ভালোবেসে রাঁধি
ভালোবাসা দিবসে মোমের আলোয় বসে দুজনে সময় কাটানো তো হবেই। সঙ্গে যদি থাকে মজাদার সব কেক, কুকি তাহলে তো কথাই নেই। সঙ্গীকে চমকে দিতে বাড়িতেই তৈরি করতে পারেন এসব খাবার। অনলাইন বেকারি ডেজরির পরিচালক আনাহিতা আহমেদ দিয়েছেন এমন কয়েকটি রেসিপি। সুইটহার্ট কুকিজউপকরণ: মাখন ১ কাপ, বাদামি চিনি পৌনে এক কাপ, সাদা চিনি পৌনে এক কাপ কাপ, ডিম ২টি, ভ্যানিলা ২ চা-চামচ, পানি এক চা-চামচের একটু কম, দুধ ২ চা-চামচ, বেকিং সোডা ১ চা-চামচ, লবণ ১ চামচ, ময়দা ২ কাপ, চকলেট চিপস বা চার কোনা করে কাটা চকলেট পরিমাণমতো, খাবারের লাল রং সামান্য, হূদয় আকারের কুকি কাটার। প্রণালি: মাখন ও চিনি ফুলে-ফেঁপে ওঠা পর্যন্ত মসৃণ করে মেশান। তার সঙ্গে আধা ফোঁটা লাল রং, ডিম, পানি, দুধ ও ভ্যানিলা ভালোভাবে মিলিয়ে নিন। আলাদা বাটিতে ময়দা, লবণ ও বেকিং সোডা মাখিয়ে নিন। মাখনের মিশ্রণে ঢেলে ধীরে ধীরে নেড়ে পুরোপুরি মিশিয়ে নিন, এর সঙ্গে চকলেট যোগ করুন। মিশ্রণটি গোল করে ৪-৬ ঘণ্টা পর্যন্ত রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন গরম করুন। কুকিজের জন্য রাখা ময়দার তালটি ফ্রিজ থেকে বের করে শুকনো ময়দায় গড়িয়ে সিকি ইঞ্চি পুরু রোল করে হূদয় আকারে কেটে নিন। বেকিং শিট অয়েল পেপারে মুড়িয়ে নিন অথব তেল মেখে গ্রিজ করে নিতে হবে। তারপর কুকিজগুলো ওভেনের মধ্য তাকে ১০-১২ মিনিট পর্যন্ত বেক করতে হবে। ১০ মিনিট বেকিং শিটে রেখে ঠান্ডা করে বের করে নিতে হবে। চকলেট ম্যুজউপকরণ: কুচি করে কাটা চকলেট ১ কাপ, আধা কাপ পানি, মাখন ২ টেবিল চামচ, ডিমের কুসুম ৩টি, চিনি ২ টেবিল চামচ, হুইপড ক্রিম ১ প্যাকেট। প্রণালি: মাইক্রোওয়েভ ওভেনে চকলেট ও মাখন সিকি কাপ পানি দিয়ে গলিয়ে নিন। ১০ মিনিট রেখে ঠান্ডা করুন। একটি ছোট ভারী সসপ্যানে ডিমের কুসুম, চিনি বাকিটুকু পানি দিয়ে ফেটিয়ে নিন। হালকা আঁচে ১-২ মিনিট বসিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। আঁচ থেকে নামিয়ে গলানো চকলেটে মেশান। বরফে সসপ্যান বসিয়ে ৫-১০ মিনিট নেড়ে ঠান্ডা করুন। এর সঙ্গে হুইপড ক্রিম মিলিয়ে নিয়ে রেফ্রিজারেটরে ৪ ঘণ্টা অথবা সারা রাত ধরে ঠান্ডা করে পরিবেশন করুন। লেবানিজ সেমোলিনা কেকউপকরণ: কেকের জন্য: সুজি ২ কাপ, দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ টিন, নারকেল দেড় কাপ, গোলাপজল সিকি কাপ, লবণ আধা চা-চামচ, বেকিং পাউডার ২ চা-চামচ, খাবারের লাল রং ১-২ চা-চামচ, মাখন ১ কাপ (গলানো) সিরাপের জন্য: পরিমাণমতো চিনি, পানি আধা কাপ, ১-২ চা-চামচ করে গোলাপ ও স্ট্রবেরি এসেন্স, ১টি লেবুর রস।প্রণালি: ৯ বাই ৯ ইঞ্চি বেকিং ডিশে তেল মাখিয়ে নিন। একটি বাটিতে কেকের সব উপাদান মিশিয়ে নিন। বেকিং ডিশে ঢেলে ১ ঘণ্টা রেখে দিন। আরেকটি ছোট সসপ্যানে সিরাপের সব উপাদান মেশান; ঘন হওয়া পর্যন্ত হালকা আঁচে নাড়ুন। চুলা থেকে নামিয়ে এমনভাবে রাখুন, যাতে গরম থাকে। ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন গরম করুন। ৩০-৩৫ মিনিট কেকের ডিশটি বেক করুন। তারপর ১৫-২০ মিনিট পর্যন্ত ঠান্ডা হতে দিন। তারপর সিরাপের পুরো মিশ্রণটি ঢেলে দিন। সিরাপ শুষে নেওয়ার জন্য কেকটি ২ ঘণ্টা অথবা সারা রাত রেখে দিন। পছন্দসই আকারে কেটে পরিবেশন করুন। হোয়াইট চকলেট ফাজউপকরণ: সাদা চকলেট গুঁড়া ২ কাপ, কনডেন্সড মিল্ক ১ টিন, মাখন সিকি কাপ, কেটে নেওয়া হরেক রকম বাদাম সিকি কাপ, পছন্দসই সুগন্ধি।প্রণালি: ৮ বাই ৮ ইঞ্চি কেক প্যান ননস্টিক বেকিং পেপারে মুড়ে গ্রিজ করে নিন। মাঝারি সাইজের মাইক্রোওয়েভ বাটিতে বাদাম ও সুগন্ধি বাদে বাকি সব উপাদান ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভের হাই পাওয়ারে গরম করে বের করে নিয়ে ভালোভাবে নাড়ুন। ২-৩ বার এভাবে করে মিশ্রণটি পুরোপুরি গলিয়ে নিন। এবার বাদাম ও সুগন্ধি মিশিয়ে দ্রুত তৈরি করে কেক প্যানে মিশ্রণটি ঢেলে দিন। ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পছন্দসই আকারে কেটে পরিবেশন করুন।