ভাড়া নিয়ে বাড়াবাড়ি আনোয়ারা সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বিভিন্ন সড়কে যানবাহনের ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের সহকারীদের বাগিবতণ্ডা লেগেই আছে। একেক বাসে একেক ধরনের ভাড়া আদায় করার কারণে অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে যাত্রীরা অভিযোগ করেন। তবে বাসের সহকারীরা দাবি করেছেন, নির্ধারিত হারের চেয়ে কম ভাড়াই তাঁরা আদায় করছেন। যাত্রীদের অভিযোগে জানা যায়, আনোয়ারার চারটি সড়কেই যানবাহনে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করা হলে বাসের সহকারীরা সংশ্লিষ্ট যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন। আনোয়ারার সরকারহাট এলাকা থেকে নগরের রাহাত্তারপুলে প্রতিদিন বাসে যাতায়াতকারী আবদুর রহমান বলেন, ‘সরকার হাট থেকে লোকাল বাসে রাহাত্তারপুল পর্যন্ত একেক সময় একেক রকম ভাড়া নেওয়া হয়। কখনো ৩০ টাকা, কখনো ২৫ থেকে ২৮ টাকা দাবি করেন ভাড়া আদায়কারীরা। এ নিয়ে প্রতিবাদ করলে কিংবা কারণ জানতে চাইলে নাজেহাল করা হয়। অনেক সময় যাত্রীদের বলা হয় নেমে যেতে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়।’ একই রকম অভিযোগ বাঁশখালীর চাঁনপুর-ফেরিঘাট, বটতলী-রুস্তমহাট, বরকল সেতু ও মুরালী-ছত্তারহাট সড়ক দিয়ে যাতায়াতকারী আনোয়ারার যাত্রীদেরও। অভিযোগ অস্বীকার করে মালিক সমিতির কর্মকর্তারা জানান, সরকারের নতুন প্রজ্ঞাপন অনুসারে চাঁনপুর থেকে বহদ্দারহাট পর্যন্ত সাড়ে ২৫ কিলোমিটারে ভাড়া পড়ে ৩৪ টাকা। একই দূরত্বের বটতলী-রুস্তমহাট থেকেও একই ভাড়া পড়ে। তা ছাড়া বরকল থেকে দূরত্ব সাড়ে ২৯ কিলোমিটার হওয়ায় ভাড়া পড়ে সাড়ে ৩৯ টাকার বেশি। গত ৯ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হচ্ছে।জানতে চাইলে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবহন শ্রমিকেরা কখনো অতিরিক্ত ভাড়া আদায় করেন না। মাঝেমধ্যে তাঁরা ভাঙতি পয়সাগুলোও নেন না।’ভাড়ার তারতম্য প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত প্রতিদিন শ্রমিক পরিবর্তন হওয়ায় কিছুটা ভুল বোঝাবুঝি হয়।’