বাংলাদেশের ভাষা শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি এখন সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস ক্যাম্পাসে উদ্যাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের (বিএসও) শিক্ষার্থীরা নাটিকা, দেশাত্মবোধক গান, নাচ ও কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখে।এ ছাড়া বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অন্য দেশীয় ছাত্র সংগঠনগুলোকেও। চীন, ভারত, ভিয়েতনাম, তুরস্ক, মেক্সিকো, শ্রীলঙ্কা, জাপান ও কাজাখাস্তানের শিক্ষার্থীরা তাঁদের আঁকা পোস্টার, লিফলেট, হস্তশিল্প বিতরণ ও প্রদর্শন করে। ফলে অনুষ্ঠানটি দেশ-কালের সীমানা পেরিয়ে বহুমাত্রিক হয়ে ওঠে।অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিএসওর প্রেসিডেন্ট সরকার রাহাত আনোয়ার, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসেস অফিসের সহকারী পরিচালক লিসবেথ লেসিস্টার এবং এশিয়া সেন্টারের পরিচালক মনিক ওয়েডারবার্ন। অনুষ্ঠানের শেষার্ধে সংগীত পরিবেশন করে বিএসওর ব্যান্ড, ধূমকেতু।