ভাড়া করা দোকানে ইউপি কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিত্যক্ত, তাই ভাড়া করা দোকানেই চলছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এ কারণে পরিষদের বিভিন্ন কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। সেবা পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।

বারশত ইউনিয়ন পরিষদের সচিব আবু জাহেদ জানান, আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের কার্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ২০০৩ সালে কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়। গত ১৪ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাঁদের বাড়িতে বসেই কার্যক্রম চালিয়েছেন। বর্তমান চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ এ বছর দায়িত্বভার গ্রহণ করার পর ইউনিয়নের কালীবাড়ি এলাকায় মোজাম্মেল মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। ৩০ ফুট দৈর্ঘ্যের ও ১২ ফুট প্রস্থের এই কক্ষের ভাড়া মাসে দুই হাজার টাকা। একই কক্ষে চলছে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেরও কার্যাক্রম। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বারশত কালীবাড়ি এলাকায় ইউনিয়ন পরিষদের একতলা পাকা ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এর চার শ গজ দূরেই মোজাম্মেল মার্কেটের একটি দোকানে খোলা হয়েছে পরিষদের নতুন কার্যালয়। পরিষেদের কার্যালয়ের পাশে চুল কাটার সেলুন, মুদির দোকানসহ নানা দোকানপাট। কার্যালয়ে গাদাগাদি করে বসানো হয়েছে তিনটি টেবিল। সেখানে সদস্যদের নিয়ে চেয়ারম্যান, সচিব ও তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা বসেন। কার্যালয় ছোট হওয়া সেবা প্রার্থীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কর্মকর্তা-কর্মচারীদের। ফলে সালিসি বৈঠক, জন্মনিবন্ধনসহ পরিষদের কার্যক্রম চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আরাফাত খান (৩৪) বলেন, ইউপির নিজস্ব কার্যালয় না থাকায় নানা সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। ছোট কার্যালয়ে সব সময় ভিড় লেগেই থাকে।

ইউপি সচিব আবু জাহেদ বলেন, ইউপি ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সেখানে কার্যক্রম চালানো যাচ্ছে না।

এ ব্যাপারে বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদের কার্যালয় না থাকায় আমরা মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছি। এতে পরিষদের কাজে ব্যাঘাত ঘটছে। বিচার, সালিসের কার্যক্রম পরিচালনাসহ অন্যান্য কাজ করতেও সমস্যা হচ্ছে।’

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, বারশত ইউপি কার্যালয় না থাকায় সমস্যা হচ্ছে। সমস্যাটি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।