
‘ভাস্কো দা গামা ১৪৯৮ সালে উত্তমাশা অন্তরীপ অতিক্রম করিয়াছিলেন’—সপ্তম শ্রেণীতে এর ইংরেজি বলতে না পারায় কানমলা খেতে হয়েছিল। সেই আমার ভাস্কো দা গামার পর্তুগাল দেখার একটা সুযোগ হলো। আমাদের ট্রাভেল এজেন্ট ই-টিকেট কিনে বোর্ডিং পাসটাও আমার ই-মেইলে দিয়ে রেখেছিল, নইলে মাদ্রিদ থেকে পোর্তোর রাইন এয়ার নির্ঘাত মিস হতো। ই-চেক-ইন, তার ওপর আবার ১০ ইউরো দিয়ে ভিআইপি লাইনের মওকা! তাই আধা ঘণ্টা পরে এসেও লাইনের লেজের গোড়া থেকে সরাসরি প্লেনের পেটে, ভালো একটা আসনে। যথাসময়ে মাদ্রিদ থেকে পোর্তো এয়ারপোর্ট। বিমানবন্দরের ট্রাভেল ডেস্ক থেকে হাতে আসে একটা তেলতেলে কাগজের শহর হাল-মানচিত্র। মেট্রোর মানচিত্র ধরে বেশ কয়েকটি স্টেশন পেরিয়ে মাটি ফুঁড়ে বের হয়ে পথচারী দোকানিদের জিজ্ঞাসা করে হোটেলের সন্ধান পেয়ে গেলাম। হোটেল ভিলা গালে পোর্তো।
বেলা ১০টা। পুর্তগালের পোর্তো, ওদের ভাষায় ওপোর্তো শহরে গ্রীষ্মে সূর্য ডোবে রাত ১১টায়। মূল শহরটা পুরোনো দিনের অর্থাৎ পর্তুগিজ জলদস্যুদের আমলের। পাহাড়ের চড়াই-উৎ রাইয়ের গায়ে গায়ে বিশাল বিশাল পুরোনো দিনের নকশা করা ভবন। ওরা বলে ‘কাস্টিলো’ অর্থাৎ ক্যাসেল। আমরা বলি রাজভবন, তবে সব ক্যাসেলই ওদের রাজভবন নয়। রাজভবনকে ওরা বলে ‘রয়েল ক্যাসেল—কাস্টিলো দে রিয়াল’। ভবনের ফাঁকে ফাঁকে খাড়া খাড়া অলিগলি। একটি গলির ওপরে একটা জীর্ণ গির্জার মতো দেখে এগিয়ে যাই। এটা পোর্তোর টাওয়ার। দুই ইউরো টিকিট করে পাথরের সিঁড়ি বেয়ে কমপক্ষে কুড়ি তলা, তারপর আরও উঁচুতে যাওয়ার ব্যবস্থা!
নিচে নেমে এক ঢোঁক পানি গিলে দুই কদম এগোতে একটা মনোহারি দোকানের বাঙালি দোকানিকে আবিষ্কার করি। ওর কাছ থেকে বেড়ানোর তালিম নিয়ে পুরোনো পোর্তোতে ঘুরতে থাকি। এখানেই আলিয়াদোস, বেন্তো ইত্যাদি এলাকাজুড়ে বিশাল বিশাল পুরোনো ভবনে এখন বেন্তো রেল স্টেশন, পোর্তো মিউনিসিপাল অফিস আর ঐতিহাসিক স্পট। এখানে অনেক পুরোনো সুদৃশ্য ক্যাথেড্রাল, প্রায় সবগুলোতে এখনো যিশু বন্দনা হয়। আছে প্যালেসিও (প্যালেস) দে বোলসা।
ঘুরতে ঘুরতে চলে আসি সি ক্যাথেড্রাল পেরিয়ে একটা ট্যুরিস্ট অফিসে। বিভিন্ন ট্যুর প্যাকেজ আছে বিভিন্ন দামে। একটা নৌ ভ্রমণে বেরোনো হয় রিওডুরো মানে ডুরো নদীতে। এ নদী পাহাড়ের বুক চিরে শহরটাকে দুই ভাগ করে আটলান্টিক সাগরের নীল জল বয়ে চলেছে।
