ভাষা চর্চার আনন্দপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা প্রতিযোগ শুরু হয়েছিল এক দশক আগে ২০০৫ সালে। তখন বাংলা ভাষা এক নতুন সংকটের মধ্যে পড়েছিল। আকাশ সংস্কৃতির প্রভাবে হঠাৎ করে বাংলার সঙ্গে ইংরেজি ও হিন্দি মেশানো শুরু হলো। কেউ কেউ ইংরেজি বোলচালের ঢঙে বাংলা বলা শুরু করল। একশ্রেণির বৈদ্যুতিন গণমাধ্যম এই প্রবণতার আশ্রয় নিয়ে বাংলা ভাষার বিকৃতি ঘটাতে লাগল। অন্যদিকে আরেক গোষ্ঠী প্রমিত বাংলাকে উপেক্ষা করে আঞ্চলিক বাংলাকে তার প্রতিস্থাপনে অতি উৎসাহ দেখাতে শুরু করল। নতুন প্রজন্মের ওপর এর একটা বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হলো। 
হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা ভাষাকে সেই জগাখিচুড়ি অবস্থা থেকে রক্ষার একটা ভাবনা ও প্রয়াস হিসেবেই তখন প্রথম আলোর পক্ষ থেকে ভাষা প্রতিযোগের কথা ভাবা হয়। ২০০৪ সালের শেষ দিকে ও ২০০৫ সালের শুরুতেই এ নিয়ে বৈঠক হয় প্রথম আলো অফিসে। গঠিত হয় ভাষা প্রতিযোগ পর্ষদ। এর সদস্য হন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশ কয়েকজন প্রবীণ-নবীন শিক্ষক। অধ্যাপক আনিসুজ্জামান হন এর সভাপতি। সবাই একমত হন যে প্রমিত বাংলা ভাষা চর্চায় নতুন প্রজন্মকে প্রণোদিত করতে হবে।
প্রতিযোগিতার নাম দেওয়া হলো ‘ভাষা প্রতিযোগ’। অধ্যাপক আনিসুজ্জামানই এই নামটি ঠিক করে দেন। গত ১০ বছরে এই প্রতিযোগিতাকে উপলক্ষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। দেখেছি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সে কী উৎসাহ ও একাত্মতা। আর পুরো অনুষ্ঠানে উৎসবমুখরতা দেখে মুগ্ধ হয়েছি। চোখে ভাসছে বন্ধুসভার সদস্যদের সনিষ্ঠ ও সুশৃঙ্খল কর্মতৎপরতা, অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় সঞ্চালকদের মনকাড়া সৃজনশীলতা ও নান্দনিকতা, স্কুল কর্তৃপক্ষ ও অতিথিদের আন্তরিক সহযোগিতা এবং প্রথম আলো-এইচএসবিসির দক্ষ ব্যবস্থাপনা।
সবার যোগে এগিয়ে যাক ভাষা প্রতিযোগ। অব্যাহত থাকুক এর অনবদ্য পথচলা।
মাহবুবুল হক
অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়