ভাড়া বাড়ছে, বিকল্প এখন মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বাড়ছে চট্টগ্রামে। নিবন্ধন নিয়ে যত না মোটর সাইকেল চলছে, তার চেয়েও বেশি চলছে নিবন্ধন ছাড়া। গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় এবং রিকশা ও অটোরিকশার ভাড়া বাড়ায় জনপ্রিয় হচ্ছে মোটরসাইকেল। এ ছাড়া দামে সস্তা হওয়ায় মধ্য আয়ের লোকজন মোটরসাইকেল কিনছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। তবে মোটরসাইকেল বাড়ার পাশাপাশি চুরির ঘটনাও বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) হিসাবে প্রতিবছর নিবন্ধিত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সবচেয়ে বেশি। ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩৬ হাজার ৫৬২টি মোটরসাইকেলের নিবন্ধন করা হয়েছে। এর আগে ১৯৪৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোটর সাইকেল ছিল মাত্র ৮২৮টি। মোটরসাইকেলের ব্যবহার দিন দিন বাড়ছে—এ কথা উল্লেখ করে বিআরটিএর উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘আমরা যত যানবাহন নিবন্ধন করি, তার মধ্যে মোটরসাইকেলই সবচেয়ে বেশি। আগে যখন গ্রামগঞ্জে একটি মোটরসাইকেল যেত, তখন লোকজন তাকিয়ে থাকত। আর এখন গ্রামে প্রতি ঘরে এই বাহনটি দেখা যায়।’ কিছু মোটরসাইকেল নিবন্ধন ছাড়া চলছে স্বীকার করে তিনি আরও বলেন, ‘মোটরসাইকেল মানুষের কাজকর্ম সহজ করে দেয়, সময় বাঁচায়। তা ছাড়া রিকশা ও গাড়ি ভাড়াও এখন অনেক বেড়ে গেছে। এ কারণে অনেকেই এখন অল্প টাকায় মোটরসাইকেল কিনছেন।’ জানা গেছে, ২০১০ সালে বিআরটিএ চট্টগ্রাম সার্কেলে মোট ১২ হাজার ৯০৪টি বিভিন্ন ধরনের যানবাহন নিবন্ধন করা হয়। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছয় হাজার ৮১৩টি। চলতি বছর এই সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেছে। ২০০৯ সালে মোটরসাইকেল নিবন্ধিত হয় পাঁচ হাজার ১৫৬টি। এক হিসাবে দেখা যায়, ২০০২ সালের পর থেকে এই বাহনটির চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। ২০০১ সালে যেখানে মাত্র ৭৮৭টি নিবন্ধন করা হয় সেখানে পরের বছর তা বেড়ে দাঁড়ায় এক হাজার ২৫৭টিতে। এর পর ক্রমান্বয়ে এই সংখ্যা কেবল দ্বিগুণ হয়েছে। ২০০৫ সালে এক হাজার ৮৭১টি, ২০০৬ সালে দুই হাজার ৮২০টি, ২০০৭ সালে চার হাজার ৬৯০টি, ২০০৮ সালে চার হাজার ৮৩০টি মোটর সাইকেল নিবন্ধন করা হয়। তবে অনিবন্ধিত মোটর সাইকেলের সংখ্যা নিবন্ধিত মোটর সাইকেলের চেয়ে কম নয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। অনটেস্ট, এএফআর, ভুয়া নম্বর প্লেট, সংবাদপত্র লিখে কোনোরকম নিবন্ধন ছাড়া চলছে হাজার হাজার মোটর সাইকেল। গ্রাম-গঞ্জে এই সংখ্যা সবচেয়ে বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে।আবার মোটর সাইকেলের চাহিদা বাড়ার পাশাপাশি দুই চাকার এই বাহনটির চুরিও অনেক গুণ বেড়েছে। প্রতিসপ্তাহে কোনো কোনো জায়গা থেকে মোটর সাইকেল চুরির খবর পাওয়া যাচ্ছে। চুরি হওয়া এসব গাড়ি খাগড়াছড়ি, বান্দরবান, চকরিয়া ও মহেশখালীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।