সারা দিনের অভুক্ত পেটে আগুন জ্বলে ওঠে। ট্রামে চেপে কয়েকটি স্টপেজ গিয়ে নামতেই মাছ ভাজার তীব্র গন্ধ টেনে নিয়ে যায় খাবার দোকানে। ওয়েটারকে ডেকে মনোবাসনা বলি। খুশি হয়ে কিছুক্ষণ বাদে নিয়ে আসে কয়েকটা টুনা মাছের আগুনে স্যাঁকা বড় টুকরো, গোটা কতক পোড়া আলু, গাজর আর নিচে বিছানো কিছু লতাপাতা অলিভ অয়েল ছড়ানো—দেখতে যেমনই হোক, বস্তুটি কিন্তু সুস্বাদু। এটা সেই পর্তুগালের বিখ্যাত ডিশ ‘বাক্যালিয়াও’। খানিক বাদে পৌঁছে গেল আরেকটি ডিশ। নাম জানা গেল ‘পেসাদা’—আস্ত কয়েকটা আগুনে পোড়া সারডিন ফিস, পেঁয়াজ আলু ভাজা দিয়ে সাজানো।
ওপোর্তো থেকে লিসবন সোজা দক্ষিণে প্রায় তিন ঘণ্টার রেল যাত্রা। কখনো আটলান্টিক মহাসাগর ডাইনে রেখে, আবার কখনো গ্রামের পর গ্রাম পেরিয়ে বার্জ আর পাইন বনের ভেতর দিয়ে লিসবনের ওরিয়েন্ট স্টেশন। ম্যাপ নিয়ে সোজা চলে আসি মেট্রো করে হোটেলে। এবার জলদস্যুদের জাদুঘরগুলো ঘুরে দেখে ওদের ভারতবর্ষ বিচরণের ইতিহাস জানার ইচ্ছে হয়। আমাদের হোটেল রোসিও সেন্টার থেকে ট্রামে চেপে এভিনিডা ডে ঝুলহো হয়ে সাগরের পাড় দিয়ে পৌঁছানো গেল ‘বেলেম টাওয়ারের’ কাছে। সেই জলদস্যুতার আমলে আটলান্টিক মহাসাগরের মোহনায় তৈরি হয়েছিল এই পর্যবেক্ষণ টাওয়ার। একটুক্ষণ বাদেই আটলান্টিক থেকে উড়ে আসা জলবাতাস আমাদের মনোরম বৃষ্টিতে ভিজিয়ে দিল।
দৌঁড়ে গিয়ে একটা কফি সপে দুই কাপ এসপ্রেসো কফির তেতোয় সুখের চুমুকে আটলান্টিকের বুকে তরঙ্গের সঙ্গে মেঘের যুগল নৃত্য বেশ উপভোগ্য। কাছাকাছিই মেরিন জাদুঘর। টিকিট নিয়ে ঢুকতেই চোখের সামনে সেই আমলের ম্যাপ, যেখানে দেখা যায় ভাস্কো দা গামা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের গোয়ায় নোঙর করেছিল। ভারতের সঙ্গে মসলার ব্যবসায় আরব একাধিপত্যের ছেদ পড়ে তাতে। পঞ্চদশ শতাব্দী সত্যিই একটা সূবর্ণ সময় ছিল পর্তুগিজদের। আশ্চর্যের ব্যাপার, ভারত বিচরণের তেমন কোনো ইতিহাস বা তথ্য-উপাত্ত ওরা কিছুই সংরক্ষণ করেনি।
মেরিন জাদুঘরে সংরক্ষিত আছে শুরু থেকে হাল আমলের নৌ অভিযানের রেপ্লিকা। ভেবে অবাক হই সেই চতুর্দশ-পঞ্চদশ শতকে সমুদ্র দাপিয়ে বেড়ানো পর্তুগিজরা হাল আমলে সাগরের দখল ধরে রাখতে পারেনি। ইতিহাসের এটাই নিয়ম।
আস্তে আস্তে বাতির তারার নিচে জেগে ওঠে লিসবন শহর। একটির পর একটি বিমান পাশের এয়ারপোর্টে অবতরণ করে। সন্ধ্যা গাঢ় হয়ে আসে। ক্লান্ত শরীরে বিষণ্ন মন আশ্রয় খোঁজে। চুপ হয়ে দুই বন্ধু বসে থাকি আকাশের স্তব্ধ সায়ান্ন আর নিচের বিজলি বাতির শহরের দিকে তাকিয়ে।
আজই লিসবনের শেষ রাত। ফেরার পথে রেস্টুরেন্টে পর্তুগিজ লোকগীতি ‘ফাদো’র বিষণ্ন সুর মনকে আরও অবসাদগ্রস্ত করে তোলে।