ভাড়াটের গতিবিধি সন্দেহজনক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ভেবেই বাড়ি ভাড়া দিয়েছেন। কিন্তু ভাড়া নেওয়ার পর ভাড়াটের গতিবিধি বা আচরণ কিছুটা অন্য রকম মনে হচ্ছে আপনার কাছে। বাড়িভাড়া ঠিক তারিখমতো দেয় না। বেশ কয়েক দিন ধরে বাইরের লোকজনের আনাগোনাও যেন বেড়ে গেছে। ঠিকমতো কথাবার্তাও বলে না। এ রকম অবস্থায় কী করতে পারেন আপনি?

 ভাড়াটে সম্পর্কে পরিপূর্ণ তথ্য রাখুন

 বর্তমানে প্রতিটি ভাড়াটের পূর্ণাঙ্গ তথ্য রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই তথ্য দেওয়া বাধ্যতামূলক। ভাড়াটে সম্পর্কে কোনো রকম সন্দেহ হলে তাঁদের তথ্য পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজনে প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভাড়াটের তথ্য জানিয়ে রাখুন। তাঁরা কোনো জঙ্গিগোষ্ঠী বা অন্য কোনো বেআইনি সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুনির্দিষ্টভাবে তথ্যপ্রমাণসহ উপস্থাপন করুন। তথ্যপ্রমাণ বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।

মনে রাখতে হবে শুধু সন্দেহ হলেই কিংবা ভাড়াটে পছন্দ হচ্ছে না—এ অজুহাতে কাউকে হয়রানি করা অন্যায়। এর জন্য আইনের চোখে আপনি অপরাধীও হতে পারেন। যদি ভাড়াটে আপনাকে কোনো কারণে হুমকি-ধামকি দেন, আপনাকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে চেষ্টা করেন, তাহলে আপনি কাছের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাখতে পারেন।

আইনানুগ উচ্ছেদ

ভাড়াটের সঙ্গে যদি ভাড়া-সংক্রান্ত কোনো চুক্তি থাকে তাহলে তাঁকে ইচ্ছামতো বাড়ি থেকে উচ্ছেদ করা যায় না। চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ করে থাকলে ভাড়াটেকে হঠাৎ করে তুলে দেওয়াও যাবে না। চুক্তিপত্রের অবর্তমানে যদি কোনো ভাড়াটে প্রতি মাসের ভাড়া পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করেন, অথবা ঘরভাড়া নিয়ন্ত্রকের কাছে জমা করতে থাকেন, তাহলেও ভাড়াটেকে উচ্ছেদ করা যায় না। এটাই আইনের সাধারণ নিয়ম। তবে ভাড়াটে যদি সত্যিকারের উৎপাত বা ক্ষতিকর কাজে লিপ্ত থাকেন কিংবা কোনো জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ মেলে, তবে আইন অনুযায়ী তাঁকে উচ্ছেদ করা যাবে।

বাড়িভাড়া আইনের আওতায় যেসব কারণে ভাড়াটে তুলে দেওয়া যায়

১. ভাড়ার সময়সীমা নির্ধারিত থাকলে।

২. মালিকের অনুমতি ছাড়া বাড়ির নকশা পরিবর্তন করলে, ভাড়াটে-স্বত্ব অন্য লোকের কাছে হস্তান্তর করলে বা সাবলেট দিলে।

৩. মাসিক ভাড়া বাকি পড়লে।

৪. কোনো উৎপাত বা ক্ষতিকর কাজ করলে।

সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারা অনুযায়ী ভাড়াটেকে উচ্ছেদ করা যাবে। বাসাবাড়ি, দোকানঘর, অফিস, গুদাম প্রভৃতি যদি মাসিক ভাড়ায় ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে ১৫ দিনের নোটিশে ভাড়াটেকে তুলে দেওয়া যায়। চুক্তি যদি বার্ষিক ইজারা হিসেবে হয় বা শিল্পকারখানা হয়, তবে ছয় মাসের নোটিশে উচ্ছেদ করা যায়। চুক্তিপত্রের মেয়াদ শেষ হলেও বাড়িওয়ালা যদি ভাড়া নিয়ে থাকেন, তবে ধরে নেওয়া হবে যে বাড়িওয়ালা চুক্তিপত্রটি নবায়ন করেছেন। ভাড়াটেকে যুক্তিসংগত কারণে উচ্ছেদ করতে হলে আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে। এর জন্য ভাড়াটেকে আগে নোটিশ দিতে হবে। তারপর নোটিশ অনুযায়ী ভাড়া বকেয়া থেকে না গেলে আদালতের আশ্রয় নিতে হবে এবং উচ্ছেদের মামলা করতে হবে। এ ছাড়া চুক্তিপত্র অনুযায়ী যদি কোনো শর্ত থাকে যে ভাড়াটেকে আগে নোটিশ দিয়ে বাড়ি ছাড়ার কথা বলা যাবে, সে ক্ষেত্রে চুক্তি অনুযায়ী ভাড়াটেকে নোটিশ দেওয়া যাবে। অনেক সময় আলাপ-আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমে ভাড়াটেকে অনুরোধ করা যায়। এ ছাড়া চুক্তিতে সালিস আইন অনুযায়ী যদি বিষয়টি নিষ্পত্তির বিধান থাকে তাহলে এ আইন অনুযায়ী সালিস প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা যায়।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট