ভাড়ায় বই পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চার মাসেই শেষ হয়ে যায় বিবিএর একেকটি সেমিস্টার। এরপর বইগুলো তেমন কোনো কাজে লাগে না। এগুলোর লেখক বিদেশি। প্রকাশকও বিদেশের। তাই দাম অনেক বেশি। অনেক সময় শুধু একটি বিষয়ে নোট করতে একটি বই কিনতে হয়। এভাবে এক সেমিস্টারের জন্য বই কিনতে টাকা লাগে অনেক। তাই প্রতি সেমিস্টারে নূপুর মার্কেট থেকে বই ভাড়া নিই, আবার সেমিস্টার শেষ হলে ফেরত দিয়ে যাই। এতে আমার অনেক টাকা সাশ্রয় হয়।’ কথাগুলো বলছিলেন নূপুর মার্কেটে বই ভাড়া নিতে আসা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিবিএর ছাত্রী ফাতেমা জান্নাত। নগরের স্টেশন রোডের নূপুর মার্কেটে দেখা যায় পুরোনো বই বিক্রি ও ভাড়া দিচ্ছে অনেক দোকান। মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে প্রায় ৩০টি দোকান আছে যেখানে পুরোনো বই বিক্রি ও ভাড়া দেওয়া হয়। নূপুর মার্কেট ছাড়া চকবাজারেও পুরোনো বইয়ের কয়েকটি দোকান আছে। অমর বইঘরের পরিচালক মো. শাহজাহান জানান, ‘এখানে উচ্চমাধ্যমিক, স্নাতক পাস ও সম্মান কোর্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কম্পিউটার সায়েন্স, বিবিএ, এমবিএ, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আইন, মনোবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ইতিহাস, সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভর্তিগাইড, ধর্মীয় বই, গল্প-উপন্যাস-কবিতা, কল্পগল্প, রহস্য গল্প সবই পাওয়া যায়। যদি কোনো বই তাৎক্ষণিকভাবে পাওয়া না যায় সেটি ফরমায়েশ করে আনানোর সুবিধা আছে। বই নেওয়ার সময় বইয়ের মূল্য পুরো পরিশোধ করে বই নিতে হয়। বই ফেরত দিলে পাঠবই নতুন হলে বইয়ের প্রকৃত মূল্যের ৪০ শতাংশ টাকা ভাড়া হিসেবে রাখা হয়। পুরোনো বই হলে ৩০ শতাংশ টাকা ভাড়া হিসেবে রাখা হয়। ইংরেজি মাধ্যমের বইয়ের ক্ষেত্রে ভাড়া ২০ শতাংশ। যেমন একটি নতুন পাঠ্যবইয়ের দাম যদি ৩০০ টাকা হয় তবে বই নেয়ার সময় ৩০০ টাকা পুরো দিতে হবে, বই ফেরত দিলে ১২০ টাকা ভাড়া হিসেবে কেটে ১৮০ টাকা ফেরত দেওয়া হয়। বই ফেরত দেওয়ার সর্বোচ্চ সময় এক বছর তিন মাস। বই নেওয়ার সময় তারিখ, সই ও দোকানের মোহর (সিল) বুঝে নেওয়ার দায়িত্ব ক্রেতার। কারণ অনেক ব্যবসায়ী কম ভাড়ার প্রলোভন দেখিয়ে বই বিক্রি করে পরে ফেরত নিতে চান না। মেডিকেলের বই ভাড়া দেওয়া হয় না কারণ মেডিকেলের পাঠ্যসূচি প্রতি বছর বদলায়। তাই মেডিকেলের বই একেবারে বিক্রি করা হয়। পাঠ্যবইয়ের পাশাপাশি এখানে গল্পের বই বিক্রি ও ভাড়া দেওয়া হয়, এগুলোর ভাড়া কম। সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা, মাসুদ রানা, ওয়েস্টার্ন পুরোনো বইয়ের ভাড়া তিন টাকা, নতুন বইয়ের ভাড়া পাঁচ টাকা। তবে সাময়িকী ও রহস্যপত্রিকা ভাড়া দেওয়া হয় না। কারণ এগুলোর দাম খুব কম। হুমায়ুন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও