ভাষার ভেলায় ভেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০১৫-২০১৬ কার্যকরী পর্ষদের সদস্যরা
ভিকারুননিসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০১৫-২০১৬ কার্যকরী পর্ষদের সদস্যরা

শুধু ‘ভাষা’ নিয়েই যেন কয়েকটি দিন মুখরিত হয়েছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস। জাতীয় ভাষা উৎসবে মুখর সেসব দিনে কত যে আয়োজন ছিল তার হিসেব মেলানোই দায়। গল্প লেখা, উপস্থিত বক্তব্য দেওয়া, আবৃত্তি, স্পেল বি, লিসেনিং টেস্ট, ভোকাবুলারি টেস্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় মেতে ওঠে শিক্ষার্থীরা। এ ছাড়া উৎসবে অংশ নেওয়া ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির এসব শিক্ষার্থীর জন্য ছিল ভাষাবিষয়ক কুইজ। এর সঙ্গে জার্মান, স্প্যানিশসহ অন্যান্য ভাষার নানা দিকও অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরা হয়।
এমনই সব আয়োজন নিয়ে ২১ থেকে ৩০ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল জাতীয় ভাষা উৎসব। আয়োজনে ছিল ভিকারুননিসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। উৎসবে হলিক্রস কলেজ, সেন্ট যোসেফ স্কুল, নটর ডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ভারতেশ্বরী হোমস, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকা এবং ঢাকার বাইরের ৪৫টি স্কুল ও ৩২টি কলেজ। উৎসবে প্রতিটি প্রতিযোগিতাই হয় জুনিয়র-১, জুনিয়র-২ এবং সিনিয়র—এই তিন বিভাগে। ভাষা উৎসবে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
উৎসবের আয়োজনের সম্পর্কে তো উচ্ছ্বাসই ধরে রাখতে পারলেন না ভিকারুননিসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি জেবা ফারাহ হক—‘এত বড় একটি উৎসব আয়োজন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ভাষার প্রতি আগ্রহ গড়ে উঠতে হলে আমাদের একাধিক ভাষা জানতে হবে। তাই আমরা বিভিন্ন ভাষার দারুণ দিকগুলোই সব প্রতিযোগীর সামনে তুলে আনতে চেয়েছি এই উৎসবে।’
উৎসব আয়োজনের সময়কালে ক্লাবের মুখপত্র রেডিয়েন্ট প্রকাশনার মোড়ক উন্মোচিত হয়।
ভাষা উৎসবের পুরো আয়োজনের পেছনে ভিকারুননিসা নূন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষকদের সঙ্গে ছিলেন ক্লাবের সদস্যরা। উৎসব আয়োজনের জন্য ক্লাবের নিশা মাহাবুবা সালাম ও দোলা জান্নাতুল ফেরদৌসকে দেওয়া হয় বেস্ট এক্সিকিউটিভ অ্যাওয়ার্ড। ‘পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আমরা এর আগে আন্তস্কুল ও আন্তকলেজ ভাষা উৎসব আয়োজন করেছি। কিন্তু জাতীয় ভাষা উৎসব আয়োজনের অভিজ্ঞতা আমাদের এবারই প্রথম। তাই এটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি লাগছে।’ বলেন নিশা।
মাতৃভাষার চর্চার পাশাপাশি অন্য ভাষা রপ্ত করার সুবিধা নিয়ে কথা বলতে উৎসবের বিভিন্ন দিনে অতিথি হিসেবে ছিলেন আমেরিকান সেন্টারের সাংস্কৃতিক-বিষয়ক কার্যনির্বাহী জর্জ মিসথাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন সদরুল আমীন প্রমুখ।