ভালোবাসার লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ফিরে আসে—দ্য গুড, দ্য ব্যাড, দ্য লাভ অর হেইট।

লন্ডন, ২০০০ সাল।

দুবাই থেকে লন্ডন যাওয়ার পথে বোর্ডিং পাস নেওয়ার সময় আমাকে উইন্ডো সিট দিতে অনুরোধ করি। লন্ডন থেকে আমার কানেক্টিং ফ্লাইট হিউস্টন। পেয়ে যাই, সিটে আরামে বসে একটা বই খুলে বসি। চারপাশে যা হওয়ার হোক। কে কী করছে, কে দেখতে কেমন, আমার কিছুই যায়-আসে না।

চারপাশে প্রায় সবাই ককেশিয়ান যাত্রী। আমার এই নির্লিপ্ত থাকার চেষ্টার মধ্যেও সাব-কন্টিনেন্টের দুজন মনোযোগ কাড়েন। দেখেই বোঝা যায় নববিবাহিত। দুজনই অস্বস্তি নিয়ে নিজেদের টিকিটের দিকে তাকাচ্ছেন। কিছুক্ষণ পর ভদ্রলোক বেজার মুখে আমার পাশে এসে বসেন। বসেই উসখুস করতে থাকেন, কারণ তাঁর স্ত্রীর সিট পড়েছে সামনে। দুজন দুই জায়গায়। দুজনেরই মন খারাপ।

আমি আমার হাতের বইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, দেশ ছেড়ে যাওয়ার আর এক দিন পর সেমিস্টার শুরু হবে, এই সব চিন্তা আমি ভুলে থাকতে চাই। এর মধ্যেও লক্ষ করি, ভদ্রলোক একটু পরপর তাঁর স্ত্রীর দিকে মন খারাপ করে তাকাচ্ছেন। একসময় আলাপ হয়। জানতে পারি লাহোরের মানুষ, লন্ডনে স্যাটেল করেছেন, দেশে বিয়ে করে ফিরছেন। নাম ইকবাল।

হঠাৎ কোনো চিন্তা না করেই তাঁকে বলে বসি, আপনি চাইলে আমি সিটটা বদলাতে পারি, সো ইউ ক্যান সিট উইথ ইয়োর ওয়াইফ। ভদ্রলোকের চেহারায় আনন্দ খেলে যায়, কথাটা বলেই আমি নিজের ওপর বিরক্ত হয়ে যাই। দূর! কী দরকার ছিল খামোখা পণ্ডিতি দেখানোর। কত আরাম করে জানালার পাশে বসে ছিলাম!

আমি সিট বদল করে নতুন সিটে বসি। আর আমার বই পড়া হয় না। বারবার সরতে হয়, পাশে বদ চেহারার এক ব্রিটিশ। আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, একসময় অস্বস্তিকর এই জার্নি শেষ হয়!

মেজাজ আরও খারাপ হয়, যখন হিথরো বিমানবন্দরে নেমে জানতে পারি হিউস্টনের ফ্লাইট ডিলে। সেটা ৮ ঘণ্টাও হতে পারে বা ১২ ঘণ্টাও! আমার ক্লোস্টোফোবিয়া হওয়ার মতো অবস্থা। মনে হচ্ছিল আর কিছুক্ষণ যদি এই খতরনাক এয়ারপোর্টে থাকি—আই উইল বি আ ডেড ম্যান!

এতটা সময় কী করব বুঝতে পারি না, বিধ্বস্ত হয়ে বসে আছি। কে যেন কাঁধে এসে হাত রাখে। তাকিয়ে দেখি ইকবাল ভাই। জানতে চাইলেন কী হয়েছে। বলি, ফ্লাইট ডিলে। এরপর যা হলো আমি তার জন্য প্রস্তুত ছিলাম না। পরবর্তী আট-নয় ঘণ্টা এই দম্পতি আমার সঙ্গে ছিলেন। যেহেতু ট্রানজিট ভিসা ছিল, উনি আমাকে নিয়ে গেলেন তাঁর বাসায়, ঘুরে দেখালেন লন্ডন। সেই আমার লন্ডন দেখা! লন্ডন ব্রিজের পাশ দিয়ে যেতে যেতে আমার অদ্ভুত কিছু অনুভূতি হয়—আমি কোথায় জন্মেছি এখন কাদের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছি!

যে সময়টা বিরক্তি নিয়ে কুৎসিত এয়ারপোর্টে কাটানোর কথা ছিল, সেটাই পরিণত হলো এক আনন্দের ঘটনায়। এরপর যখন আমার ফ্লাইট কনফার্ম হলো, তখন দেখি ইকবাল ভাইদের ছেড়ে যেতে আমার মন খারাপ হচ্ছে! অনাত্মীয় এই দুজন মানুষের কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম।

১৭ বছর আগে এম্বিশাসের উচ্চ রক্তচাপে ভোগা এই আমি সেদিন বুঝতে পারিনি এ ঘটনার ভেতরের কারণ। সামান্য একটা কমফোর্টেবল সিট ছেড়ে দেওয়ার প্রতিদান আমি এভাবে পাব। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম, সে সবকিছু ফিরিয়ে দেয়। কেউ তখন বলেনি—

লাইফ ইজ অ্যান ইকো, অল কামস ব্যাক।

দ্য গুড, দ্য ব্যাড, দ্য ফলস অ্যান্ডদ্য ট্রু।

গিভ দ্য ওয়ার্ল্ড দ্য বেস্ট ইউ হ্যাভ

অ্যান্ড

দ্য বেস্ট উইল কাম ব্যাক টু ইউ!!

নন্দনকানন, চট্টগ্রাম