সকাল সাতটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে দলবেঁধে মানুষ আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের কাচালং শিশুসদন প্রাঙ্গণ। গত ২৮ আগস্ট ছিল শিশুসদনের পরিচালক ও সাদামনের মানুষ তিলোকানন্দ মহাথেরোর ৭৫তম জন্মবার্ষিকী।এ উপলক্ষে রূপালী উচ্চবিদ্যালয় মাঠে প্রথম পর্বে কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবাণী পাঠ, বুদ্ধের উদ্দেশে ফুলপূজা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সংঘদান, ধর্মদেশনা ও ভিক্ষু সংঘের পিণ্ডদান।দুপুরে তিলোকানন্দ মহাথেরো ৭৫টি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু করেন। এ পর্বে ছিল বরণসংগীত, আলোচনা সভা, তিলোকানন্দ মহাথেরোর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বালন।অধ্যক্ষ জ্ঞানজ্যোতি মহাথেরোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা। তিলোকানন্দ মহাথেরোর জন্ম ১৯৩৭ সালের ২৮ আগস্ট রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বেতছড়ি গ্রামে। ১৯ বছর বয়সে প্রব্রজ্যা গ্রহণের আগে তাঁর নাম ছিল লক্ষ্মীমোহন চাকমা। বাবা কৃষ্ণমুনি চাকমা ও মা শিঙাপুদি চাকমা। প্রব্রজ্যা পালনকালে ১৯৮২ সালে ১০ থেকে ১২ জন অনাথ শিশু নিয়ে প্রতিষ্ঠা করেন কাচালং শিশুসদন। বর্তমানে এই সদনে দেড় শতাধিক অনাথ শিশু রয়েছে। মানবতার সেবায় আত্মনিবেদিতপ্রাণ হিসেবে তাঁকে ২০০৭ সালে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সাদামনের মানুষ নির্বাচিত করেন।