ভালোবাসার সংসারে নেশার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই ঠিকঠাক চলছিল মোহাম্মদ মানিকের (৩৮)। বাসের চালকের সহকারী থেকে চালকের আসনেও বসেছিলেন। সংসারও পেতেছিলেন ভালোবেসে বিয়ে করে। কিন্তু সুখ স্থায়ী হলো না তাঁর। হেরোইনের মরণনেশার কারণে ছাড়তে হলো পেশা। নেশার টাকা জোগাড় করতে গিয়ে শুরু করেন গাঁজা বিক্রি। কেবল তা-ই নয়, স্ত্রীকেও যুক্ত করেন এই কাজে।
গাঁজা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে মানিক নেশা করেন। সংসার চলে না বলে একমাত্র ছেলেকে এতিম পরিচয় দিয়ে ভর্তি করিয়েছেন মাদ্রাসায়। গত সোমবার রাতে নগরের কোতোয়ালি এলাকার তুলাতুলি থেকে গাঁজাসহ এই দম্পতি গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান।
দৈনিক দুই বেলা ৮০০ টাকার হেরোইন লাগে মানিকের। তিনি বলেন, ‘ভাত না খেলেও চলে। হেরোইন ছাড়া চলে না।’
সিনেমা দেখতে গিয়ে পরিচয় হওয়া আকলিমাকে ভালোবেসে বিয়ে করেন মানিক। ১৯ বছর আগে সিনেমার কাহিনির মতো দাম্পত্যজীবন শুরু হলেও নেশার আগুনে পুড়ে ছারখার হলো সব। স্ত্রী আকলিমার অভিযোগ, তাঁর সুখের সংসার নষ্ট হলো হেরোইনের কারণে।
পুলিশকে মানিক ও তাঁর স্ত্রী জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ছোট সংসার তাঁদের। গাঁজা বিক্রি করে দৈনিক হাজার টাকার মতো আয় হলেও ৮০০ টাকা খরচ হতো মানিকের নেশার পেছনে। বাকি ২০০ টাকায় সংসার চলে না বলে ছেলে শাকিলকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন তাঁরা।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘নেশার টাকা জোগাড় করতে আরেকটি নেশার উপাদান বিক্রি করছিলেন তাঁরা। স্বামীর নেশার কারণে মূল্য দিতে হলো স্ত্রী ও সন্তানদের। নেশায় আসক্ত না হলে সুখের সংসার হতো তাঁদের।’
জানতে চাইলে গত মঙ্গলবার বিকেলে আদালতের মহানগর হাজতখানায় মোহাম্মদ মানিক বলেন, ‘গাঁজা বিক্রি করে লাভ বেশি হয়। তাই নেশার টাকা জোগাড় করতে গাঁজা বিক্রি করি। হেরোইন না খেলে থাকতে পারি না।’
বাবুল আক্তার জানান, সাত টাকায় ছোট এক পুরিয়া গাঁজা কিনে ১০ টাকায়, ৩৫ টাকায় বড় পুরিয়া কিনে ৫০ টাকায় বিক্রি করতেন তাঁরা। দৈনিক ৮০ থেকে ৯০ জন লোক তাঁদের কাছ থেকে গাঁজা কিনতেন।
মানিকের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। নদীর ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়ে গেলে চট্টগ্রাম চলে আসেন ২৫ বছর আগে। বাসের চালকের সহকারী হিসেবে শুরু তাঁর পেশাগত জীবন। এরপর গাড়ি চালানো শিখে চালকও হয়েছিলেন। নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে উঠে দাঁড়িয়েছিলেন মানিক। কিন্তু সর্বনাশা নেশা সবকিছুই কেড়ে নিল তাঁর।