ভাষাশহীদ সালামের গ্রামে হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলি
ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম সালামনগরের শহীদ মিনারে হাজারো শিশু-নারী-পুরুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সংস্কৃতিকর্মী, সংগঠক ও সাধারণ মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে সালামনগর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন শহীদ মিনার চত্বর। ফুলে ফুলে ভরে ওঠে শহীদবেদি। পুষ্পস্তবক অর্পণ করে ফেনী জেলা ও দাগনভূঞা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফেনী প্রেসক্লাব, দাগনভূঞা প্রেসক্লাব, ভাষাশহীদ সালামের পরিবার, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ছাত্রদল, যুবদল, প্রথম আলো বন্ধুসভা, ভাষাশহীদ সালাম ফোরাম, সালাম কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, নেওয়াজপুর উচ্চবিদ্যালয়, ইকবাল মেমোরিয়াল কলেজ, সিলোনিয়া উচ্চবিদ্যালয়, মাতুভূঁঞা করিম উল্লা উচ্চবিদ্যালয়, উত্তর আলীপুর উচ্চবিদ্যালয়, মোমারিজপুর উচ্চবিদ্যালয়, সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে ভাষাশহীদ সালাম স্মৃতি ফোরাম আলোচনা সভার আয়োজন করে। শেখ ফরিদ আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির ওরফে রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম, পৌর মেয়র ওমর ফারুক, ফেনী প্রেসক্লাব সম্পাদক রফিকুল ইসলাম, আবু সুফিয়ান প্রমুখ। সভায় বক্তারা শহীদ সালামের গ্রামের প্রধান সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটি নদীভাঙনের মুখে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করার হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কটি মেরামত ও গ্রন্থাগারটি ভাঙনের হাত থেকে রক্ষা করে সে দাবি জানানো হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষাশহীদ সালামনগরে গতকাল শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্থায়ী মেলা বসে। এতে বেশ কিছু দোকান ছিল।