ভাসছে মানুষ ভাসছে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট-পাথরের নগরে সারি সারি দালান। বাড়ছে শহরের পরিধি। জীবিকার সন্ধানে শহরমুখী মানুষের স্রোত বেড়েই চলেছে। কিন্তু দালানের বিশালতায় চাপা পড়ে যাচ্ছে হাজারো গৃহহারা মানুষের আর্তনাদ। বন্দর নগরের বিভিন্ন স্থানে এমন অনেক ভাসমান মানুষের দেখা মিলবে যাঁরা খোলা আকাশের নিচেই রাত কাটান। এসব মানুষের কেউ অপেক্ষায় থাকেন কখন সড়কের পাশের দোকানটি বন্ধ হবে। কারণ দোকানের ঝাপ নামলেই সামনের ফুটপাতের ময়লা পরিষ্কার করে হবে ঘুমানোর ব্যবস্থা। কেউ অপেক্ষা করেন ব্যস্ত সড়কে যানবাহন কমার। তাঁরা ঘুমান সড়কদ্বীপে ( আইল্যান্ড)। এসব ভাসমান মানুষদের কেউ কেউ থাকেন ফুটপাতে। চারপাশ ঘিরে থাকে পলিথিনের কাঠামো। কোনো রকমে বৃষ্টির ছাঁট থেকে যদি রক্ষা পাওয়া যায়। কেউ আশ্রয় নেন পাহাড়ের পাদদেশে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে চট্টগ্রাম নগরে ভাসমান মানুষের বসবাস। নগরের দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে বাঁশের চাটাই আর পলিথিন মোড়ানো বেশকিছু ঘর। এখানে কথা হয় আবদুস সালামের সঙ্গে। কুঁজো হয়ে ঢুকতে হয় ঘর নামের ওই কাঠামোটিতে। তিনি বলেন, ‘প্রায় ১৫ বছর আগে কাজের আশায় এখানে আসি। শরীর ভালো না, তাই নিয়মিত কাজ করতে পারি না।’ সালামের স্ত্রী গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। এ রকম জীবিকার অন্বেষণে আসা অনেকেরই ঠাঁই হয়েছে নগরের সড়কে ও বস্তিগুলোতে। দারিদ্র্য, নদীভাঙন, নগরে কর্মসংস্থানের তুলনামূলক অধিক সুযোগ নিম্নবিত্ত মানুষদের জড়ো করেছে শহরে। তবে নিম্ন আয়ের মানুষের আবাসনের সুযোগ খুবই সীমিত। তাই তাঁদের ঠাঁই হয়েছে সড়কে। পরিবেশকর্মী শরীফ চৌহান প্রথম আলোকে বলেন, ‘জীবিকার তাগিদেই দরিদ্র মানুষ শহরে ভিড় করে। নগরে জীবন যাপনের ব্যয় তাঁদের আয়ের তুলনায় অনেক বেশি। তাই জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দ্বীপে, ফুটপাতে, রেল স্টেশনে, পাহাড়ের পাদদেশেসহ বিভিন্ন স্থানে ভাসমান মানুষ বসবাস করেন। সরকারের উচিত অল্প পরিসরে হলেও ঝুঁকিতে থাকা মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া।’ গত সোমবার রাতে নগরের রেলস্টেশন, নন্দনকানন, জিইসি মোড়, ষোলশহর, সিআরবি, টাইগারপাস, মোমিন সড়কে ঘুরে দেখা গেছে, কয়েক শ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ—সব বয়সের মানুষ আছেন। রান্না, খাওয়াদাওয়া, বিশ্রাম—সবই চলছে পথের পাশে। ্ররেলস্টেশন এলাকায় তসলিমা নামের এক মহিলা বলেন, ‘মাস খানেক হয় এইখানে থাকি। এর আগে সিআরবিতে থাকতাম। যখন যেইখানে সুযোগ পাই সেইখানে থাকি।’ সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘খাওয়ার পানি আর রান্নার লাকড়ি জোগাড় করতে খুব সমস্যা হয়।’ নগরের মোমিন সড়ক এলাকায় সড়কদ্বীপে ঘুমান দিনমজুর শহীদ। রাতে ঘুমাতে ভয় লাগে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কই যামু। এই জায়গাও সব সময় খালি থাকে না।’এ বিষয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে এর সমাধান সম্ভব নয়। আগে ভাসমান মানুষের তালিকা করতে হবে। এর মধ্যে ভূমিহীন ও জীবিকাহীনদের আলাদাভাবে চিহ্নিত করে কর্মপন্থা ঠিক করতে হবে। শহরতলির সঙ্গে যোগাযোগব্যবস্থা ভালো করা এবং কর্মস্থলের আশপাশে আবাসনের সুযোগ সৃষ্টি করাও জরুরি। এই জটিল সমস্যার সমাধানে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। সামগ্রিক পরিকল্পনা করে ভাসমানদের নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে।’