ভালোবাসার শপথ
আমার মায়ের বয়স তখন সাত কি আট। নানার চাকরির সুবাদে তখন থাকতেন পাবনার পাকশীতে। যেদিন পাকিস্তানি বাহিনী ওদিক দিয়ে যাচ্ছিল, সেদিন নাকি গায়ে একটা ফ্রক চাপিয়ে সবার সঙ্গে তিনি হেঁটে গ্রামে ফিরছিলেন। পথে আমার বড় খালার একমাত্র মেয়ে কনক ডিম দিয়ে ভাত খেতে চেয়েছিল। পকেটে অনেক টাকা, কিন্তু সব দোকানপাট লুট হয়েছে বলে খাবারটুকুও জুটল না। রাতে খিঁচুনি উঠে খালার সেই ছোট্ট মেয়েটা মারা গেল। চোখের জলে ওকে বিদায় দিয়ে সবাই হাঁটা শুরু করল। কিন্তু কারও থামার উপায় নেই। ওকে সেখানেই কবর দিয়ে সবাই চলল গ্রামের দিকে। চলার পথে পার হতে হবে নদী। নদীর পানিতে ভাসছে শুধু লাশ আর লাশ। রক্ত আর রক্ত। এ দেশের সাধারণ মানুষের রক্ত। মুক্তিযোদ্ধাদের রক্ত। দুর্বিষহ সেই দিনগুলোর এসব গল্প আমার মায়ের মুখ থেকেই শুনেছি। প্রতিবছর আমি আর মা একুশে বইমেলায় বই কিনতে যাই। গত বছর যেতে একটু দেরিই হয়েছিল। ঢাকায় আমার বড় বোনের বাসায় উঠলাম। সেদিনই দুলাভাই আমাকে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটা পড়তে দিলেন। সংক্ষিপ্ত, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে সেখানে। পড়ে মুগ্ধ হলাম, মাকে পড়তে দিলাম। মা-ও আমার মতোই মুগ্ধ হলেন। পরদিন বইমেলায় গিয়ে তাই বইটি ২০ কপি কিনলাম। স্কুলে আমার বান্ধবীদের সেই বইগুলো দিলাম। এরই মধ্যে সুযোগ হওয়ায় প্রথম আলোর শপথের ব্যানারে আমি আর মা একসঙ্গে শপথ করলাম, ‘আমরা দুজনে প্রতি মাসে অন্তত ১০ কপি মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি সবার মাঝে বিলাব।’ এর পর থেকে প্রথম আলো রাজশাহী বন্ধুসভায়, আমার বন্ধুমহল, পরিবারে, এমনকি আমার ক্রোয়েশিয়ান বন্ধু মিকিকেও এই বইয়ের ইংরেজি অনুবাদ উপহার দিয়েছি। ইচ্ছে আছে, আরও দেব। সারা দেশের সব মানুষকে না পারি, নিজেদের সাধ্যমতো আমরা এই কাজটা অব্যাহত রাখব। কোনো দিন যেন বাংলাদেশের মাটিতে কোনো রাজাকার এ দেশের পতাকা গাড়িতে লাগাতে না পারে, কোনো দিন যেন কোনো মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত হতে না হয়। আমরা যেন আমাদের দেশের সঠিক ইতিহাস জেনে এই দেশটাকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, ভালোবাসার শপথের মধ্য দিয়ে যেন মুক্তিযোদ্ধাদের কষ্টগুলো মোছার চেষ্টা করি। জান্নাতুন নাঈম রাজশাহী।