ভাসানীর জন্মদিনে ইন্দিরার উপহার

ডিসেম্বর ১৯৭১। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগিয়ে চলেছে চূড়ান্ত বিজয়ের দিকে। এরই মধ্যে এল ১২ ডিসেম্বর, মওলানা ভাসানীর ৯০তম জন্মদিন। হঠাৎই ইন্দিরা গান্ধীর উপহার নিয়ে তাঁর বিশেষ দূত এলেন ভাসানীর কাছে। সেই গল্প শোনাচ্ছেন সৈয়দ আবুল মকসুদ
১২ ডিসেম্বর ১৯৭১। ভারত-পাকিস্তান যুদ্ধের নবম দিন। পূর্ব ও পশ্চিম সীমান্তের দুই ফ্রন্টেই চলছে পাকিস্তানের সঙ্গে ভারতের তুমুল যুদ্ধ। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) ভিআইপি কেবিনে শায়িত। ফজরের নামাজ আদায় করে তিনি শুয়ে শুয়ে নীরবে দোয়াদরুদ পাঠ করছেন। সকালে কর্তব্যরত চিকিৎসক ও নার্স এসে তাঁদের রুটিন দায়িত্ব পালন করে গেছেন। নাশতার পরে বিশেষজ্ঞ চিকিৎসক আসার কথা। সেদিন তার ব্যতিক্রম ঘটল।

মওলানা ভাসানীর কেবিনে ঢুকলেন দুজন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দূত টি এন কাউল। সঙ্গে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি এসেছেন এআইআইএমএসের পরিচালক প্রফেসর ভি রামলিঙ্গ স্বামীর পক্ষ থেকে। তাঁদের পেছনে দুই কর্মকর্তার হাতে ফুলের তোড়া ও মিষ্টান্নের বাক্স। টি এন কাউলের হাতে একটি সুন্দর ছড়ি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মওলানাকে তাঁর জন্মদিনের উপহার। ভারত সরকারের নথিতে এবং তাঁর পাসপোর্ট অনুযায়ী মওলানার জন্ম তারিখ ১২ ডিসেম্বর ১৮৮০।

