
সমস্যা
কলেজে পড়ার সময় আমার একজন সম্মানিত স্যার ছিলেন। একই সঙ্গে তিনি আমার প্রিয় মানুষদেরও একজন। তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল অনেকটা বন্ধুর মতো। প্রতিদিন ঘটে যাওয়া প্রীতিকর ও অপ্রীতিকর অনেক ঘটনাই তাঁর সঙ্গে শেয়ার করতে পারতাম। এভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায়। একসময় লক্ষ করি, তাঁর প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। কিন্তু তিনি আমার চেয়ে ২৮ বছরের বড়। দুই সন্তানের জনক। তাই এই ভালো লাগা কিছুতেই প্রশ্রয় দিতে পারতাম না। কিন্তু এড়িয়েও যেতে পারতাম না। বিষয়টি নিয়ে আমার পরিবারের কারও সঙ্গে কথা বলার মতো অবস্থাও ছিল না। শুধু পরিবারই নয়, বন্ধুদের বলতেও খুব লজ্জা বোধ হতো। সব দ্বিধা উড়িয়ে দিয়ে স্যারকেই ভালো লাগার কথা বলে ফেলি। সঙ্গে পরামর্শও চাইলাম তাঁর কাছে। স্যার বললেন, সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার ফলে এমন হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় তিনি আমাকে এড়িয়ে চলতে শুরু করেন। এতে আমার ভীষণ খারাপ লাগত। তখন আবার আমার পরীক্ষা চলে আসে। কিন্তু পড়ায় মন বসাতে পারতাম না। আমার পড়ার যাতে ব্যাঘাত না ঘটে, তাই পরীক্ষা পর্যন্ত তিনি প্রতিদিন আমাকে কিছুটা সময় দেবেন বলে সিদ্ধান্ত নেন। শর্ত দেন, পরীক্ষা শেষে আর যোগাযোগ রাখা চলবে না। সে অনুযায়ী সবকিছু হলো। এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি এখন সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অঘটনের আশঙ্কায় স্বার্থপরের মতো স্যারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছি। কিন্তু আজ প্রায় বছর খানেক পরও স্যারকে এক দিনের জন্যও ভুলতে পারিনি। কখনো কখনো তাঁকে এত বেশি মিস করি যে তখন আর কিছুই ভালো লাগে না। কোনো কাজে মন বসাতে পারি না। তাঁকে ভোলার জন্য যদি আমি নিজেকে রাত ১২টা পর্যন্তও ব্যস্ত রাখি, তবে ঠিক ১২টা ৩ মিনিটে আবার তাঁকে মিস করি। কিন্তু আমি সবার ভালোর জন্যই ভুলে যেতে চাই। এ সমস্যার সমাধান আছে কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
বয়ঃসন্ধিতে এসে অনেকেরই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়ার কথা। এই সংবেদনশীল পর্যায়ে শিক্ষকের সঙ্গে প্রতিনিয়ত সবকিছু শেয়ার করার ফলে তাঁর প্রতি তোমার অতিরিক্ত আবেগীয় নির্ভরশীলতা তৈরি হয়েছে। হয়তো বা তোমার ঘনিষ্ঠ বন্ধুর অভাব রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও তোমার খোলামেলা ও আস্থার সম্পর্ক তৈরি হয়নি। এ কারণেই পিতৃস্থানীয় ও অসম বয়সের একজন মানুষের সঙ্গে বসে তুমি আনন্দ ও দুঃখ-কষ্টের সব কথা অকপটে বলতে শুরু করেছিলে। তোমার বয়স তো নিতান্তই কম ছিল। কিন্তু তোমার শিক্ষক যেহেতু পরিণত বয়সের, তাঁর কিন্তু দায়িত্ব ছিল এ ব্যাপারে আগেই সচেতন পদক্ষেপ গ্রহণ করা। তিনি তো তোমার মানসিক স্বাস্থ্য কাউন্সেলর বা সাইকোথেরাপিস্ট নন যে তাঁর ক্লায়েন্টকে তিনি তাঁর প্রতি নির্ভরশীল না হওয়ার জন্যও একই সঙ্গে সাহায্য করবেন। তুমি যখন ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতাগুলো বর্ণনা করেছ, তখন তিনি অনেক মনোযোগ দিয়ে, অনেক শ্রদ্ধার সঙ্গে তা শুনে গেছেন। তাঁর কাছে তুমি যে গুরুত্ব পেয়েছ, সেটিও একটি বড় ভূমিকা রেখেছে তোমার বিশেষ ভালো লাগার পেছনে। তাঁর উচিত ছিল আরও আগেই তোমাকে বলা যে তিনি তোমার শিক্ষক। মনে করিয়ে দেওয়া উচিত ছিল, ব্যক্তিগত আলোচনা বেশি হলে সম্পর্কটি অন্যদিকে চলে যেতে পারে। তবে তারপরও আমি তাঁর প্রশংসা করব এই কারণে যে তিনি পরবর্তী সময়ে একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। তোমাকেও তাঁর শর্ত ও অবস্থান সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে অনেক সময় শিক্ষকেরা দুর্বলতার সুযোগ নিয়ে থাকেন। সঙ্গী-সন্তান থাকা সত্ত্বেও শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। অনেকে প্রতারণাও করেন।
তুমি যে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রেখে ভালো থাকার চেষ্টা করেছ, সে জন্য তোমাকে অভিনন্দন। তবে তাঁকে ভুলে যাওয়ার জন্য তুমি যে নিজের মনের সঙ্গে ক্রমাগত যুদ্ধ করছ, সে কারণে আরও বেশি মনে পড়ছে। ভুলে যাওয়ার চেষ্টা না করে তুমি বরং এটিকে একটি মূল্যবান স্মৃতি হিসেবে মনের কোথাও রেখে দিতে পারো। তোমার বয়সের কোনো বন্ধু যাকে তুমি বিশ্বাস করতে পারো, এমন কাউকে ব্যাপারটি শেয়ার করতে পারলে ভালো হয়। স্যারের প্রতি এই অনুভূতি তো তুমি জোর করে তৈরি করোনি। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই এটি ঘটেছে। তুমি এমন কোনো অন্যায় করোনি যে এর জন্য লজ্জিত হওয়ার প্রয়োজন রয়েছে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাও। আনন্দ গ্রহণ করার চেষ্টা করো। তুমি যেহেতু একজন মেধাবী শিক্ষার্থী, আশা করছি, নিজেকে সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করবে।