ভালোবেসে বই দিই
‘বই কিনলেন?’‘হু। আরও কিনব। মেলা ঘুরে দেখছি।’‘পড়েন কোথায়?’ ‘স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আমি ফারজানা। ও নীলা। দুজনেই এলএলবি পড়ছি।’ ‘তাহলে তো পড়াশোনা চলে ইংরেজিতেই?’‘হু, তা অনেকটা...’‘বাংলা বই পড়ার আগ্রহ এখনো আছে?’‘থাকবে না কেন? আমার পছন্দ কবিতা আর প্রবন্ধ। আমি কিনব আনু মুহাম্মদের প্রবন্ধের বই। আর আল মাহমুদের কবিতা।’‘নীলা কী কিনবেন?’‘আমি জীবনানন্দ’। জানিয়ে দেন নীলা।‘ভালোবাসা দিবস সামনে। এই দিনে সবচেয়ে ভালো উপহার কী হতে পারে?’ ‘অবশ্যই বই। যেকোনো সময়ই বই সেরা উপহার।’ বলে মানুষের ভিড়ে হারিয়ে যান স্ট্যামফোর্ডের এ দুই শিক্ষার্থী।শীত নেই তেমন। বইমেলায় তো একেবারেই নেই, বই আর বইপ্রেমিকের উষ্ণতা এই এলাকা থেকে শীতকে বিদায় জানিয়েছে।প্রতিদিন আসছে নতুন নতুন বই, প্রতিদিনই মেলায় যাচ্ছে মানুষ। কেনাকাটা চলছে। ধীরে ধীরে জমে উঠছে মেলা। এবার পাকড়াও করি কমার্স কলেজের তামজিদ আর রাইফেল পাবলিক কলেজের আভাকে। দুজনেরই পছন্দ অ্যাডভেঞ্চার। বাংলা-ইংরেজি দুই ভাষাতেই পড়তে পছন্দ করেন। আভা বলেন, ‘আজ খুব একটা কেনাকাটা করব না, বই দেখব, ক্যাটালগ সংগ্রহ করব। তারপর একদিন তালিকা ধরে কিনে নেব।’ ‘বই কিনতেই হবে কেন?’‘বইয়ের কোনো বিকল্প নেই।’‘এটা তো শুনে শুনে বলা। বলতে হয় বলে বলা। বইয়ের বিকল্প থাকবে না কেন? আপনার হাতের ওই সেলফোনটাই তো বিকল্প।’‘উঁহু।’ আভা মাথা নাড়েন এদিক-ওদিক। ‘প্রযুক্তি নতুন নতুন অনেক কিছু দিচ্ছে ঠিকই, কিন্তু বইয়ের বিকল্প নেই। খেতে বসলেও আমার হাতে থাকে বই। কোনো উপহারের কথা ভাবলে বইয়ের কথাই আমার মাথায় আসে সবার আগে।’এবার দারুণ দাপুটে চার তরুণের সঙ্গে দেখা। তাঁদের মধ্যে যাঁর চুল ছোট করে ছাঁটা, তিনি তাঁর পরিচয় গোপন রাখতে চান। অন্যদের সে সমস্যা নেই। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন নাফিস ইসমাইল। বুয়েটের আসিফ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাসুদ এসেছেন সঙ্গে। এবার আমি আক্রমণে। বলি, ‘আমাদের জীবনে এখন বইয়ের কোনো প্রয়োজন নেই, আমাকে ভুল প্রমাণ করুন।’নাফিস ইসমাইল বলেন, ‘আমাদের পড়াশোনা ইংরেজিতে, সেটা সত্যি। কিন্তু বাংলা বই আমাদের পড়তেই হয়। মনের খিদে মেটানোর জন্য বই প্রয়োজন।’‘বাহ! এটা কোনো কথা হলো! আপনার কি সেলফোন নেই? ইন্টারনেট নেই? নেটে ঘুরে বেড়াতে পারেন না? ফেসবুকে থাকেন না সারা রাত? বইমেলায় এসে এতটা সময় নষ্ট করার প্রয়োজন কী? বই পড়ারই বা দরকার কী? কেন এত মানুষ মেলায় আসে?’এই তর্কের ইতি ঘটাতে চান ছোট চুলের নাম বলতে মানা ছেলেটি। বলেন, ‘বই পড়া হয়তো দরকার। কিন্তু বইটা নেটে ছেড়ে দিন। উই ডোন্ট নিড টু কাম হেয়ার।’‘তাই?’সমস্বরে প্রতিবাদ জানান ইউনাইটেড, বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয়। নাফিস বলেন, ‘না না না। বই কেনার একটা আলাদা ব্যাপার আছে। বই আমাদের মানসিক খিদে মেটায়।’বুয়েটের আসিফ বলেন, ‘আমিও প্রতিবাদ জানাই। কিছুক্ষণের আনন্দের জন্য যে বই, সেটা নেটে পড়ে নিতে অসুবিধে নেই। কমিকস টাইপের বই নেটে পড়া যায়। এখন যে ধরনের ছোট ছোট উপন্যাস লেখা হয়, সেগুলোরও কিছু কিছু পড়তে পারি নেটে। কিন্তু একটা কবিতার বই কি নেটে পড়ে সত্যিই মজা পাওয়া যাবে? কিংবা একটি ভালো উপন্যাস? কখনোই না। রবীন্দ্রনাথের একটা বই হাতে থাকলে অন্য রকম লাগে না?’ এবার ‘নাম বলতে মানা’র কাছে প্রশ্ন, ‘ধরুন, এ সময়ের একজন ভালো লেখকের কোনো বই আপনি নেটে পড়ছেন, আর আপনার বন্ধু তাঁরই অটোগ্রাফ দেওয়া নতুন বইটি হাতে পেয়েছেন। কোনটার প্রতি আপনার লোভ থাকবে?’‘অবশ্যই অটোগ্রাফওয়ালা বই!’‘তাহলে আপনি আপনার আগের অবস্থান থেকে সরে আসছেন?’‘হু।’বলার সঙ্গে সঙ্গেই তাঁর বন্ধুরা হাসিতে ফেটে পড়েন। নাম বলতে বারণ ছেলেটি বলেন, ‘এই আলোচনার পর বইয়ের দিকেই আমার মত। আলোচনার মাধ্যমেই তো সিদ্ধান্তে আসতে হয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসুদ যোগ করেন, ‘বইয়ের নিজস্বতা আছে। ইন্টারনেটে পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে পারছি। সেটা কিন্তু পড়ার চেয়ে বাড়তি কিছু দেয় না। নতুন মোড়কের একটি বই খুলতেই মন ভালো হয়ে যায়। নতুন বইয়ের একটা গন্ধ আছে। প্রতিটা পাতার সঙ্গে নতুন জগত্ আবিষ্কার করা যায়। একটা বই উপহার পেলে মন ভরে যায়।’ সোহরাওয়ার্দী কলেজের জিশান আহমেদ আর ইডেন কলেজের ইশরাত জাহান এরই মধ্যে কিনেছেন দুটো অনুবাদ বই। ম্যাক্সিম গোর্কির একটা। চেখভের একটা।‘অনুবাদ বই পড়তে বেশি ভালো লাগে?’‘রবীন্দ্রনাথের নৌকাডুবিও তো কিনেছি।’‘নতুন লেখকদের বই পড়েন না?’‘পড়ি। কিনি। শাহরিয়ার কবির, আনিসুল হক ভালো লাগে।’ বললেন ইশরাত।‘আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি। বারমুডা ট্রায়াঙ্গেল খুঁজছি।’ বললেন জিশান।ইশরাত বললেন, ‘বেশি বেশি অনুবাদ বই পেলে ভালো হতো।’‘আপনার হাতের ওই সেলফোনটা বেশি আপন, না বই?’দ্বিধা। এ রকম প্রশ্ন আগে শোনা হয়নি, তাই আসলেই ওঁরা জানেন না, কোনটি বেশি আপন। জিশান বলেন, এইটা ঠিক, সেলফোন, ফেসবুকের কারণে পড়ার অভ্যাসটা একটু কমে গেছে। কিন্তু সবকিছুর মধ্যে তো একটা সামঞ্জস্য থাকতে হবে। পড়া বাদ দিয়ে সেলফোনে কথা বলতে থাকলে তো চলবে না। কিন্তু তা এড়ানোরও উপায় নেই।ফলিত পদার্থ বিজ্ঞানের ছাত্র পলাশ কিনেছেন ইতিহাসের বই! পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর। মুনতাসীর মামুন আর মহিউদ্দিন আহমেদের সম্পাদনায়। ‘খটোমটো বিজ্ঞানে পড়েন, হঠাত্ ইতিহাসের প্রতি আগ্রহ?’