‘বদলে, সবুজ, নির্মল, দেবে, শতাব্দী, বনানী, বাতাস’ শব্দগুলো এলোমেলো। এসব শব্দের প্লেকার্ড নিয়ে যাঁরা বাক্য বানাতে চান তাঁরাও উদ্ভ্রান্ত। প্লেকার্ড নিয়ে কিছুতেই তাঁরা সঠিক বাক্যটি বানাতে পারছেন না। দু-একটা বাক্য হলো বটে কিন্তু তা-ও হ-য-ব-র-ল। ‘বদলে দেবে শতাব্দী নির্মল বনানী সবুজ, বাতাস।’ কিংবা হচ্ছে ‘বনানী সবুজ বাতাস নির্মল শতাব্দী দেবে বদলে।’ অনেক চেষ্টার পর অবশেষে তাঁরা সফল হন, ভাঙতে পারেন জীবনের মতোই জটিল শব্দজট। তৈরি হয় কাঙ্ক্ষিত বাক্যটি—‘বদলে দেবে শতাব্দী, নির্মল বাতাস সবুজ বনানী।’ এ স্লোগান সামনে রেখে মূকাভিনয়ের মাধ্যমে উদ্বোধন হলো প্রথম জাতীয় মূকাভিনয় কর্মিসম্মেলন ২০১০। ৬-৯ মে ত্রৈমাসিক মূকাভিনয় পত্রিকা প্যান্টোমাইম মুভমেন্ট-এর উদ্যোগে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে চার দিনব্যাপী এ সম্মেলন হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ‘জলবায়ু পরিবর্তন’, সম্মেলনেরও বলিষ্ঠ উচ্চারণ ছিল জলবায়ু নিয়ে। মঞ্চসজ্জা থেকে শুরু করে চারপাশে ছিল সবুজের ছোঁয়া। সম্মেলন উদ্বোধন করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, অধ্যাপক আবসার আহমেদ ও সুচরিত দাশ। প্যান্টোমাইম মুভমেন্ট-এর সম্পাদক রিজওয়ান রাজন জানান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মূকাভিনয় কর্মীদের একত্রিত করে একটি প্লাটফর্ম গঠন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শেষে গঠিত হয় বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আসা অনাদিকল্প, স্বপ্নদল, মুক্তমঞ্চ, নির্বাক দল, ব্রজমোহন থিয়েটার, পানগুছি থিয়েটার সেন্টার, ভিশন প্যান্টোমাইম, মাইম আর্ট, বাংলাদেশ প্যান্টোমাইম, কিডস কালচারাল ইনস্টিটিউট, বিটা ও একক মূকাভিনয়শিল্পীরা অংশ নেন। বন উজাড় আর এর নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে মূকনাটক বনদুঃখ পরিবেশন করে আলোর খোঁজ। ‘অশনিসংকেত’ নামক পালা পরিবেশন করে সংশপ্তক। সম্মেলনের দ্বিতীয় দিন ছিল সেমিনার। ‘বাংলার মূকাভিনয়, বাঙালির মূকাভিনয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যজন জাহিদ রিপন। আলোচনা করেন আফসার আহমেদ, মসিউর রহমান, অরূপ বড়ুয়া ও ইসরাফিল আহমেদ। একই দিন বিকেল তিনটায় মূকাভিনয় কর্মিসম্মেলন ও আড্ডার আয়োজন করা হয়। এতে মূকাভিনয় কর্মীরা নানান সমস্যার কথা তুলে ধরেন। সমাপনী দিন ছিল চট্টগ্রামের ১০ চিত্রশিল্পীর পরিবেশ বিষয়ে ছবি অঙ্কন, যা সম্মেলনে ভিন্ন মাত্রা যোগ করে। ওইদিন সাউদার্ন জাতীয় মূকাভিনয় প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।