ভালোবেসে একটি ফুল দিন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুল না দিলে মন পাওয়া যাবে না, এমন কথা এখন পুরোপুরি সত্য না হলেও, ভালোবাসার দিনে ভালোবেসে একটি ফুল দিতেই পারেন। সারা বছর ভালোবাসার মানুষটিকে ফুল হয়তো দেওয়া হয় না। তাই এই দিনে ১০১টি নীলপদ্ম না দিতে পারলেও, একটি গোলাপ ফুল দিলেই খুশি হবেন প্রিয় মানুষটি।একসময় নানা ধরনের ফুল মিলেমিশে তোড়া তৈরি হতো। ভালোবাসার জন্য অন্যের বাগানের ফুল চুরি করতে ভয় লাগত না। ভালোবাসা বলে কথা! এ সময় এত কষ্ট করার প্রয়োজন পড়ে না।শহরের অলিগলিতে ফুলের দোকান আছে। সেখান থেকে সহজেই পেতে পারেন ফুল। আগের চেয়ে ফুল দেওয়ার ঢঙে খানিকটা পরিবর্তন এসেছে। তোড়া না দিয়ে একটি-দুটি ফুল দেওয়ার চল শুরু হয়েছে। পয়লা ফাগুন বা ভালোবাসার দিনে ফুলের তোড়া হাতে নিয়ে সারা দিন ঘোরাটা বেশ বিড়ম্বনার। ফাগুনের দিনে সঙ্গীকে দিতে পারেন ফুলের গয়না। ঢাকার শাহবাগের পুষ্পতলী বিতানের রাসেল বলেন, ‘ভালোবাসা বা ফাগুনের দিনে ফুলের গয়না বেশি চলে। চুলে ফুলের ব্যান্ড, গলার মালা কিনে দিতে পারেন। গোলাপ ছাড়া তো ভালোবাসার দিন পূর্ণতা পায় না। অনেক গোলাপ না দিয়ে একটি গোলাপ দিতে পারেন।’ফুল বিষয় নয়, উপস্থাপন কীভাবে করছেন, সেটি অনেক গুরুত্বপূর্ণ। একটি গোলাপ ফুলই টিস্যু কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেওয়া যেতে পারে। আবার দেশি ফুলের পাশাপাশি বিদেশি ফুলও দিতে পারেন। নানা রঙের চায়নিজ গোলাপ, ক্যালেনডুলা ও অর্কিড কেনা যেতে পারে। এসব ফুলের সঙ্গে জিপসি মিলিয়ে দিতে পারেন। আবার চীনা গোলাপ একটিই যথেষ্ট। স্পিকিং রোজেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কুমকুম হাসান বলেন, তাঁদের ফুলে ভালোবাসার মানুষের জন্য বিশেষ কোনো উক্তি, তাঁর ছবি একে নিতে পারেন। এতে তিনি খুশি তো হবেনই অবাকও হবেন। এর জন্য অন্তত দুই দিন আগে অর্ডার দিতে হবে।ভালোবাসায় আন্তরিকতাই বড় কথা। বড় কোনো উপহারের চেয়ে একটি ফুলই হয়তো অপার আনন্দ দেবে আপনার সঙ্গীকে।