ভাষা নিয়ে শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুনের প্রতি তাঁর ছিল দুর্বার কৌতূহল। সবে প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফলাফল। বিষয় পেলেন ভাষাবিজ্ঞান। একেবারেই নতুন একটি বিষয় তখন ভাষাবিজ্ঞান। ভাষা নিয়ে পড়াটা কেমন হবে, তা ভাবতে ভাবতেই ভর্তি হয়ে গেলেন এ বিভাগে। তারপর বেশ মজা পেয়ে গেলেন। এ গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চার বছরের অনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের ছাত্রী নায়রা খানের। এ বিভাগ থেকে পাস করে তিনি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন এ বিভাগেই। শিক্ষকতার পাশাপাশি কাজ করে যাচ্ছেন বাংলা ভাষার এমন একটি উন্নত ব্যাকরণ তৈরির, যা কম্পিউটারের মাধ্যমে বাংলা ভাষার মেশিন ট্রান্সলেশনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।এ বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র কিরণ যখন ভর্তি হয়েছিলেন, তখন জানতেন না তেমন কিছু এ সম্পর্কে। কিন্তু ভাষা নিয়ে পড়তে এসে ভালোবেসে ফেলেছেন এ বিষয়টিকে। ‘আর ভালো লাগবেই বা না কেন, যে ভাষার মাধ্যমে মনের কথা বলি প্রিয়জনের কাছে, সে বিষয়টি নিয়ে পড়ালেখাটাও নিশ্চয়ই খুব মজার হওয়ারই কথা, তাই না।’ জানালেন তিনি।ভাষা হচ্ছে মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ বাহন। এ ভাষাকে বিদ্যা হিসেবে আলোচনা ও চর্চা শুরু হয় ভারতবর্ষে পাণিনির হাতে। তথ্যপ্রযুক্তি ও আকাশ সংস্কৃতির পৃথিবীর সম্পর্ক ও গতিশীলতা সব ভাষাকে কেন্দ্র করে। তাই বিদ্যা হিসেবে ভাষাবিজ্ঞান গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার।কোথায় পড়বেনসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই পূর্ণাঙ্গ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বিষয়টি পড়ানো হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দু-একটি কোর্স রয়েছে, যা ইংরেজির পাশাপাশি পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের যাত্রা শুরু ১৯৯২ সাল থেকে।বিষয়বৈচিত্র্যভাষাবিজ্ঞান বিভাগের সম্মান কার্যক্রমটি চার বছরের। আটটি সেমিস্টারে পড়ানো হয় ১০৪ ক্রেডিটের সমতুল্য কোর্স। এখানে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব থেকে শুরু করে ভাষার প্রায়োগিক কোর্স সমাজ ভাষাবিজ্ঞান, চিকিৎসা ভাষাবিজ্ঞান, কম্পিউটার ভাষাবিজ্ঞান, ভাষাবৈকল্য, সংকেত ভাষা, মৌলিক বাংলা ও ইংরেজি বিষয়গুলো পড়ানো হয়। পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে পড়ানো হয় জার্মান ভাষা। চার বছরের সম্মান কার্যক্রমের পর এক বছরের মাস্টার্স প্রোগ্রাম রয়েছে এ বিভাগেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে পড়তে চাইলে এইচএসসি পরীক্ষা পাসের পর ‘খ’ বিভাগ অথবা ‘ঘ’ বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ পেয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে ইংরেজি ও বাংলা ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়।সুযোগ ও সম্ভাবনাভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাকিম আরিফ বলেন, তথ্যপ্রযুক্তির চর্চা ও ভাষাচর্চা সমান্তরাল গতিতে চলে, তাই উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এ বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল কর্মক্ষেত্র। দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থা, চিকিৎসা ভাষাবিজ্ঞান, প্রতিবন্ধী সেবাপ্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে এ বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের কাজের সুযোগ রয়েছে। এ বিষয় নিয়ে পড়ে দোভাষী হিসেবেও অনেকে কাজ করতে পারেন।ভাষাবিজ্ঞান নিয়ে রয়েছে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ। স্নাতকোত্তর পর্যায়ে জাপান, জার্মানি, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এটি খুব উঁচুমানের বিষয়। প্রতিবছরই এসব দেশ থেকে এ বিষয়ে পড়ার জন্য শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।