
মুনের বয়স তখন বছর খানেক। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দিলাম পাবনা সরকারি মহিলা কলেজে। তখন মুনের বাবা দর্শনা চিনিকলের কেমিস্ট ছিলেন। আমি কিছুদিন পর বদলি হয়ে চুয়াডাঙ্গা গেলাম। সেখানেই মুনকে স্কুলে ভর্তি করালাম। পঞ্চম শ্রেণী পর্যন্ত চুয়াডাঙ্গায় পড়ে ও। এরপর আবার আমি বদলি হলাম কুষ্টিয়া। নতুন নতুন পরিবেশে ওকে মানিয়ে নিতে শিখিয়েছিলাম। লেখাপড়ার পাশাপাশি এসবও প্রয়োজন। কথাগুলো বলছিলেন সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মালেকা বিলকিস। তাঁর ছেলে তারিক আদনান মুন এখন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে পড়ছেন বৃত্তি নিয়ে। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদকও অর্জন করেছেন তিনি।
একদিকে বদলির চাকরি, অন্যদিকে সন্তানের লেখাপড়া—কীভাবে এমন পরিস্থিতি সামলেছেন? মালেকা বিলকিস বললেন, ‘আমি যখন চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া বদলি হলাম। তার আগে মুন ও আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম, ওরা কী চায়। কেননা প্রতিদিন চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া আসা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। ছেলেদের ঠিকমতো দেখভাল করতে পারছিলাম না। এর মধ্যে একদিন মুনকে নিয়ে কুষ্টিয়া ঘুরিয়ে আনলাম। ওর শহর পছন্দ হলো। ওর বাবা থেকে গেলেন চুয়াডাঙ্গা। আমার স্বামী খুব সমর্থন দিয়েছিলেন। বাসা নিলাম কলেজের কাছে। ফলে নিজের দায়িত্বটুকু সেরে শতভাগ সময় ছেলেকে দিয়েছি। যত যা-ই হোক, চেষ্টা করেছি ছেলেকে ভালোভাবে সময় দিতে। কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য এটি খুব প্রয়োজন।’
ছোটবেলা থেকে শুধু পাঠ্যবই নয়, প্রচুর গল্পের বই পড়তে দিয়েছেন মালেকা বিলকিস। একবার তো মা-ছেলে মিলে চুয়াডাঙ্গা শিশু একাডেমীতে গিয়েছিলেন বই কিনতে। মায়ের ব্যাগের সব টাকা শেষ হয়েছিল বই কিনতে গিয়ে। হেঁটে হেঁটে মা-ছেলে বাড়ি ফিরেছিলেন। ছেলেকে লেখাপড়ার পাশাপাশি গান, বিতর্ক করতে উৎসাহ দিতেন। ছেলেদের শুধু লেখাপড়ার মধ্যে আটকে রাখেননি। বাড়িতে মেহমান এলে তাঁদের সঙ্গে গল্প করতে বলতেন। কিন্তু পড়াশোনার বিঘ্ন ঘটে কখনো এমন কিছু করতেন না। নিজে যখন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতেন, দুই ছেলেকেও সঙ্গে নিয়ে যেতেন।
তবে মালেকা বিলকিসের জীবনে অন্যতম সেরা ঘটনা, যখন তিনি পিএইচডি করেন। তারিক আদনান তখন গণিত অলিম্পিয়াডের জন্য বছরে কয়েকবার ঢাকা আসতেন। একবার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গণিত অলিম্পিয়াডের ভিসা প্রক্রিয়ায় জার্মান দূতাবাস তাঁকে বলে, মা-বাবাকে আনতে। ছেলে ফোন দিলেন মাকে। বলেন, আজই আসতে। মা ছুটে গেলেন অধ্যক্ষের ঘরে। অধ্যক্ষ তিরস্কার করলেন ছুটি চাওয়া নিয়ে। এটি মালেকা বিলকিসের খুব খারাপ লেগেছিল। সে সময় মালেকা বিলকিস ভাবলেন, তাহলে পিএইচডি করলে কেমন হয়। সবাই মিলে ঢাকায় থাকা যাবে। তিন বছর ছুটি পাবেন, ছেলেদেরও পর্যাপ্ত সময় দেওয়া হবে।
তারিক আদনান কুষ্টিয়া থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসলেন। ছোট ভাইকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হলো ঢাকার ধানমন্ডি গভ. বয়েজ স্কুলে। মা ও দুই ছেলে একসঙ্গে পড়তেন। সেই সময়টা খুব মনে পড়ে মালেকা বিলকিসের। মালেকা বিলকিস বলেন, ‘আমি শুধু পথ দেখিয়েছি, বাকিটা মুন নিজেই করেছে।’ তাঁর চাওয়া, ছেলে ভবিষ্যতে যেন নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করে।
সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা