ভাড়া করা লোক দিয়ে প্যারাবন পাহারা!
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা রেঞ্জের প্যারাবন পাহারা দিতে লোক ভাড়া করেছে বন বিভাগ। স্থানীয়ভাবে মাসিক চুক্তির ভিত্তিতে চারজন লোক নিয়োগ দেওয়া হয়েছে। এখন প্রায় ১০ হাজার একর বন পাহারার জন্য আছেন মাত্র তিনজন বনপ্রহরী।বন বিভাগ সূত্র জানায়, সাতটি বিটের প্রতিটিতে ১০ জন করে ৭০টি (বিট কর্মকর্তা-কর্মচারী ও বনপ্রহরী) পদ রয়েছে। বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৯ জন। বাকি ৫১টি পদ অনেক দিন ধরেই শূন্য। এর মধ্যে পাঁচটি বিট—ঝাপুয়া, বড়দিয়ায়, সোনাদিয়ায়, গোরকঘাটা সদর ও পোকখালীতে বিট কর্মকর্তা নেই। সেখানে বনপ্রহরীরা বিট কর্মকর্তার দায়িত্ব পালন করছে। আর বনপ্রহরী নেই ঝাপুয়া, বড়দিয়ায়, মাতারবাড়ি ও পোকখালী বিটে। ফলে জনবলসংকটের কারণে প্যারাবন রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগের লোকজনকে।গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘লোকবলসংকটের কারণে প্যারাবন রক্ষা করা যাচ্ছে না। এ কারণে মাসিক চুক্তির ভিত্তিতে ভাড়া করা চারজন লোক দিয়ে এখন প্যারাবন পাহারা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘প্যারাবন রক্ষার জন্য জরুরি ভিক্তিতে লোকবল ও যানবাহন সরবরাহ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কছে অনেকবার লেখা হলেও কোনো কাজ হয়নি।’জানা গেছে, গোরকঘাটা রেঞ্জের অধীনে মাতারবাড়ি বিটে ৮০০ একর, ঝাপুয়াতে এক হাজার ২০০ একর, বড়দিয়ায় ৫০০ একর, ঘটিভাঙ্গায় সাড়ে চার হাজার একর, সোনাদিয়া দ্বীপে এক হাজার ৫০০ একর, গোরকঘাটা সদরে ৫০০ একর ও পোকখালীতে এক হাজার একর প্যারাবন রয়েছে।