ভালোর জন্যই নাকি শাসন!
একটি সরকারি প্রজ্ঞাপন। ২০০৮ সালের এপ্রিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই প্রজ্ঞাপনে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসিক নির্যাতন, কঠোরতা, তিরস্কারসহ সব রকম অবাঞ্ছিত আচরণ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল। কিন্তু হায়! যাঁদের জন্য এই নিয়ম, তাঁরাই তা জানেন না। আর তাই তো ১৯ মার্চ প্রথম আলোর ৩ নম্বর পাতায় প্রতিবেদনসহ ছাপা হয় একটি ছবি। যে ছবিতে দাঁড়িয়ে থাকা শিশুদের গায়ে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। না, পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল বলে তাদের পেটানো হয়নি। বাচ্চাগুলোর অপরাধ, তারা বিদ্যালয়ে রংপেনসিল নিয়ে আসেনি। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘রংপেনসিল না আনায় ফেনী সদর উপজেলার বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের ৮ মার্চ পিটিয়ে শরীরে দাগ ফেলে দেন বিদ্যালয়টির এক শিক্ষক! এ কারণে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।সরকার যেখানে প্রজ্ঞাপন জারি করে শিশুদের প্রতি সদয় আচরণ করতে বলছে, সেখানে রংপেনসিল না আনার অপরাধে এমন শাস্তি পেতে হবে কেন বাচ্চাদের? এর উত্তর জানা যায় প্রতিবেদন থেকে। কারণ যাঁদের জন্য এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাঁদের অনেকেই জানেন না এ খবর। আর জানলেও মানতে চান না। প্রজ্ঞাপন বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেছেন, ‘ওসব কত কথাই তো অফিসে বসে বলা যায়, সব মানলে এদের আর পড়ানো লাগবে না। আমরা ভালোর জন্যই শাসন করি।’মনে পড়ল বিদেশ থেকে আসা এক বন্ধুর গল্প। দেরি করে বাড়িতে ফিরেছে সন্তান। দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা। উত্তেজিত হয়ে হাত নেড়ে সে কথাই বলছিলেন বাবা। পাশের ফ্ল্যাট থেকে সে দৃশ্য দেখে পুলিশে খবর দিয়ে দেয় প্রতিবেশী। অতঃপর বাবা গ্রেপ্তার। সন্তানের সঙ্গে কী আচরণ করতে হবে, সেই শিক্ষা নিতে হচ্ছে হাতে-কলমে। আর রংপেনসিল না আনা আমাদের এই শিশুদের পিঠে পড়ে নির্দয় পিটুনির লাল দাগ।সুমনা শারমীন