং কিছুই বুঝি না। অসম্ভব একা থাকার সেই দিনগুলোতে আমি বন্ধু হিসেবে খুঁজে নিলাম একটা নদী। অডার নদী।
নদী যে মানুষের কথা বোঝে, ভাষা বোঝে, এটা আমি এর আগে দেখিনি।
পোল্যান্ড থেকে যখন ধবধবে সাদা হাঁসগুলো জার্মানি সীমান্তে চলে আসত মনে হতো, ওরা কত স্বাধীন!
এরপর সময় আর প্রয়োজন আমাকে মিউনিখে যাওয়ার পথ দেখায়। আমি চলতে শুরু করি। অসম্ভব ব্যস্ততার মধ্যে অবাক হয়ে দেখি, এখনো আমার সেই অডার-কেই মনে পড়ে। আমি তাকেই ভালোবাসি।
মেহেদি
মিউনিখ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স, জার্মানি