ভালোবাসার নাম ইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে বান্ধবীদের সঙ্গে লেখক (বাঁ থেকে প্রথম)
পয়লা বৈশাখে বান্ধবীদের সঙ্গে লেখক (বাঁ থেকে প্রথম)

ক্যাম্পাসের একটা দিনের কথা লিখতে গিয়ে, নিউরনগুলো কতশত স্মৃতির কথাই না মনে করিয়ে দিচ্ছে। এখানকার প্রতিটি দিনই নতুন, প্রতিটি ক্ষণই রঙিন। জীবনটা হাজার ঝামেলার মধ্যে দিয়ে গেলেও যখন আমি ক্যাম্পাসে পা রাখি, তারুণ্যের কোলাহলে হারিয়ে যাই। মনে হয় ক্যাম্পাস একটা স্বপ্নরাজ্য, এখানে মন খারাপের কোনো জায়গা নেই।
একটা দিনের কথা লিখতে গিয়ে এবারের পয়লা ফাল্গুনটার কথাই মনে পড়ছে বেশি। সেদিন আমাদের আট বন্ধুর শাড়ি পরে আসার কথা ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই শাড়ি পরে ছুটলাম ক্যাম্পাসের দিকে। বাস থেকে গুলিস্তান নামার পর মনে হলো, এত মানুষের ভিড়ে কমলা রঙের শাড়ি পরে ফাল্গুনটা যেন কেবল আমি একাই উদ্যাপন করছি। ফাগুনের আগুন যেন আর কারও মনেই লাগেনি। মনটা খারাপ হয়ে গেল।
রিকশায় করে যখন ক্যাম্পাসের গেটে পৌঁছালাম, তখন চক্ষু ছানাবড়া। মনে হলো, শাহবাগের ফুলের দোকানগুলো একদিনের জন্য তাদের স্থান পরিবর্তন করে ফেলেছে। এত এত ফুল! গেট পার হয়ে ভেতরে ঢুকে মনটা খুশিতে ভরে গেল। চারদিকে সবাই হলুদ শাড়ি আর মাথায় ফুল পরে ঘুরে বেড়াচ্ছে। আনন্দ আর হাসির শব্দে মুখরিত আমার ক্যাম্পাস। চলে গেলাম জেবুন্নেছা হলের ছাদে। সেখানেই অপেক্ষায় ছিল বাকি বন্ধুরা। আমার অংশগ্রহণে পূর্ণ হলো আমাদের বন্ধুবৃত্ত। চলল আড্ডাবাজি। সঙ্গে সেলফি তো আছেই।
বছরের অন্য দিনগুলোতে ক্লাস আর প্র্যাকটিক্যালের চাপে পুরো ক্যাম্পাসে ঘোরাঘুরি করার সময় হয়ে ওঠে না। অনেক দিন পর সেদিন পুরো ক্যাম্পাসটা ঘুরলাম। পুকুরপাড়, মাঠ, শহীদ মিনার, ক্যানটিন ঘুরে কড়ইতলায় মামার হাতের চটপটি খাওয়া হলো। ইডেন ক্যাম্পাস ছাড়া বাংলাদেশের আর কোথাও বোধ হয় ১০ টাকায় এত মজার চটপটি পাওয়া যাবে না। সারা দিন চলল আমাদের হইহুল্লোড়। এই যান্ত্রিক জীবনে ক্যাম্পাসটাই আমাদের প্রাণশক্তি। তাই ইডেন প্রাঙ্গণ আমি বড় ভালোবাসি।
লেখক: চতুর্থ বর্ষ, উদ্ভিদবিদ্যা, ইডেন মহিলা কলেজ