ভাষাশহীদের গ্রামের শহীদ মিনারের করুণ দশা
অমর একুশের ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম ফেনীর দাগনভূঞার সালামনগরের শহীদ মিনারটি বর্তমানে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ। তাঁরা শহীদ মিনারটি সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন।ভাষাশহীদ আবদুস সালামের ছোট ভাই অবসরপ্রাপ্ত সুবেদার আবদুল করিমসহ গ্রামবাসী জানান, অমর একুশের শহীদ আবদুস সালামের গ্রামের সাধারণ লোকজন দীর্ঘদিন একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতেন। ১৯৯৫ সাল পর্যন্ত গ্রামের লোকজন এভাবেই একুশের অনুষ্ঠান করতেন। ১৯৯৫ সালে গ্রামের এক ব্যক্তির দান করা জমিতে গ্রামে প্রথম একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। তখন বিদ্যালয়ের পাশে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে একুশের অনুষ্ঠান হতো। ১৯৯৭ সালে বিদ্যালয়ের পাশে স্থানীয় মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উদ্যোগ ও ব্যবস্থাপনায় একটি ছোট শহীদ মিনার নির্মাণ করা হয়। ইতিমধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যালয়ের পাশে ফেনী জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এটি উদ্বোধন করেন। মাতুভূঞা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান ওরফে বদি প্রথম আলোকে জানান, ১৯৯৭ সালে ভাষাশহীদ সালামনগরে শহীদ মিনার নির্মাণের জন্য তৎকালীন ফেনী-২ আসনের সাংসদ জয়নাল হাজারীর অর্থায়নে এটি নির্মাণ করা হয়। সালামনগর গ্রামের শতবর্ষী অধিবাসী নুর আহম্মদ জানান, গত তিন-চার বছর থেকেই ফেনী ও দাগনভূঁঞা থেকে একুশে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তারা যোগদান করে থাকেন। গত বছর বর্তমান শহীদ মিনারের পাশে একুশের আলোচনা সভায় দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির সেখানে বর্তমান শহীদ মিনারের সংস্কার ও আধুনিকায়নের অঙ্গীকার করেছেন। কিন্তু এখনো মিনারটি সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ প্রসঙ্গে দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির প্রথম আলোকে জানান, বর্তমান শহীদ মিনারের স্থলে সেখানে একটি আধুনিক শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন। এটি ফেনী জেলা পরিষদ নির্মাণ করে দেবে বলে তাঁকে জানিয়েছে। একটু দেরি হলেও সেখানে কথা অনুযায়ী আধুনিক শহীদ মিনার অবশ্যই নির্মাণ করা হবে।