বাংলাদেশি লেখকদের বই সাধারণত গায়ে লিখিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করা হয়, পাঁচ টাকা অথবা ১০ টাকা ভাড়া হিসেবে রাখা হয়। এখানে বইয়ের দাম নিয়ে দরকষাকষির সুযোগ আছে। বিভিন্ন রচনাসমগ্র, ধর্মীয় বই ও ভারতীয় বইগুলো পাইরেসি হয়ে বাজারে আসে তাই এগুলোর গায়ে ৩০০ টাকা মূল্য লেখা থাকলেও ৭০-৮০ টাকা দিয়েও বিক্রি করা যায়। অমর বইঘর থেকে বই ভাড়া নিতে আসা আইইউবির বিবিএর ছাত্র মুনতাকির ইসলাম, তাওসিফ হোসেন, আশফাকুর রহমান ও জিয়াউদ্দিন চৌধুরী জানান, তাঁরা বিদেশি লেখকের বই পড়েন। বইগুলো বাইরে কোথাও পাওয়া যায় না এবং বইগুলো খুবই দামি। এখানে সব বই এক সঙ্গে পাওয়া যায়। তাঁরা বলেন, ‘পড়েই ফেরত দিতে পারি বলে আমাদের খরচ কম হয়। তবে বইগুলো ফটোকপি করে বাঁধাই করা হয় বলে অনেক সময় পৃষ্ঠা এলোমেলো হয়ে যায়।’সাগর বইঘরের বিক্রেতা মোহাম্মদ শওকত জানালেন তাঁরা সাধারণত ক্রেতার কাছ থেকেই বই সংগ্রহ করেন। নতুন ইংরেজি পাঠ্যবইগুলো ঢাকার নীলক্ষেত ও পুরোনো ও পাইরেসি করা বাংলা বইগুলো ঢাকার বাংলাবাজার থেকে কিনে আনেন। কিছু বই ও সাময়িকী ফেরিওয়ালার কাছ থেকেও সংগ্রহ করেন। বইয়ের দাম সম্পর্কে তিনি বলেন, ‘পুরোনো বই বিক্রি করা হয় দরকষাকষি করে। আমরা বইয়ের গায়ে লেখা মূল্যের অর্ধেক দাম বলি ক্রেতা এর চেয়েও কম মূল্য বলেন। এভাবে দরাদরি করে বই বিক্রি করা হয়। আমরা কেনা দামের চেয়ে একটু বেশি পেলে বই বিক্রি করে দেই। যেমন যদি বইয়ের গায়ে ৫০০ টাকা লেখা থাকে আর সেটি যদি আমাদের ৫০ টাকা দিয়ে কেনা হয় তাহলে ৬০-৭০ টাকা দিয়ে বিক্রি করে দেই।’ বই বিক্রেতারা জানালেন, পাঠ্যসূচি পরিবর্তন হওয়ার কারণে মাঝেমধ্যে তাঁদের ক্ষতির মুখে পড়তে হয়। অমর বইঘরের এক বিক্রেতা জানান, গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি পরিবর্তন হওয়ার কারণে প্রায় এক হাজার ৮০০ কেজি বই কেজি মাপে বিক্রি করে দিতে হয়েছে। এতে প্রায় দেড়-দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। শুধু বইয়ের দোকান নয় ফুটপাতেও পাওয়া যায় বিভিন্ন দুর্লভ বই, নগরের সিডিএ ভবনের পাশে, আগ্রাবাদ কমার্স কলেজ রোড ও নতুন রেলস্টেশনের সামনের ফুটপাতে দেখা যাবে পুরোনো বই সাজিয়ে বসতে। এখানে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটেনিকা-এর খণ্ডিত অংশ থেকে হোমিওপ্যাথ চিকিৎসার বই, শেকসপিয়ারের ইংরেজি ওথেলো ওথেলো থেকে কাসেম বিন আবু বকরের প্রেমের উপন্যাস—সবই পাওয়া যায়। সিডিএ ভবনের পাশের ফুটপাতে দাঁড়িয়ে বই দেখছিলেন সৈকত দে। তিনি জানান ‘এমন কিছু বই আছে যেগুলো ফুটপাত ও পুরোনো বইয়ের দোকান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এ ফুটপাত থেকে হুমায়ুন কবিরের বাংলার কাব্য পাঁচ টাকা দিয়ে কিনেছি। ঢাকার অনেক নামকরা দোকানে খুঁজেও বইটি পাইনি। তাই যখনই সময় পাই পুরোনো বইয়ের দোকানে যাই গুপ্তধন আবিষ্কারের আশায়।