ভাষা এক প্রয়োগ ভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার পাশাপাশি আমরা আরেকটি ভাষায় পারদর্শী—শরীরী ভাষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই ভাষায় পারদর্শী অবুঝ শিশু থেকে বুঝদার বয়সী। তবে শিশু ও বয়সীদের শরীরী ভাষায় আছে বিশাল ফারাক!

আকা: ইশমাম
আকা: ইশমাম

হাত নাড়ানো
 শিশু যদি তার এক হাত নাড়ায়, তাহলে বুঝতে হবে, সে কাউকে ডাকছে, আর যদি দুই হাত নাড়ায়, তাহলে বুঝতে হবে সে খুব উচ্ছ্বসিত।
 বয়সী কেউ যদি এক হাত নাড়ায়, তাহলে বুঝতে হবে, সে কোনো গাড়িতে লিফট চাইছে কিংবা কোনো অভিনন্দনের জবাব দিচ্ছে। আর দুই হাত উঁচু করলে বুঝতে হবে, সে আত্মসমর্পণ করছে।

.
.

জিব বের করে রাখা
 শিশু যদি জিব বের করে রাখে, তাহলে বুঝতে হবে, সে কাউকে ভেংচি কাটছে অথবা মজার কোনো খাবার খেয়ে মুখ চাটছে।
 বয়সী কেউ জিব বের করলে বুঝতে হবে,
এই মাত্র কোনো পাগলা কুকুরের দাবড়ানি খেয়ে এসে হাঁপাচ্ছে।

.
.

খাটের ওপর লাফালাফি
 কোনো শিশু খাটের ওপরে উঠে লাফালাফি করলে বুঝতে হবে, সে ভীষণ খুশি।
 বয়স্ক কেউ এ রকম লাফালাফি করলে বুঝতে হবে, সম্প্রতি শেয়ারবাজারের সবচেয়ে বড় লসটা তিনিই হজম করেছেন।

.
.

একদৃষ্টিতে তাকানো
 শিশু যদি কোনো কিছুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে বুঝতে হবে, সে বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে কিংবা কী আছে, সেটা বোঝার চেষ্টা করছে।
 বয়সী কেউ যদি কোনো কিছুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে বুঝতে হবে, সে আসলে বিষয়টা বোঝেইনি!

.
.

তালি বাজানো
 শিশু ভীষণ খুশি হলে দুই হাতে তালি বাজায়।
 বয়সীরা ভীষণ বিরক্তি নিয়ে তালি বাজাতে শুরু করে বাসায় মশার উৎপাত বেড়ে গেলে।

.
.

বুড়ো আঙুল মুখে দেওয়া
 শিশু যখন বুড়ো আঙুল মুখে দেয়, তখন বুঝতে হবে, তার ভীষণ খিদে পেয়েছে।
 বয়সী কেউ যখন বুড়ো আঙুল মুখে দেয়, তখন বুঝতে হবে যে পরীক্ষায় তার কিছুই কমন পড়েনি অথবা তার আঙুল কেটে গেছে।

.
.

মুখে লজ্জা লজ্জা ভাব
 শিশুদের মুখে যখন লজ্জা লজ্জা ভাব থাকে, তখন বুঝতে হবে, সে প্যান্ট কিংবা বিছানা ভিজিয়ে ফেলেছে।
 বয়সীদের মুখে লজ্জা লজ্জা ভাব মানে বাসায় তার বিয়ের কথা হচ্ছে অথবা নতুন প্রেমে পড়েছে।

.
.

কোনো কারণ ছাড়াই হাসা
 শিশু যদি কোনো কারণ ছাড়াই হাসে, তাহলে বুঝতে হবে, তার মেজাজ–মর্জি অত্যন্ত ভালো।
 বয়সী কেউ যদি কোনো কারণ ছাড়াই উচ্চ শব্দে হাসে, তাহলে বুঝতে হবে, তার মাথার নাট–বল্টু ঢিলা হয়ে গেছে।