প্রেক্ষাগৃহজুড়ে আলো-আঁধারির পরিবেশ। টেবিলের ওপর রাখা হয়েছে মোমবাতি। সেটি উজ্জ্বল হয়ে জ্বলছে টেবিলের দুপাশে বসা যুগলের প্রেমের মতো। এর মধ্যে বর্ণিল আলোয় উদ্ভাসিত হচ্ছে মঞ্চ। সেখানে চলছে সংগীতানুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে নগরের বিভিন্ন রেস্তোরাঁর চিত্র ছিল এমনই। সেদিন নগরের বিভিন্ন রেস্তোরাঁয় ছিল ‘ক্যান্ডেল লাইট ডিনারের’ সঙ্গে সংগীতের সুর মূর্ছনায় ভেসে যাওয়ার সুযোগ। ভালোবাসা দিবস উদ্যাপন করতে আসেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। এস আই টুটুল এবং দিনাত জাহান সংগীত ভুবনের দুই তারকা, অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁয় আসা দর্শকদের মাতিয়ে দিলেন গানে গানে। গানের সঙ্গে উদ্দাম নাচে ভেসে গেলেন তারা। ‘আমার মাঝে নেই এখন আমি’ এ গানের মধ্য দিয়ে এস আই টুটুল এবং দিনাত জাহান মুন্নী শুরু করেন তাদের পরিবেশনা। এরপর একে একে ‘কাল আকাশের মন ভালো ছিল না’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে’, ‘কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’, ‘মেঘলা আকাশ মেঘলা দিন’, প্রেমে পড়েছে আমার মন’, ‘এখন সময় ভালোবাসার’, ‘যায় কি দেখা বুকের পাঁজর’, ‘আকাশটাকে হাতের মুঠোয় রাখতে পারি’, ‘যায় দিন যায় একাকী’সহ প্রায় ২০টি দ্বৈত গান পরিবেশন করেন তাঁরা। অনুষ্ঠানে যোগ দিতে আসা মাসুমা পারভীন বলেন, ‘আজকের এই রাতটি খুব উপভোগ করছি। খুব ভালো লাগছে উর্যাসবমুখর এমন আয়োজনে এসে।’ নগরের জিইসির চার তারকা হোটেল পেনিনসুলার ভালোবাসা দিবসের অনুষ্ঠান আয়োজনে ছিল ভিন্নতা। এখানে মোমের আলোয় আর সুরের মূর্ছনায় খাবার গ্রহণের পাশাপাশি যুগলেরা কেক কাটেন ও ছবি তোলেন। হোটেল পেনিনসুলায় আগত যুগলদের সুরের ভুবনে নিয়ে যায় ব্যান্ড দল ‘শেইক’। এরপর ব্যান্ড দল শেইক পরিবেশন করে ইংরেজি গান। ভালোবাসা দিবসে এ ধরনের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে হোটেল পেনিনসুলার ঊর্ধ্বতন কর্মকর্তা উজ্জ্বল জানান, ইউরোপীয় সংস্কৃতি থেকেই ভ্যালেন্টাইনস ডের আগমন, তাই আয়োজনের মধ্যে দেশি ও বিদেশি সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। হোটেল আগ্রাবাদে ভালোবাসা দিবস উপলক্ষে ছিল ‘ক্যান্ডেললাইট ডিনারের’ সঙ্গে গজল পরিবেশনা। এখানে গজল শিল্পী সোহরাব খান যুগলদের ভাসিয়ে নিয়ে যান হারানোর দিনের গানে। নগরের ওয়েল পার্ক রেসিডেন্সে ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান এবং আগ্রাবাদের কড়াই রেস্তোরাঁয় গান পরিবেশন করেন মোহাম্মদ জাহেদ। তবে উচ্চমূল্যের কারণে নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলোর এ ধরনের আয়োজনে অংশ নিতে পারেনি সাধারণ মানুষ। অনেককে আবার অনুষ্ঠান আয়োজনে অংশ নিতে গিয়ে পড়তে হয়েছে বিড়ম্বনায়। নগরের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় ভালোবাসা দিবসের আয়োজনে অংশ নিতে গিয়ে ফেরত আসেন শফিক মুহাম্মদ ও নাহিদা সুলতানা দম্পতি। তাঁরা বলেন, ‘কাজের চাপে এ ধরনের রেস্তোরাঁয় আসা হয় না, আজ যখন এলাম, তখন আর ঢুকতে পারলাম না।’ বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি ভালোবাসা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল বাওয়া স্কুল মিলনায়তনে। এখানে তরুণেরা মেতে ওঠে ডিজে শোর তালে তালে। ডিজে ফাহিম, সুজয়, মুন্না, রুবেল, রকি ও মাহি জমিয়ে তোলেন আসর।