
গান শুনতে শুনতে খেলুক শিশুরা। ওদের বাধা দেবেন না। এমন আনন্দময় খেলায় সময়টা তাদের মোটেও বিফলে যায় না, বরং এভাবেই শিশুদের ভাষাগত দক্ষতার উন্নতি হয়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক গত সোমবার এ কথা জানিয়েছেন।
নয় মাস বয়সী ৩৯টি শিশুকে দুই দলে ভাগ করেন গবেষকেরা। প্রথম দলের শিশুরা নানা খেলনা নিয়ে সময় কাটায়। তাদের সঙ্গে ওই গবেষকেরা তুলনা করেন সংগীতের তালে তালে খেলতে অভ্যস্ত আরেক দল শিশুর। এতে দেখা যায়, গান শুনে শুনে খেলেছে যে শিশুরা, তাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশের সক্রিয়তা বেশি ছিল। বিভিন্ন নকশা বা চিহ্ন শনাক্ত করতে মস্তিষ্কের ওই অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ভাষা শেখার জন্য এ রকম চিহ্ন চিনতে পারা এবং মনে রাখার দক্ষতা অর্জন খুব জরুরি।
গবেষক দলটির প্রধান এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর লার্নিং অ্যান্ড ব্রেইন সায়েন্সে কর্মরত ক্রিস্টিনা ঝ্যাও বলেন, অল্পবয়সী শিশুরা সুর বা ছন্দের তালে তালে কোনো কিছু শিখলে তাদের কথা বলার দক্ষতাও বাড়ে। ফলে তারা তখন অনুমান করেই অনেক কিছু ঠিক ঠিক চিনতে পারে বা বলে দেয়। এর মানে হলো, শৈশবে সংগীতের অভিজ্ঞতা যুক্ত হলে শিশুদের বোধশক্তির সামগ্রিক বিকাশে একধরনের ইতিবাচক প্রভাব পড়ে।
ঝ্যাও এবং তাঁর সহযোগীদের ওই গবেষণার পরিসর অবশ্য খুব বড় ছিল না। তাঁরা যুক্তরাষ্ট্রের মাত্র ৩৯টি শিশু এবং তাদের মা-বাবাকে গবেষণায় অন্তর্ভুক্ত করেন। শিশুদের দুটি পৃথক দলে ভাগ করে তাদের মস্তিষ্কের স্ক্যান (ম্যাগনেটোএনসেফালোগ্রাফি বা এমইজি) করে পার্থক্য শনাক্ত করেন। এ গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সব বিদ্যালয়ে শিশুদের গান শোনার ব্যবস্থা নেই। খরচ বেশি—এমন অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ এই সুযোগ করে দিচ্ছে না।