ভাড়া করা দোকানে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ভাড়া করা দোকানে। এ ছাড়া উপজেলার পুরানগড়, নলুয়া, পশ্চিম ঢেমশা, আমিলাইষ ও কালিয়াইশ ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে জরাজীর্ণ পুরোনো ভবনে। সরেজমিনে বাজালিয়া ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ৩০ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনের দেয়ালে শেওলা পড়েছে, পলেস্তারা খসে পড়েছে। দরজা জানালা নেই। বারান্দার পিলার ও একটি দেয়াল ধসে মাটিতে পড়ে আছে। এ কারণে গত ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে পরিষদের বাইরে ভাড়া করা দোকানে। বিভিন্ন সময়ে নির্বাচিত চেয়ারম্যানরা নিজেদের সুবিধাজনক দোকান ভাড়া করে কার্যক্রম চালিয়েছেন। পূর্বের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার পরিষদের কাজ চালাতেন বাজালিয়া বোমাংহাটের একটি দোকানে। বর্তমান চেয়ারম্যান কাজ চালাচ্ছেন বাজালিয়া বাস স্টেশনের পশ্চিম পাশে একটি দোকানে। চেয়ারম্যান পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিষদের কাজ চালানোর জন্য দোকানের পরিবর্তন হয়েছে বহুবার। বর্তমানে বাজালিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ২৫ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থ একটি দোকানে। মাসিক ভাড়া দুই হাজার টাকা। এক কক্ষবিশিষ্ট এ দোকানে চেয়ার টেবিল বসানো হয়েছে ঠাসাঠাসি করে। সালিসি বৈঠক বা বিচার কার্য পরিচালনার সময় লোকজন বেশি হলে জায়গার সংকুলান হয় না। ফরিদুল আলম মেম্বার জানান, পুরোনো ভবন ভেঙ্গে যাওয়ার পর থেকে গত পনের বছর ধরে পরিষদের কাজ চলছে দোকানভাড়া করে। বাজালিয়া ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন সিকদার জানান, পরিষদের কোনো আয় নেই অথচ এ অবস্থায় মাসে দুই হাজার টাকা ভাড়া গুনতে হচ্ছে। এ ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে গেছে। চেয়ারম্যান আরও জানান, ‘নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছি। উপজেলা পরিষদের সভায় তা পাস হয়েছে। নতুন ভবনের জন্য ৩০ শতক জায়গা সরকারকে আমরা দিতে সম্মত হয়েছি।’ এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজের সঙ্গে যোগাযাগ করা তিনি প্রথম আলোকে বলেন, ‘বাজালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জন্য প্রস্তাব এসেছে। শিগগির কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’