‘বাংলাদেশের ইতিহাস আরও ঘনিষ্ঠভাবে জানতে চাই। ফিজিক্স আর জানার আগ্রহের মধ্যে কোনো বিভেদ নেই। বই মনের চাহিদা মেটায়। তাই বই কিনি, বই উপহার দিই। পড়ার লোভ আমার বিশাল।’কুমিল্লা মেডিকেলের শিক্ষার্থী জেরিনের সঙ্গে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আহমেদ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরিনা এসেছেন। হ্যাঁ, এখানেও ছোট করে চুল ছাঁটা এক বন্ধু আছেন সঙ্গে। তিনি অবশ্য নিজের পরিচয় গোপন না করে বললেন, ‘আমি লেফটেন্যান্ট কৌশিক।’শনিবারের মেলায় জেরিনের মনে শনি ভর করেনি, বরং দিনটিকে তিনি রাঙিয়ে নিতে চাইছেন অন্য আলোয়। কিছুদিনের মধ্যেই ভালোবাসা দিবস। তাই আজই দিনটি পালন করে নিতে চাইছেন। বলি, ‘কেন, বসন্তের প্রথম দিন কিংবা ভালোবাসা দিবসে এখানে এলেই তো পারতেন।’‘না, সেদিন আমাদের দুজনেরই পরীক্ষা। আজ আমরা বন্ধুরা মজা করে ঘুরে বেড়াব। বই কিনেছি সৈয়দ মুজতবা আলীর। আরও কিনব।’ পাশের বন্ধুর দিকে আড়চোখে তাকিয়ে বলেন, ‘আর উপহার পেলে তো কথাই নেই! ’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরিনা বলেন, ‘যা-ই বলেন না কেন, বইয়ের তুলনা বই ছাড়া আর কিছু নয়। বই পড়ে সময়টা ভালো কাটে।’‘নেটে পড়ে নিলেই তো হয়।’‘না হয় না। ডাউনলোড করে বই পড়ায় মজা নাই।’কৌশিক বলেন, ‘আমি আজ এসেছি বই দেখতে। কিনব পরে।’‘নিজের জন্যই কিনবেন? উপহার দেবেন না?’‘বইমেলায় কি কেউ শুধু নিজের জন্য বই কিনতে আসে? উপহার দেওয়ার মতো আনন্দ আর কী হতে পারে!ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির তড়িত্ প্রকৌশলের শিক্ষার্থী শারমীন হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদের বই কিনবেন। নতুন লেখকদের দিকেও নজর রাখছেন তিনি।ভিড়ের মধ্যে আবিষ্কার করি ত্রিপাঠি চাকমাকে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েন। দলবেঁধে এসেছেন তাঁরা। ‘এখানে সবাই কি চাকমা?’হ্যাঁ, সবাই।’প্রতিবাদ করে ওঠেন একটি মেয়ে। বলেন, ‘না, আমি মারমা। নুনুপ্রু মারমা।’সবাই একসঙ্গে হেসে ওঠেন। ‘আমরা সবাই রাঙামাটি, ও শুধু খাগড়াছড়ি।’‘ও আপনাদের মধ্যে ঢুকল কী করে?’নুনুপ্রুই উত্তর দেন, ‘জানি না, একসময় দেখলাম ঢুকে গেছি।’‘কী বই কিনবেন?’‘আমি ভাইয়ার জন্য একটা বই খুঁজছি। উপহার দেব। এ্যান্থনি গ্রামসির বই খুঁজতে বলল।’‘নিজের জন্য কী কিনবেন?’‘ভাইয়াকেই উপহার দেব। নিজের জন্য এখনো বাজেট নাই।’‘ত্রিপাঠি কার বই কিনবেন?’‘মুহম্মদ জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, আনিসুল হক।’ সময় গড়িয়ে যায়। একটু একটু করে শীত নামে। বইয়ের স্টলগুলোয় উত্সুক মানুষের ভিড় তখনো থাকে। নতুন প্রযুক্তির সঙ্গে সন্ধি পাতিয়েছে তারুণ্য, কিন্তু বইয়ের কথা ভুলে যায়নি। নতুন ছাপা হওয়া বইয়ের ঘ্রাণ পাগল করে তাদের মন। নিজের জন্য যেমন, তেমনি অন্যকে উপহার দেওয়ার জন্য বইয়ের কাছেই ফিরে ফিরে আসতে হয়।