তাঁদের দেখে মওলানা ভাসানী তাঁর বিছানায় তড়াক করে উঠে বসলেন। তাঁরা তাঁকে ভারতীয় রীতিতে জোড়হাতে অভিবাদন জানালেন। মওলানা তাঁদের অভিবাদনের জবাব দিলেন এক হাত উঁচিয়ে।
মওলানা ভাসানী তাঁদের অত সকালে দেখে তাজ্জব হলেন। ব্যাপার কী? যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। বাংলাদেশের মুক্তিসেনারা ও সাধারণ মানুষ জীবন-মরণ লড়াই করছেন দেশকে শত্রুমুক্ত করতে। তাহলে কি যুদ্ধে ভারত এরই মধ্যে জিতে গেছে? বাংলাদেশ কি এখন পাকিস্তানি হানাদারমুক্ত? বাংলাদেশ স্বাধীন? এসব প্রশ্ন তাঁর মনে।
মওলানার মনে ছিল না যে ওই দিনই তাঁর জন্মদিন। তাঁর শয্যার পাশে দুই অতিথি চেয়ার টেনে বসেন। টি এন কাউল জানতে চাইলেন, মওলানা সাব, কেমন বোধ করছেন এখন?
ভাসানী বললেন, ভালো। কিন্তু খবর কী?
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে পাঠানো হয়েছে ফুলের তোড়া, একটি জন্মদিনের কার্ড ও একটি ছড়ি। কার্ডটির আকার পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি। ওপরে লাল জবা ফুলের ছবি। অপর পাতায় এভাবে লেখা:
Wishing you a
happy birthday
Jai Hind
Jai Bangla
T.N. Kaul
(From Hospital)
12 December
১৯৭১
(শুভ জন্মদিনের শুভেচ্ছা। জয় হিন্দ। জয় বাংলা। টি এন কাউল। (হাসপাতাল থেকে) ১২ ডিসেম্বর ১৯৭১।
মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া টেবিলে রেখে লোকটি চলে গেলেন। ছড়িটি মওলানার হাতে তুলে দিয়ে টি এন কাউল বললেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের সামান্য উপহার।
মওলানা প্রীত হলেন। হিন্দিতে অনর্গল বলে গেলেন, তা তো তিনি পাঠাবেনই। ইন্দিরা পণ্ডিত জওহরলাল নেহরুর মেয়ে না? মতিলাল নেহরুর নাতনি তো! আমরা একসময় একই সঙ্গে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি। এখনো আবার একই সঙ্গে লড়ছি এক বর্বর জালেমের বিরুদ্ধে।
ভাসানী মতিলাল নেহরুর অসাম্প্রদায়িক নীতির বিশেষ অনুরাগী ছিলেন। বলতেন, তাঁর মতো উদার নেতা কংগ্রেসে বেশি থাকলে ভারতবর্ষ ভাগ হতো না। জওহরলাল নেহরুর নন-অ্যালাইন্ড পলিসির তিনি ছিলেন অবিচল সমর্থক।
মওলানা ভাসানীকে ভারত সরকার একজন মহান জাতীয় নেতার মর্যাদা দেয়। তিনি ছিলেন প্রবাসী সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি। সে কমিটির আট সদস্যের মধ্যে ছিলেন মণি সিং, মোজাফফর আহমদ, মনোরঞ্জন ধর, তাজউদ্দীন আহমদ, খন্দকার মোশতাক আহমদ প্রমুখ।
ড. রামলিঙ্গ স্বামীর পক্ষ থেকে মওলানাকে উপহার তুলে দেন হাসপাতালের কর্মকর্তা। সেই সঙ্গে হাসপাতালের প্যাডে একটি জন্মদিনের শুভেচ্ছাপত্র। শুভেচ্ছাপত্রটি এ রকম:
Phone: 621603
All India Institute of Medical Sciences
Ansari Nagar
New Delhi-16
December 12, 1971
Prof. V. Ramalinga Swami
Director
Dear Maulana Sahib,
May I send you on the auspicious occasion of your 90th birthday the greetings and felicitations of all of us at the All India Institute of Medical Sciences.
We all wish and pray for many many years of happy and fruitful work. It has been our privileges during the past few months to take care of you in the best possible way and we are so happy that your recovery has been so good. We pray for your continued recovery and for all the best of health.
With warmest regards.
Yours sincerely
V. Ramalinga Swami
ফোন: ৬২১৬০৩
নিখিল ভারত চিকিৎসাবিজ্ঞান ইনস্টিটিউট
আনসারিনগর
নয়াদিল্লি ১৬
ডিসেম্বর ১২, ১৯৭১
অধ্যাপক ভি রামলিঙ্গ স্বামী
পরিচালক
প্রিয় মওলানা সাহেব,
আপনার ৯০তম জন্মদিনের এই শুভক্ষণে নিখিল ভারত চিকিৎসাবিজ্ঞান ইনস্টিটিউটের সবার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমরা সবাই আপনার আরও বহু বহু বছরের আনন্দময় ও সফল কর্মোদ্যোগের প্রত্যাশা ও প্রার্থনা করি। গত অল্প কয়েক মাসে সর্বোত্তম উপায়ে আপনাকে সেবা করার সুযোগটি আমাদের জন্য সম্মানের। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি ভালোভাবে আরোগ্য লাভ করেছেন। আমরা আপনার ক্রমাগত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।
উষ্ণ শ্রদ্ধাসহ,
আপনার
ভি রামলিঙ্গ স্বামী
মওলানার সঙ্গে কয়েক মিনিট কাটিয়ে হাসপাতালের কর্মকর্তা চলে গেলেন। কেবিনে থাকলেন শুধু ভাসানী ও টি এন কাউল।
সেদিন তাঁরা কী আলোচনা করেছিলের তার বিস্তারিত বিবরণ আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে স্বাধীনতার পরে কথা প্রসঙ্গে মওলানা জানিয়েছেন, যুদ্ধ-পরিস্থিতি, শেখ মুজিবুর রহমানের বর্তমান অবস্থান ও মুক্তি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হয়। টি এন কাউল ভারত সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়া, বয়দের ডেকে মওলানা মিষ্টিগুলো খাইয়ে দেন। আর ছড়িটি তিনি ব্যবহার করেছেন এবং দেশে নিয়ে এসেছিলেন। জন্মদিনের কার্ড ও শুভেচ্ছাবার্তাটি তিনি তাঁর ছোট্ট স্যুটকেসে রেখে দেন। ওগুলো তাঁর ব্যক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারীর কাছে রয়েছে।