ভালোবাসার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিংয়ের অন্য ছেলেদের থেকে ও একটু বেশি চুপচাপ ছিল। আমার কাছে মনে হতো, ও অহংকারী। আমি একটু বেশিই চঞ্চল ছিলাম। ছেলেমেয়ে সবাই ছিল আমার বন্ধু, ও ছাড়া। ওকে দেখলেই বিরক্ত হতাম, ভয় পেতাম তার থেকেও বেশি। ভয়টা কিসের ছিল, বুঝতাম না। তবু ও যখন আমাকে প্রথম চিঠি দেয়, ভয়, বিরক্তি—সবকিছু থেকে ভালোলাগাটাই বেশি ছিল। চিঠিতে ছিল শুধু বন্ধুত্বের আবদার। আমি যেন আরও কিছু বেশিই চাইছিলাম। হলোও তাই। যে আমি জীবনে কখনো প্রেম করব না বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই আমি ভালোবেসে ফেললাম। পাগলের মতো দুজন দুজনকে ভালোবাসতাম। পৃথিবীর কোনো কিছুই পরোয়া করতাম না; ভুলে গিয়েছিলাম আমার পরিবারের কথা। তাই চিরায়ত সব প্রেমকাহিনির মতোই ধরা পড়ে গেলাম। একদিকে ছিলেন মা-বাবা, অন্যদিকে ও। অনেক তিক্ততা, অনেক ঘটনার পর আস্তে আস্তে আমরা দূরে সরে গেলাম। জানি, আমার ওপর তোমার অনেক রাগ। তবু যদি এই লেখাটা পড়ো, তোমাকে বলছি—এখনো আমি চাঁদের দিকে তাকিয়ে তোমার সঙ্গে কথা বলি, এখনো আমি শুধু তোমার জন্য কাঁদি।রওনক জাহান, ঢাকা।