ভাস্কর্য অপসারণের পেছনের কারণ

ভাস্কর্য অপসারণের আরও কিছু কারণ খুঁজে বের করেছে রস+আলো। যেগুলো দিব্যি কাজে লাগাতে পারে কর্তৃপক্ষ। ভেবেছেন মো. মিকসেতু
* গত কয়েক দিনের প্রচন্ড গরমে মানুষেরই প্রাণ যায় যায় অবস্থা। সেখানে ভাস্কর্য কোন ছার! গরম লাগলে মানুষ তবু ফ্যান বা এসির নিচে বসতে পারে, ঠান্ডা পানীয় পান করতে পারে। কিন্তু ভাস্কর্য তো আর নড়াচড়া করতে পারে না। বাধ্য হয়ে রোদে পুড়তে হয় তাদের। আমরা সবাই বলছি, ভাস্কর্যকে ভালোবাসি অথচ ভাস্কর্যের এই রোদে পুড়ে যাওয়া নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ভাস্কর্য অপসারণ করে কর্তৃপক্ষ মূলত ভাস্কর্যটিকে একটু আরাম-আয়েশে রাখতে চেয়েছে।
* গ্রিক দেবী থেমিসের এক হাতে ছিল উঁচু করে ধরা দাঁড়িপাল্লা। আর কে না জানে দাঁড়িপাল্লা হচ্ছে জামায়াতের নির্বাচনী প্রতীক। সুতরাং দেবী যতই গ্রিক হোন না কেন, এতে জামায়াতের প্রচারণাই হচ্ছিল। গ্রিক দেবী অপসারণের নামে মূলত জামায়াতের দাঁড়িপাল্লাই অপসারিত হয়েছে।
* বেশ কিছু দিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটা নিষিদ্ধ হওয়ার কথা শোনা যাচ্ছে। জামায়াতের অপসারণের বিষয়টা ঝুলে থাকলেও জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা হাতে ভাস্কর্য অপসারণ করে আপাতত জামায়াতকে দাঁতভাঙা জবাব দেওয়া হলো। এই-বা কম কী?
* বয়স হয়ে গেলে খেলোয়াড় থেকে শুরু করে চাকরিজীবী—সবাইকে একসময় সরে যেতে হয়। এটাই জগতের নিয়ম। গ্রিক দেবী বর্তমান বাংলাদেশের উষ্ণ আবহাওয়ায় বেমানান। কাজেই তঁাকেও সরে যেতে হয়েছে। গ্রিক দেবীর স্থানে গাছ লাগালে বরং সেটা যুগের সঙ্গে বেশ মানানসই হবে। এই গরম আবহাওয়ায় গাছের ছায়ার প্রয়োজন আছে। হোক না সেটা তেঁতুল কিংবা অন্য যেকোনো গাছ।
সারাটা জীবন খালি চিন্তাই কইরা গেলাম। কিন্তু এইবার মনে হয় সিরিয়াসলি চিন্তা করতে হইব!