ভাসল জাহাজ, উড়ল ফানুস

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতে এবারও কল্পজাহাজ ভাসালেন রাখাইন সম্প্রদায়ের লোকজন। সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে গত ২৯ অক্টোবর বিকেলে রাখাইন তরুণ-তরুণীরা এই জাহাজ ভাসানো উৎসবে মেতে ওঠেন। সন্ধ্যায় সৈকতে ওড়ানো হয় অসংখ্য ফানুস। বিপুলসংখ্যক পর্যটক বালুচরে দাঁড়িয়ে রাখাইনদের এই উৎসব উপভোগ করেন।
কক্সবাজার রাখাইন স্টুডেন্ট কাউন্সিল ও ওয়াগ্যোয়ে পোয়ে উদ্যাপন কমিটির যৌথ উদ্যোগে সৈকতে এই উৎসব উদ্যাপিত হয়।
বেলা তিনটার দিকে শহরের বৌদ্ধমন্দির সড়ক এলাকার প্রাচীন আগ্গমেধা ক্যাং চত্বর থেকে বৌদ্ধবিহারের ‘শীর্ষদেশ’ আদলে তৈরি আকর্ষণীয় দুটি কল্পজাহাজ নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাখাইন নারী-পুরুষেরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে সৈকতের ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সময় তরুণ-তরুণীরা গানের তালে নেচেগেয়ে উল্লাস প্রকাশ করেন।
সৈকতে উপস্থিত ছিলেন কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ এথিন রাখাইন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক ক্যচিং মং ওয়েন প্রমুখ।
এরপর লাইভ গার্ড বাহিনীর সহযোগিতায় কল্পজাহাজগুলো সাগরে ভাসিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় ওড়ানো হয় অসংখ্য ফানুস।
ক্যথিং অং বলেন, রাখাইন শাসনামলে রামু ছিল প্যানওয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী। তখন রাজ্যের প্রতিনিধি হিসেবে প্যানওয়া অঞ্চলের শাসনকর্তা ছিলেন প্যান ওয়া ঝা। তাঁর শাসনামল থেকেই বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায় অরহৎ উপগুপ্ত ভিক্ষুকে বন্দনার নিমিত্তে নদী, খাল ও সাগরে কল্পজাহাজ ভাসানো উৎসব পালন করে আসছেন। জেলার রামু, চৌফলদণ্ডী, মহেশখালী, খুরুশকুল, চকরিয়া, হারবাং ও টেকনাফে রাখাইন সম্প্রদায় কল্পজাহাজ ভাসানো উৎসব উদ্যাপন করা হয়।
এদিকে একই দিন রামুর বাঁকখালী নদীতেও জাহাজ ভাসানো উৎসব উদ্যাপন করা হয়। সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে রাখাইনরাও একাধিক কল্পজাহাজ ভাসিয়ে আনন্দ-উল্লাস করেন।