ভালোবাসার সীমান্ত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিকে দুই দেশ, মাঝখানে কাঁটাতার। এরই নাম সীমান্ত। দেশ থাকলে তার সীমান্ত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সীমান্ত মানুষের মিলবার পথেও যে বাধা। খোদ সীমান্তরক্ষীরই মনে হয় সে কথা। পাখির, জন্তু-জানোয়ার এমনকি পিঁপড়েরও নেই কোনো সীমান্ত। কেবল মানুষের জন্যই কাঁটাতার। দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে এমন বিভেদের অনুভূতিতে যখন আক্রান্ত সীমান্তরক্ষীটি, তখন গুলিতে প্রাণ যায় এক শিশুর। শিশুটি বোঝেনি নো-ম্যানস ল্যান্ড পার হওয়ার বিপদ। নিজ দেশের সীমান্তরক্ষীর গুলিতে প্রাণ গেল যে শিশুর, সে শিশুটি যে তাঁর বুকের ধনের কথা মনে পড়িয়ে দিল। কিন্তু কাঁটাতার পেরিয়ে শিশুটিকে যে ছুঁয়ে দেখবে সে অবকাশ কোথায়!একক মূকাভিনয়ের মাধ্যমে রাজ ঘোষ যে কাহিনি তুলে ধরলেন তা দর্শককে যেন ফেলানির ট্র্যাজেডির কথাই মনে করিয়ে দেয়। তবে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে নয়, এই ট্র্যাজেডি তো পৃথিবীব্যাপীই ঘটে চলেছে। তাই নির্বাক এই আখ্যানের মধ্য থেকে আকুতি উঠে এল ভেদাভেদের সব সীমানাই ভেঙে দেওয়ার। কারণ, মানুষের মিলনাকাঙ্ক্ষা ও ভালোবাসা কোনো সীমান্ত মানে না।থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় রাজ ঘোষের একক মূকাভিনয় দ্য আনসার্টেন ওয়ার্ল্ড। তিনটি আলাদা আলাদা কাহিনি নিয়ে নিজের উপস্থাপনা সাজান রাজ। তরুণীদের উত্ত্যক্ত করে (ইভ টিজিং) এমন এক তরুণের দেখা মেলে বুমেরাং নামের প্রথম প্রযোজনায়। কিন্তু তাঁরও বোধোদয় হয় হঠাৎ একদিন রাস্তায় হিজড়া দ্বারা আক্রান্ত হওয়ার পর। ইভ টিজার তরুণটি বুঝতে পারে ইভ টিজিংয়ের শিকার যারা, তাদের যন্ত্রণা কেমন হতে পারে।দ্বিতীয় পর্বে ছিল লাইট অব ডার্কনেস নামের একটি প্রযোজনা। এই পর্বে একজন অন্ধ লোকের দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি তুলে ধরা হয়। তবে দৃষ্টি ফিরে পাওয়ার পর বিপর্যস্ত পরিবেশ দেখে হতাশ, ক্ষুব্ধ লোকটি আবারও অন্ধ হয়ে যেতে চায়। অন্ধকারে নিজের মনের ভেতর যে প্রকৃতির ছবি ছিল, তার অস্তিত্ব নেই—এ কথা বিশ্বাস করতে চান না অন্ধ লোকটি।সীমান্ত নিয়ে তৃতীয় প্রযোজনাটির নাম ছিল, নো নেশন, নো বর্ডার। খণ্ড খণ্ড তিনটি কাহিনি যেন অনিশ্চয়তায় ভরা সাম্প্রতিক পৃথিবীর ছবিই তুলে ধরে।