ভাড়ায় না পেয়ে মাইক কিনল বান্দরবান বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের মাইক ব্যবসায়ীরা তিন বছর ধরে বিএনপিকে কোনো সভা-সমাবেশের জন্য ভাড়ায় মাইক দিতে রাজি হচ্ছেন না। এতে দলীয় কর্মসূচির প্রচারকাজ করতে গিয়ে বিপাকে পড়েন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত দলের জন্য নিজেরাই কিনে নিলেন দুটি মাইক। মাইক ব্যবসায়ীরা জানান, জেলা শহরে তিনটি মাইকের দোকান রয়েছে। সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও সামাজিক-সাংস্কৃতিক উৎসব-অনুষ্ঠানে তাঁরা সেবা দিয়ে থাকেন। কিন্তু পুলিশের হয়রানি থেকে বাঁচা এবং ব্যবহারের পর বিল না পাওয়ায় তাঁরা দলটিকেমাইক ভাড়া দিতে চান না। সংশিষ্ট সূত্র জানায়, ভাড়ায় মাইক না পাওয়ায় ১১ মার্চ জেলা বিএনপি দুটি মাইক কিনে নিয়েছে। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ওসমান গনি মাইক ভাড়ার বিল শোধ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, থানা থেকে নিষেধ করে দেওয়ায় মাইক ব্যবসায়ীরা বিএনপিকে তিন বছর ধরে মাইক দিতে রাজি হচ্ছে না। তাই বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন সময়ে সভা-সমাবেশে হাতমাইক ব্যবহার করে আসছে। তিনি বলেন, আগামী দিনে আন্দোলন জোরদার হলে সভা-সমাবেশও বেশি হবে। তখন মাইকের ব্যবহার জরুরি হয়ে উঠবে। তাই দলীয়ভাবে মাইক না কিনে উপায় ছিল না বলে তিনি মন্তব্য করেন।বশির সাউন্ড সিস্টেমের মালিক বশির আহমদ জানন, পুলিশ বিএনপিকে মাইক না দেওয়ার জন্য সরাসরি নিষেধ করেনি। তবে তাদের মাইক দিলে পুলিশ তা কেড়ে নিয়ে থানায় আটকে রাখে। সেখান থেকে ছাড়িয়ে আনতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এ ছাড়া, বিএনপির নেতা-কর্মীরা বিল পরিষদেও অনেক ঝামেলা করেন। অনেক সময় বিল পাওয়াও যায় না। মিউজিক টিউনের মালিক মোহাম্মদ হাসেম বলেন, ‘পুলিশ মাইক না দেওয়ার জন্য আমাকে নিষেধ করেনি। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা বিল না দিয়ে ফাও ব্যবহার করতে চান।’ মোহাম্মদ হাসেম বলেন, ‘বড় নেতারা নিশ্চয়ই কর্মীদের হাতে বিল দিয়ে থাকেন। কিন্তু তাঁরা তা আমাদের না দিয়ে অথবা নামমাত্র বিল দিয়ে চলে যান। বিল দাবি করলে অশোভন আচরণ করে থাকেন। ব্যবসায়ীরা এত সব ঝামেলায় জড়াতে চান না।’ জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ওসমান গণি ও শ্রমিক দলের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. কামাল জানান, ব্যবসায়ীদের কাছ থেকে মাইক না পেয়ে বিএনপি ১৪ হাজার ৫০০ টাকায় দলীয়ভাবে দুটি মাইক কিনতে বাধ্য হয়েছে। মাইকগুলো বিএনপির জেলা কার্যালয়ে রাখা হবে। দলীয় প্রয়োজনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এগুলো ব্যবহার করতে পারবে। বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ কোনো দল কিংবা কোনো সংগঠনকে মাইক না দেওয়ার জন্য নিষেধ করেনি। ব্যবসায়ীরা কাকে কী কারণে মাইক দিচ্ছেন না, সেটা একান্ত তাঁদের বিষয়।