ভাষা আন্দোলনে যুক্ত হয়ে লেখাপড়া হয়নি তাজুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. তাজুল ইসলাম (৭৬)। ১৯৫২ সালে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সামনে পরীক্ষা। খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আন্দোলনের ডাক এল। সেই আন্দোলনে জড়িয়ে শেষ পর্যন্ত আর লেখাপড়া হয়নি।মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে এই ভাষাসৈনিকের (মো. তাজুল ইসলামের) বাড়ি। বর্তমানে জীবনের শেষ সময়ও সামান্য সম্মানীর বিনিময়ে আবুরহাট শাখা ডাকঘরের পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন। এটিকে তিনি দেশসেবা হিসেবে মনে করেন । তাঁর সঙ্গে কথা হয় ভাষা আন্দোলন প্রসঙ্গে। এখন আর আগের মতো সব কিছু মনে করে গুছিয়ে বলতে পারেন না। তিনি জানান, তখন (১৯৫২ সালে) তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আন্দোলন সংগ্রামে ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা তখন অনেক এগিয়ে। এর আগে মিরসরাইয়ের দুর্গাপুর উচ্চবিদ্যালয়ে পড়ার সময় ’৪৭ সালে সুভাষ বসুর নেতৃত্বাধীন ফরোয়াড ব্লকের স্লোগান ও তাঁদের আদর্শের কথা শুনে সেদিকে ঝুঁকে পড়েন। ’৪৮ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রদের নিয়ে প্রতিবাদ করেন।১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলি ও শহীদ হওয়ার খবরটি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পৌঁছলে ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। কলেজের অধ্যক্ষ ছিলেন আখতার হামিদ খান। তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন ছাগলনাইয়া এলাকার মো. ছলিম উল্লাহ (পরবর্তীকালে উপজেলা চেয়ারম্যান), চাঁদপুরের আব্দুল করিমসহ অনেক ছাত্র মিলে প্রতিবাদ মিছিল করেন। পুলিশ ধরপাকড় শুরু করল। মিছিলে অংশ নেওয়া অনেক ছাত্রকে পুলিশ আটক করল। ভয়ে বাকিরা সবাই আত্মগোপন করতে লাগলেন। আটক ছাত্রদের অধ্যক্ষ ছাড়িয়ে নিতে পারলেন কিনা তা জানার আগেই অন্য সহপাঠীদের পরামর্শে ২২ ফেব্রুয়ারি ট্রেনে করে মিরসরাইয়ের গ্রামের বাড়িতে রওনা দেন।তাজুল ইসলাম যখন আবুরহাট (গ্রামের বাজার) পৌঁছেন তখন ওই এলাকা বেশ থমথমে। কারণ ঢাকার খবর ততক্ষণে গ্রামেও পৌঁছে গেছে। পত্রপত্রিকা বলতে তখন একমাত্র দৈনিক আজাদ আরসাপ্তাহিক ইত্তেফাক-ই ছিল ভরসা। এর মধ্যে ইত্তেফাক-এ বাঙালিদের যেকোনো আন্দোলনের কথা বিস্তারিত লেখা হতো। ফলে ভাষা আন্দোলনের খবরটি সারা দেশের মতো মিরসরাইয়ের ওই প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ে। আবুরহাট উচ্চবিদ্যালয়ের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন মো. ছলিম উল্লাহ্ (পরবর্তীকালে ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান), মনোরঞ্জনসহ আরও অনেকে। সবার নাম মনে করতে পারেননি তাজুল ইসলাম। স্থানীয় ছাত্রদের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানানো এবং সমাবেশের পর সবাই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার জন্য একমত হন। পরিষদের সভাপতি করা হয় তাজুল ইসলামকে। সাধারণ সম্পাদক করা হয় শান্তিরহাট (৪ নম্বর ধূম ইউনিয়ন) এলাকার সাহাব মিয়াকে। শুরু হয় মিছিল, সভা, পোস্টারিং। তাজুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির আগে পোস্টার লেখা হতো ‘অন্যতম রাষ্ট্রভাষা বাংলা চাই।’ কিন্তু ছাত্র শহীদ হওয়ার পর পোস্টারে লেখা হলো ‘রাষ্ট্রভাষা বাংলা চাই।’ মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে রাতে হেঁটে হেঁটে পোস্টার সাঁটানো হতো। প্রতি রাতে বসত গোপন বৈঠক। তিনি জানান, তখন হাতেগোনা কয়েকজন ছাড়া সর্বস্তরের মানুষ ওই আন্দোলনে সহযোগিতা করেছিলেন। এই আন্দোলনে ছিলেন করেরহাট ইউনিয়নের ওবায়দুল হক খন্দকার (পরবর্তীকালে সংসদ সদস্য), ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাটের আবুল কালাম, একই ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার মো. নুরুল ইসলাম (পরবর্তীকালে সাংবাদিক), ইছাখালী ইউনিয়নের এটিএম শামসুদ্দীন (সদ্যপ্রয়াত জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক), আহমেদুর রহমান আজমী (রাজনৈতিক ব্যক্তিত্ব) ও সৈয়দুল হক (বাম দলের নেতা), ময়ানি ইউনিয়নের ফজলুল হক (পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক) প্রমুখ। আবুরহাট ঈদগাহ ময়দান ছিল এলাকার আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখানে ভাষা সৈনিক গাজিউল হক তিনবার সভা করে গেছেন। ফেনীর তত্কালীন সাংসদ খাজা আহম্মদ, আবু তোরাব উচ্চবিদ্যালয়ের তত্কালীন প্রধান শিক্ষক মফিজুল ইসলামসহ অনেকেই ওই ঈদগাহে সভা করে গেছেন। মিরসরাই অঞ্চলে তখন মাইক ছিল না। মাইক আনা হতো ট্রেনে করে চট্টগ্রাম শহর থেকে।১৯৫৪ সালে পুলিশ তাজুল ইসলামকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কারগারে নিয়ে যায়। তিন মাস জেলে থাকার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দেড় বছর পর মুক্তি পেয়ে চাকরির চেষ্টা করলেও কোথাও স্থায়ী হওয়া সম্ভব হয় নি। কারণ যখনই কোনো আন্দোলন শুরু হতো তখন পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য আত্মগোপন করতে হতো তাঁকে। সর্বশেষ ৫৮ সালে পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য অনিচ্ছা সত্ত্বেও পরিবারের সদস্যদের চাপে খুলনা চলে যান। সেখানে একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। ১৯৯৩ সালে অবসর নেন। এরপর বাড়িতে এসে আবুরহাট শাখা ডাকঘরের পোস্টমাস্টারের দায়িত্ব নেন। তিন ছেলে, তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। তাজুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করতে হয়েছে। তাই পড়ালেখা হলো না। পড়ালেখা শেষ করতে পারলে হয়তো জীবনটা অন্য রকম হতো। তারপরও কোনো আফসোস নেই। কিন্তু যদি কখনো কোথাও বাংলা ভাষার অমর্যাদা দেখি তখন নিজেকে সামলে রাখতে কষ্ট হয়।’